কাদেরের চোখে তারেক ‘কাপুরুষ’
“বাংলাদেশে রিমোট কন্ট্রোলে আন্দোলন হবে না, হবে না, হবে না,” বলেন ওবায়দুল কাদের।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে বসে দেশে ‘সরকার পতনের’ যে পরিকল্পনা করছেন, সেই ভূমিকার জন্য তাকে ‘কাপুরুষ’ বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, “সৎ সাহস থাকে তো আসুন, লন্ডন থেকে হুংকার ছাড়েন কেন? দেশে আসুন। সৎ সাহস থাকলে এখানে এসে রাজনীতি করুন। আপনি তো কাপুরুষ। কাপুরুষ কেন? ‘রাজনীতি আর করব না’- জরুরি সরকারের কাছে মুচলেকা দিয়ে তিনি লন্ডনে পাড়ি জমিয়েছেন।
“২০০৭ থেকে ১৫-১৬ বছর দেখতে দেখতে শেষ হয়েছে। তিনি আর ফিরে আসলেন না। এখন ফখরুল করছে- তার (তারেক রহমান) রিমোট কন্ট্রোল নেতৃত্বের আন্দোলন। বাংলাদেশে রিমোট কন্ট্রোলে আন্দোলন হবে না, হবে না, হবে না- ইনশাআল্লাহ হবে না।”
মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে বক্তৃতা করছিলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, “লন্ডনে বসে হুংকার দিচ্ছেন, ‘টেক ব্যাক বাংলাদেশ’, কোথায় টেক ব্যাক? আলো থেকে অন্ধকারে? আর যাব না ফিরে। আলো থেকে অন্ধকারে বাংলাদেশ আর ফিরে যাবে না। যারা আমার জননীর সহস্র বুক খালি করেছে, যারা শত শত নারীর কোল খালি করেছে, যারা এই দেশে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত, যারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুরস্কৃত করেছে, পুনর্বাসিত করেছে, হত্যার রায় থেকে দায়মুক্তি দিতে বিবৃতি দিয়েছে, যারা জাতীয় চার নেতাকে হত্যা করেছে, যারা শেখ হাসিনাকে হত্যা করার জন্য বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলা করে আইভী রহমানসহ ২৩টি প্রাণ নিঃশেষ করেছে, তাদের রাজত্বে ফিরে যাব?
“তাদের হাতে বাংলাদেশ তুলে দেব? তাদের হাতে বাংলাদেশ তুলে দিতে হবে? যারা বাংলা ভাই, শায়খ রহমান সৃষ্টি করেছে, যারা জঙ্গিবাদ সৃষ্টি করেছে, যারা সাম্প্রদায়িকতার উত্থান ঘটিয়েছে- আমার এই জন্মভূমিতে, যারা সন্ত্রাস করেছে, যারা বারবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, যারা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছে, এফবিআইয়ে সাক্ষ্য দিয়ে এসেছে, সেই লুটেরাদের- সেই হাওয়া ভবনের লুটপাটকারীদের হাতে বাংলাদেশ আর ফিরে যাবে না।“
বিএনপির উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “আপনাদের সব রঙিন খোয়াব- অচিরেই কর্পূরের মতো উড়ে যাবে। খোয়াব করছেন তো ক্ষমতার, হায়রে ময়ূর সিংহাসন! ময়ূর সিংহাসন আর ফিরে আসবে না। মহারানি ভিক্টোরিয়ার মতন ক্ষমতার মঞ্চে বসবেন- সেইদিন চলে গেছে। ফিরে কি আসবে কোনোদিন? স্বপ্ন তো দেখা যায়, দিনের বেলাও স্বপ্ন দেখা যায়। দিনের বেলা যে স্বপ্ন তাকে কী বলে? ওই দিবাস্বপ্ন দেখতে থাক।”
বিএনপির আন্দোলনের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, “১০ তারিখের (ডিসেম্বর) লাল কার্ড ভুয়া, সরকার পতন ভুয়া, বিএনপির ৫৪ দল ভুয়া, বিএনপির ২৭ দফা ভুয়া, ১০ দফা ভুয়া, ১৪ দফা ভুয়া, অবশেষে পদযাত্রা ভুয়া।
“মানুষের শক্তি যখন কমে আসে, তার মুখের বিষ তখন উগ্র হয়ে যায়; বিএনপি নেতাদের শক্তি কমে আসছে, দম ফুরিয়ে আসছে, দম ফুরিয়ে আসছে বলে লাফালাফি বন্ধ করে নীরব পদযাত্রা, শেষযাত্রা শুরু করেছে। বিএনপির এ যাত্রা দেখে মনে হয়- আমরা কেউ মারা গেলে নীরব একটা শোভাযাত্রা হয়, তাদের এ পদযাত্রা অনেকটা সেরকম নীরব শোভাযাত্রা।”
মির্জা ফখরুলের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, “বিএনপির সরকার পতনের স্বপ্ন ভুয়া, মির্জা ফখরুল ভীষণ গোস্বা হয়ে গেছে। তিনি বলছেন, ‘আপনারা ব্রাহ্মণবাড়িয়ার উপনির্বাচনকে মাগুরার দাদা বানিয়েছেন’। ফখরুল সাহেব, মাগুরা মার্কা নির্বাচন হবে না, মাগুরার দাদাও হবে না, নানাও হবে না।”
নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, "রেডি আছেন? খেলা হবে, ফাইনাল খেলা, আগামী নির্বাচন, জাতীয় নির্বাচন, নৌকা চলছে, চলছে নৌকা ভাসিয়া, নৌকা চলে ভাসিয়া, ভোট দিবেন আসিয়া। তৈয়ার হয়ে যান, অন্ধকারে আর ফিরে যাব না।"
সরকারের উন্নয়নের কথা তুলে ধরে কাদের বলেন, “আমরা পদ্মাসেতু করেছি, আমরা বঙ্গবন্ধু টানেল করেছি, আমরা মেট্রোরেল করছি, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই বছরই উদ্বোধন হবে। নারীদের সম্মান দিয়েছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
“আজকে একজন নারী সুপ্রিম কোর্টের বিচারপতি; এসপি, ডিসি, ওসি-একজন নারী সচিবালয়ের দায়িত্বে, অনেক সচিবালয়তেই, এই সম্মান কি আগে ছিল? নারীদের এই ক্ষমতায়ন কি আগে ছিল?"
