আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ কোথায়, ডিএমপির সিদ্ধান্ত শুক্রবার
“যে স্থানেই হোক সমাবেশ ঘিরে যেসব নিরাপত্তা নেওয়া দরকার তা করতে আমরা প্রস্তুত আছি”, বলেন ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার
শনিবার ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপিকে কোথায় সমাবেশ করতে দেওয়া হবে, সেই সিদ্ধান্ত শুক্রবারের আগে জানাবে না ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) খ: মহিদ উদ্দন।
এই দুই দলের একই দিনের সমাবেশ নিয়ে গত কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে যেমন আলোচনা চলছে তেমনি পুলিশের সঙ্গেও দুই দলের চলছে চিঠি চালাচালি।
আওয়ামী লীগ বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এবং বিএনপি নয়া পল্টনে সমাবেশ করার কথা জানিয়েছে চিঠি দিয়েছিল ডিএমপিকে।
সমাবেশের তিন দিন আগে বুধবার দুই দলকে একই ভাষায় চিঠি পাঠিয়ে দুটি করে বিকল্প নাম চায় পুলিশ। তবে দুই দলও প্রায় অভিন্ন ভাষায় জানিয়ে দেয়, তাদের প্রস্তুত শেষ পর্যায়ে, ফলে সমাবেশ ‘অন্য কোথাও সরিয়ে নেওয়া সম্ভব নয়’।
দুই দলের কাছ থেকে চিঠি পাওয়ার পর বৃহস্পতিবার মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নতুন করে আলোচনায় বসেন।
আপনারা কী সিদ্ধান্ত নিলেন?- সন্ধ্যার পর এমন প্রশ্নে মহিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি এখনো বিশ্লেষণের পর্যায়ে রয়েছে।
“দুই বড় দলকে যে চিঠি দেওয়া হয়েছিল তারা তার জবাব দিয়েছে। আমরা এগুলো দেখছি ইতিবাচকভাবে। দেখি কী সিদ্ধান্ত আসে।”
রাস্তায় সমাবেশ করতে দেবেন?- জানতে চাইলে তিনি বলেন, “তারা (দুই দল) বলছে রাস্তায় করবে কিন্তু আমরা এখন তো সিদ্ধান্ত নেইনি। কালকে (শুক্রবার) এ বিষয়ে আপনাদের (সাংবাদিক) বিস্তারিত জানানো হবে।”
আওয়ামী লীগ এবং বিএনপির যে এলাকায় সমাবেশের কথা বলা হচ্ছে সেই এলাকটি পুলিশের মতিঝিল বিভাগের। ওই এলাকার পুলিশের উপ কমিশনার হায়াতুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, এই সমাবেশ ঘিরে তাদের সকল ধরনের নিরাপত্তার প্রস্তুতি নেওয়া হয়েছে।
“যে স্থানেই হোক সমাবেশ ঘিরে যেসব নিরাপত্তা নেওয়া দরকার তা করতে আমরা প্রস্তুত আছি”, বলেন তিনি।
জামায়াতকে জড়ো হলে ‘আইনের সঙ্গে’ থাকবে পুলিশ
বিএনপি ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি দেওয়ার পর জামায়াতও জানায়, জমায়েত তাদেরও হবে এবং জনসভাস্থল হবে মতিঝিলে।
তাদের এই ঘোষণার পর সরকারের পক্ষ থেকে জানানো হয়, বিএনপিকে কোথায় সমাবেশ করতে দেওয়া হবে, সে সিদ্ধান্ত নেবে ডিএমপি। তবে জামায়াতকে অনুমতি দেওয়া হবেই না।
আওয়ামী লীগ ও বিএনপি তাদের জনসভাস্থল নিয়ে অনড় অবস্থানের কথা জানানোর পর জামায়াতও একই অবস্থান নেয়। অজ্ঞাত স্থানে সংবাদ সম্মেলন করে দলের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান শনিবার তাদের নেতা-কর্মীদেরকে মতিঝিলে জড়ো হওয়ার আহ্বান জানান।
জামায়াত যদি অনুমতি ছাড়াই জড়ো হয়, তাহলে পুলিশের অবস্থান কী হবে, এই প্রশ্নে ডিএমপির অতিরিক্ত কমিশনার মহিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে কোনো বিষয়ে আমরা প্রচলিত আইনের সঙ্গে আছি। জননিরাপত্তা, জন শৃঙ্খলা রক্ষা করা আমাদের দায়িত্ব।”
