সময়ে বন্দুকের নল ‘ঘুরে যেতে পারে’: মির্জা আব্বাস
এই বিএনপি নেতা বলেছেন, “যত কথা বলেন, যত কৌশল নেন… সরকার টিকে থাকবে? সম্ভব না।
সরকার পতনের আন্দোলনে বিএনপি নেতা-কর্মীরা ‘মৃত্যুকে হাতছানি দিয়ে ডাকছে’ মন্তব্য করেছে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন, বন্দুকের নল ‘যে কোনো সময় ঘুরে যেতে পারে’।
মঙ্গলবার বিকালে তেজগাঁওয়ের দলীয় এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের এমন মন্তব্য আসে।
নারায়ণগঞ্জে শাওন প্রধান ও মুন্সিগঞ্জে শহীদুল ইসলাম শাওন পুলিশের গুলিতে নিহত হয়েছেন দাবি করে তিনি বলেন, “বিএনপির কর্মীরা বুক পেতে দিতে শিখেছে, মৃত্যুকে হাতছানি দিয়ে ডাকছে। কোনো সমস্যা নাই। এই সরকারের ক্ষমতা টিকে থাকার কোনো অবস্থা আমি দেখতে পাচ্ছি না।
“আমি বলতে চাই, যত কথা বলেন, যত কৌশল নেন… সরকার টিকে থাকবে? সম্ভব না। অবৈধভাবে সরকার টিকে থাকতে হবে কেন? এত বছর দেশ শাসন করতে হবে কেন? গুলি করার জন্যে? ব্যাংক লুট করার জন্যে?”
আব্বাস বলেন, “যে বন্দুক দিয়ে গুলি করছেন, সেই বন্দুকের গুলি কিন্তু আমার-আপনার ট্যাক্সের পয়সায় কেনা। বন্দুকটাও আমাদের টাকায় কেনা। একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, অতীতের কোনো স্বৈরশাসক এটা বুঝতে পারে নাই।
“বন্দুকের নল ঘুরে যেতে পারে। যখন বুঝতে পারে তখন সময় থাকে না “
বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, “সরকারকে বলছি, সময় সময় বন্দুকের নল ঘুরে যাবে– এটা মনে রাখবেন। এখনও সময় আছে সাবধান হয়ে যান। দেশবাসীর ক্ষমতা দেশবাসীর হাতে দেন। ভোট চুরি করার আবার যত প্রক্রিয়ায়ই অবলম্বন করুন কোনো লাভ হবে না।”
ইভিএমের বিরোধিতায় দলীয় অবস্থান আবারও তুলে ধরে আব্বাস বলেন, “নির্বাচন কমিশন আবার ইভিএম কিনবে? কিসের ইভিএম। আট হাজার কোটি টাকা দিয়ে এই মেশিন কিনে আনবে তারা।
“আমি বলতে চাই, এই ব্যয় হবে অবৈধ। কারণ অবৈধ সরকারের অবৈধ নির্বাচন কমিশনের কোনো টাকা ব্যয় করতে পারে না। আমি এই ইভিএম ক্রয়ের জোর প্রতিবাদ করছি। এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না, হতে দেওয়া হবে না।”
জ্বালানি তেল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সারাদেশে দলের কর্মসূচিতে ‘হামলা’ ও নেতা-কর্মী হত্যার প্রতিবাদে মহানগর উত্তর বিএনপির তেজগাঁও জোনের উদ্যোগে সোনারগাঁও হোটেলের লেকের পাশে এই সমাবেশ হয়।
গত ১০ সেপ্টেম্বর থেকে ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণে মোট ১৬টি জনসভার কর্মসূচির মধ্যে ১৪টি জনসমাবেশ হয়েছে। এছাড়া মীরপুরের পল্লবীর সমাবেশ সংঘর্ষে পণ্ড হয়ে যায়, লালবাগের সমাবেশ স্থগিত করা হয়।
সরকার ‘গোপন তৎপরতা’ চালাচ্ছে মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, “বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর কর্মীদের সমস্ত ঠিকানা তারা (পুলিশ) সংগ্রহ করার চেষ্টা করছে।একটা প্রজ্ঞাপন জারি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তা প্রকাশ পেয়েছে। আমার প্রশ্ন হল, এই নাম-ঠিকানা দিয়ে আপনারা কী করবেন? যদি এদের নাম ঠিকানা সংগ্রহ করে একজনকেও গ্রেপ্তার করা হয়, সারা বাংলাদেশের মানুষকে নিয়ে আমরা রাজপথে নামব।”
মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় এ সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, নাজিম উদ্দিন আলম, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাইফুল আলম নিরব, তাবিথ আউয়াল বক্তব্য দেন।
