১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিবন্ধন ফিরে পেয়ে সিইসির সঙ্গে সাক্ষাতে জাগপা

“আমরা চাই একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন। ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন,” বলেন তাসমিয়া প্রধান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2025, 03:12 PM

Updated : 26 Aug 2026, 12:20 PM

আদালতের আদেশে নিবন্ধন ফিরে পাওয়া জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নেতারা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। 

জাগপার ভারপ্রাপ্ত সভাপতি তাসমিয়া প্রধানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার নির্বাচন ভবনে সিইসি সঙ্গে সাক্ষাৎ করে। 

তাসমিয়া প্রধান পরে সাংবাদিকদের বলেন, "ফ্যাসিবাদী সরকার গত আমলে জাগাপার দলীয় নিবন্ধন বাতিল করে দিয়েছিল। আমরা এর বিরুদ্ধে হাই কোর্টে যাই। শুনানি শেষে হাই কোর্ট আমাদের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ প্রদান করে। এই প্রেক্ষাপটে আসরা সিইসির সঙ্গে দেখা করতে এসেছি।"

ইসিতে আসার কারণ ব্যাখ্যা করে জাগপার ভারপ্রাপ্ত সভাপতি বলেন, "মূল কারণটা হল, কোর্টের ফরমালিটিজ তো হবে, এছাড়া উনাকে জানানো যে, আমরা চাই একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন। ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন, যেই নির্বাচন আমরা গত ১৬ বছর দেখেছি, যে বাইরের হস্তক্ষেপ হয়েছে। সামনের নির্বাচন এরকম হবে না আমরা বিশ্বাস করি৷"

সিইসি এএমএম নাসিরউদ্দিনের নেতৃত্বে আগামীতে যে নির্বাচন হবে, তা সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ এবং ‘ভারতীয় প্রভাবমুক্ত’ হবে বলে আশা প্রকাশ করেন তাসমিয়া প্রধান। 

বৈঠকের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, "আমরা উনার সঙ্গে সাক্ষাত করে অনেক ভালো বোধ করছি। আমরা জানি যে উনি সৎ ব্যক্তি। জানালাম যে আমরা নিবন্ধন ফিরে পেয়েছি। তিনিও বললেন যে সামনের নির্বাচনে সব দলের সহায়তা দরকার। আমরা জানালাম যে সব ধরনের সহাযোগিতা আমাদের জায়গা থেকে করব।"

২০২১ সালের ১ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নিবন্ধন বাতিল করে গেজেট প্রকাশ করে। নিবন্ধন বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে সে বছরই হাই কোর্টে রিট আবেদন করেন দলটির সভাপতি তাসমিয়া প্রধান। বুধবার দলটিকে নিবন্ধন দেওয়ার আদেশ দেয় আদালত।

২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় গণতান্ত্রিক পার্টিকে নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন।

জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিষ্ঠাকালীন সভাপতি শফিউল আলম প্রধান মারা যান ২০১৭ সালের ২১ মে। এরপর ২০১৮ সালের ২২ অক্টোবর মারা যান দলটির সভানেত্রী রেহানা প্রধান। পরে তাদের মেয়ে তাসমিয়া প্রধান ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নেন।

পুরনো খবর

জাগপাকে নিবন্ধন ফিরিয়ে দিতে হাই কোর্টের নির্দেশ