বিকৃতির কারণে সঠিক ইতিহাস জানে না নতুন প্রজন্ম: ইমাম
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা ও জানানোর মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রথম সরকারের মন্ত্রিপরিষদ সচিব এইচ টি ইমাম।
মঙ্গলবার বিকালে বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানের উদ্বোধনীতে তিনি বলেন, “অনেকের কাছে কিছুদিন আগেও অবিশ্বাস্য মনে হওয়া যুদ্ধাপরাধীদের বিচার কাজ চলছে, রায় কার্যকর হচ্ছে।
"এখন প্রয়োজন আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর উদ্যোগ নেওয়া। বিকৃতির কারণে বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে না।”
বঙ্গবন্ধুকে হত্যার পরই মুক্তিযুদ্ধের ইতিহাসকে পাল্টে দেওয়া ও বিকৃতির সূচনা হয়েছিল মন্তব্য করেন বর্তমানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ইমাম।
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘রক্তস্নাত বিজয়’ শীর্ষক চার দিনব্যাপী ওই অনুষ্ঠানমালার যৌথ আয়োজক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ পুলিশ।
এইচ টি ইমাম বলেন, “এই উদ্যানে পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছিল। এখানে মাথা নুইয়ে অস্ত্রসমর্পণের কথা এখনো তারা ভুলতে পারে না।
পরাজয়ের গ্লানির কারণে তারা এখনো বাংলাদেশকে মানতে পারছে না। তাদের মনে এখনো সেই জ্বালা, সেই গাত্রদাহ আছে।”
সাবেক সেনাশাসক জিয়াউর রহমানকে পাকিস্তানের ‘দালাল’ আখ্যায়িত করে এই কারণে তার মধ্যেও পরাজয়ের সেই গ্লানি ছিল বলে মন্তব্য করেন মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক।
তিনি বলেন, “সেটা ভুলার জন্য তিনি এখানে (সোহরাওয়ার্দী উদ্যানে) শিশুপার্ক করেছেন। এখানে শিশুপার্ক করার কোনো প্রয়োজন ছিল না। এর একটিই উদ্দেশ্য ছিল যাতে সেই আত্মসমর্পণের কথা মানুষ ভুলে যায়।”
সোহরাওয়ার্দী উদ্যানে ‘রক্তস্নাত বিজয়’ শীর্ষক আয়োজনে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রদর্শনীতে দর্শনার্থী শিশুরা
বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সর্বকালের সর্বশ্রেষ্ট ‘জনযুদ্ধ’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, “পৃথিবীর বিভিন্ন দেশেই জাতীয় মনুমেন্ট আছে, ওয়াশিংটনে আছে, টোকিও আছে। আমাদের এখানে করার উদ্যোগ ১৯৯৬ সালে নেওয়া হলেও পরবর্তী বিএনপি সরকার বন্ধ করে দিয়েছিল।”
“মুক্তিযুদ্ধ শেখায় সকলের সম্মিলিত প্রচেষ্টাতে সবকিছু সম্ভব, বাংলাদেশের জন্মও তাই। সবকিছুই সম্ভব যদি সেই রকম নেতৃত্ব থাকে।”
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, “যুদ্ধাপরাধ বিচার পরবর্তী সময়ে করণীয় কী হবে, সেটা আমাদের ভাবায়। সত্যিকারের ইতিহাসগুলো ভবিষ্যত প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়াটা এখন জরুরি।”
সোহরাওয়ার্দী উদ্যানে ‘রক্তস্নাত বিজয়’ শীর্ষক আয়োজনে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রদর্শনীতে দর্শনার্থী শিশুরা
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডাকসুর সাবেক সহসভাপতি মাহফুজা খানম, গেরিলা মুক্তিযোদ্ধা মাহবুব জামান, পুলিশের মহাপরিদর্শক এ কে এ শহীদুল হক, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর বক্তব্য দেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘রক্তস্নাত বিজয়’ আয়োজনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা খন্দকার বজলুল হক।
