আমরা ইন্টারনেট নিয়ন্ত্রণ করি না: তথ্যমন্ত্রী
“মির্জা ফখরুল সাহেব এরকম আজগুবি কথা কোথায় পেলেন? উনি আসলে ডিজিটাল অপরাধীদের পক্ষে,” বলেন হাছান মাহমুদ।
সরকার কোনোভাবেই ইন্টারনেট নিয়ন্ত্রণ করে না দাবি করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ইন্টারনেটের সহজলভ্যতার সুযোগ নিয়ে বিএনপি ‘অপপ্রচার ও গুজব’ ছড়াচ্ছে।
সোমবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নবনির্বাচিত কমিটির সঙ্গে পরিচিতি সভা শেষে এ বিষয়ে কথা বলেন তিনি।
সরকার ‘ইন্টারনেট নিয়ন্ত্রণ এবং শাটডাউন করে’ বিরোধী দলকে দমনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, “মির্জা ফখরুল সাহেবকে অনুরোধ জানাব পেছনে ফিরে তাকাতে। উনাদের আমলে দেশে সর্বসাকুল্যে ইন্টারনেট ব্যবহার করত ৫০ লাখ মানুষ। এখন ইন্টারনেট ব্যবহার করে ১৩ কোটি মানুষ।
“২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ স্লোগান দিয়ে আমাদের সরকারই ইন্টারনেটকে সহজলভ্য করেছে, সর্বসাধারণের কাছে পৌঁছে দিয়েছে।”
তথ্যমন্ত্রী বলেন, “আমরা কোনোভাবেই ইন্টারনেট নিয়ন্ত্রণ করি না। বরং এই সহজলভ্যতার সুযোগ গ্রহণ করে বিএনপি তাদের পেইড এজেন্টদের দিয়ে দেশের ভেতর ও বাইরে থেকে দেশ ও সরকারের বিরুদ্ধে বিষোদগার এবং মন্ত্রী থেকে শুরু করে সরকারদলীয় নেতাদের চরিত্রহনন করে, অপপ্রচার চালায়, গুজব ছড়ায়।
“তাদের পেইড এজেন্ট নিয়োগ ইতোমধ্যেই প্রমাণিত, কয়েকজনের অডিও ক্লিপ ফাঁস হয়েছে, যেমন কেউ কেউ আক্ষেপ প্রকাশ করেছে- যে পরিমাণ টাকা দেওয়ার কথা ছিল তা দেয় নাই, সেজন্য সে আপাতত বেশি কিছু করছে না।”
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান বলেন, “এরকম পেইড এজেন্টদের সাথে তারেক রহমান যে নিয়মিত বৈঠক করে, তার ছবিও আমাদের কাছে আছে এবং সরকার ইন্টারনেট সহজলভ্য করার প্রেক্ষিতেই তাদের পক্ষে এ সব করা সম্ভবপর হয়েছে, যেটি কখনো সমীচীন নয়, সেগুলো ডিজিটাল অপরাধ।”
রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘ইন্টারনেট-শাটডাউনসহ সরকারের সব ধরনের নির্যাতনের’ প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলের মিডিয়া সেল।
বিএনপির বিভিন্ন কর্মসচির সময় সভাস্থলের এলাকায় ইন্টারনেট বন্ধ রাখার অভিযোগ তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে বলেন, “গত আট মাসে দেশে ৬ বার ইন্টারনেট শাটডাউন করা হয়েছে। আমাদের প্রশ্ন, পঞ্চমস্থান অধিকারকারী বাংলাদেশেও কি কোনো যুদ্ধ চলছে? যুদ্ধ হলে কাদের বিরুদ্ধে সরকার সেই যুদ্ধ করছে?”
তিনি বলেন, “ইন্টারনেট অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন ‘এক্সেস-নাও’ এর ২০২২ সালের প্রতিবেদন অনুযায়ী ‘ইন্টারনেট শাটডাউন’র সংখ্যার হিসাবে বাংলাদেশ সারা বিশ্বে পঞ্চম স্থান অর্জন করেছে। বাংলাদেশের আগে চারটি দেশ ভারত, ইউক্রেইন, ইরান ও মিয়ানমার।”
এ বিষয়ে তথ্যমন্ত্রীর ভাষ্য, পৃথিবীর অনেক দেশে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মকে সময়ে সময়ে বন্ধ করা হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশে তা ‘কখনো হয়নি’।
“মির্জা ফখরুল সাহেব এরকম আজগুবি কথা কোথায় পেলেন? উনি আসলে ডিজিটাল অপরাধীদের পক্ষে, তাদের যে পেইড এজেন্টরা আছে, তাদের পক্ষে সাফাই গাওয়ার জন্য রোববার সংবাদ সম্মেলন করেছেন।
“প্রকৃতপক্ষে মির্জা ফখরুলের উচিত সরকারকে ধন্যবাদ জানানো। কারণ উনি যে আজকে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ভিডিও কলে উনার মেয়েদের সাথে অস্ট্রেলিয়ায় কথা বলেন, উনাদের চেয়ারম্যানের সাথে ভিডিও কনফারেন্সে মিটিং করেন, এগুলোর সুযোগ শেখ হাসিনার বর্তমান সরকারই করে দিয়েছে, এগুলো আগে ছিল না।”
‘পূর্ণ শক্তি নিয়ে নির্বাচনে আসুক বিএনপি’
তথ্যমন্ত্রী বলেন, “আমরা চাই আগামী নির্বাচনে বিএনপি পূর্ণ শক্তি নিয়ে অংশগ্রহণ করুক। একদিকে মির্জা ফখরুল সাহেব বলছেন নির্বাচনে যাবেন না, আবার বলেন যে, তাদেরকে সরকার নির্বাচন থেকে বিরত রাখতে চাচ্ছে।
“আমরা কাউকে নির্বাচন থেকে বিরত রাখতে চাই না। আমরা চাই সংবিধান মেনে, সংবিধানের আলোকে যে নির্বাচন হবে, বিএনপি সেই নির্বাচনে আসুক।”
হাছান মাহমুদের ধারণা, বিএনপি নির্বাচনে আসতে চায়, কিন্তু তাদের নেতৃত্বের ‘কোনো অদৃশ্য থাবার কারণে’ সিদ্ধান্ত নিতে পারছে না।
“মির্জা ফখরুল সাহেবের বক্তব্যে এটা স্পষ্ট। আমি উনাদেরকে অনুরোধ জানাব, ওই অদৃশ্য থাবা থেকে মুক্ত হয়ে বিএনপি দলটাকে জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্য।”
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, “সচিবালয়ে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সরকারের সঙ্গে জনগণের যোগসূত্র ঘটিয়ে দেওয়ার জন্য আপনারা কাজ করেন। একই সাথে সরকারের কোনো ভুলত্রুটি থাকলে সেগুলোও আপনাদের মাধ্যমে অনেক সময় উঠে আসে।”
বিএসআরএফের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব ও সাধারণ সম্পাদক মাসউদুল হকের নেতৃত্বে সংগঠনের নেতারা তথ্যমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
