গাজীপুরে বিএনপিনেতা মান্নানের জামিন
নাশকতার দুই মামলায় ছয় মাসের জামিন পেয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আব্দুল মান্নান।
এম এ মান্নান (ফাইল ছবি)
এর ফলে আব্দুল মান্নানের কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী কে এম মাসুদ রানা।
পাশাপাশি এই দুই মামলায় কেন তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল দিয়েছে আদালত; চার সপ্তাহের মধ্যে বিবাদী রাষ্ট্রপক্ষকে জবাব দিতে হবে।
আদালতে মান্নানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন; তার সঙ্গে ছিলেন কে এম মাসুদ রানা।
মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চলতি বছরের ২ ফেব্রুয়ারি আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। টঙ্গী ও কালিয়াকৈর থানায় দুই মামলায় রোববার আদালত তার জামিন মঞ্জুর করেছে।
“তার বিরুদ্ধে থাকা মোট ১৭টি মামলার মধ্যে ১৫টি মামলায় তিনি এর আগে জামিন পান। বাকি দুটি মামলায়ও জামিন পাওয়ায় তার কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।”
