২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার কাছে জামায়াতই মুক্তিযুদ্ধের দল: হাছান

খালেদা জিয়ার কাছে আওয়ামী লীগ নয়, জামায়াতে ইসলামীকেই প্রকৃত মুক্তিযুদ্ধের সপক্ষের দল বলে মনে হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 02:20 PM

Updated : 22 Aug 2022, 02:21 PM

বৃহস্পতিবার শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

‘মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে খালেদার বিরূপ মন্তব্য: স্তম্ভিত দেশবাসী’ শীর্ষক আলোচনা সভার আয়োজক বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

গত সোমবার রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপিপ্রধান খালেদা একাত্তরে মুক্তিযুদ্ধে শহীদের প্রকৃত সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করেন।

মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোট করে সমালোচিত খালেদা জিয়া একাত্তরে আওয়ামী লীগ স্বাধীনতা নয়, ক্ষমতা চেয়েছিল বলে মন্তব্য করেন। 

হাছান মাহমুদ বলেন, “মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা নিয়ে পাকিস্তানি ‘অবস্থান’কে দৃঢ করতেই বিএনপি নেত্রী ‘সচেতনভাবে’ শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

তিনি অবিলম্বে বিএনপি চেয়ারপারসনকে তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, “অন্যথায় খালেদা আগামী ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন না। জনগণ প্রতিরোধ গড়ে তুলতে পারে।”

নির্বাচন কমিশন ‘নিরপেক্ষতা’ দেখাতে গিয়ে পৌর নির্বাচনে বিএনপিকে ‘অনৈতিক সুযোগ দিচ্ছে’ বলেও মন্তব্য করেন সাবেক এ মন্ত্রী।

“পৌর নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির শীর্ষ নেতারা ঔদ্ধত্যপূর্ণ আচরণসহ নানাভাবে আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছেন। ইসি এগুলো দেখে না।”

নির্বাচন কমিশনের ‘অদ্ভূত আচরণবিধি’ নিয়েও প্রশ্ন তোলেন এ আওয়ামী লীগ নেতা। 

আলোচনায় অংশ নিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম খালেদা জিয়াকে ‘সংবিধান লঙ্ঘন’ এর দায়ে অভিযুক্ত করেন।

“সংবিধানে স্পষ্ট লেখা আছে- ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ। এমনকি ট্রাইব্যুনালেও বলা হয়েছে, মুক্তিযুদ্ধকে নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি করা যাবে না। সাংবাদিক বার্গম্যানের দণ্ডের রায়েও তা লেখা আছে।”

‘সংবিধান ও ট্রাইব্যুনাল অবমাননার দায়ে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে’ খালেদা জিয়াকে বিচারের আওতায় আনারও দাবি জানান তিনি।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি এ টি এম শামসুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আখতারুজ্জামান বক্তব্য দেন।