২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ঢাকায় মহাসমাবেশের ঘোষণা বিএনপির

নয় বিভাগীয় শহরে গণসমাবেশের পর ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে দলটি।

এবার ঢাকায় মহাসমাবেশের ঘোষণা বিএনপির

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বুধবার দলের নতুন কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2022, 04:41 PM

Updated : 28 Sep 2022, 04:41 PM

রাজধানীতে গত দেড় মাসে ১৪টি সমাবেশ করার পর এবার মহসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিভাগীয় গণসমাবেশের নতুন কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ৮ অক্টোবর চট্টগ্রাম, ১৫ অক্টোবর ময়মনসিংহ, ২২ অক্টোবর খুলনা, ২৯ অক্টোবর রংপুর, ৫ নভেম্বর বরিশাল, ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহীতে গণসমাবেশ হবে। তারপর ঢাকায় আগামী ১০ ডিসেম্বর মহাসমাবেশ করবে বিএনপি।

এছাড়া ভোলা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে নিহত বিএনপিকর্মীদের স্মরণে আগামী ৬ অক্টোবর সকল মহানগরে এবং ১০ অক্টোবর সকল জেলায় শোক র‌্যালী করবে দলটি।

২৬ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান ফখরুল।

তিনি বলেন, চাল, ডাল, জ্বালানি তেল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধি এবং চলমান আন্দোলনে ভোলায় নুরে আলম, আব্দুর রহিম, নারায়ণগঞ্জে শাওন, মুন্সিগঞ্জে শহিদুল ইসলাম শাওন ও যশোরে আব্দুল আলিম নিহত হওয়ার প্রতিবাদে এই কর্মসূচি হবে।

এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, “এই সব কর্মসূচির মধ্য দিয়ে আমরা জনমত গড়ে তুলতে চাই, জনগণকে সম্পৃক্ত করতে চাই। জনগণের সক্রিয় অংশগ্রহণের ফলে আমরা সরকারের ওপরে প্রচণ্ড গণআন্দোলন সৃষ্টি করে তার ওপর চাপ সৃষ্টি করতে চাই।”

ফখরুল বলেন, “আমরা দেখছি আমাদের কর্মসূচিতে জনম্পৃক্ততা বেড়েছে। আপনারা লক্ষ্য করেছেন যে, আমাদের সমাবেশগুলোতে যেটা ঢাকা শহরে হয়েছে, আগে জেলা-উপজেলায় হয়েছে, সেখানে জনগণের সম্পৃক্ততা অনেকগুণ বেড়েছে। আজকে বাংলাদেশের জনগণের মাঝে একটাই দাবি উপস্থিত হয়েছে যে, দিস গভর্মেন্ট মাস্ট গো।”

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের উদ্যোগে ১০ অগাস্ট থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ১৪টি সমাবেশ করেছে বিএনপি। এছাড়া লালবাগ জোনের সমাবেশটি স্থগিত এবং পল্লবী জোনের সমাবেশটি সংঘর্ষে পণ্ড হয়ে যায়।

আরও খবর:

পুরনো খবর:

সময়ে বন্দুকের নল ‘ঘুরে যেতে পারে’: মির্জা আব্বাস
বিভ্রান্তি ছড়িয়ে সরকার পার পাবে না: রিজভী
টিকে থাকতে বন্দুকের ব্যবহার করছে সরকার: রিজভী
গুলি, জেল আর সহ্য করা হবে না: ফখরুল