১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

হাজি সেলিম ‘এবার নামবেন রাজপথে’

কারামুক্ত হাজি সেলিম বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গেছেন বড় বহর নিয়ে।

হাজি সেলিম ‘এবার নামবেন রাজপথে’

জামিনে মুক্ত হাজি সেলিম শনিবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2023, 06:59 PM

Updated : 21 Jan 2023, 06:59 PM

আট মাস পর জামিনে মুক্ত হয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম পুরান ঢাকায় তার সংসদীয় আসনের রাজনীতিতে ফের সক্রিয় হচ্ছেন বলে জানিয়েছেন বড় ছেলে সোলায়মান সেলিম।

কারামুক্ত হাজি সেলিম শনিবার দুপুরে ধানমণ্ডি ৩২ নম্বরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি শ্রদ্ধা জানান। ছেলে সোলায়মানও তার সঙ্গে ছিলেন।

সোলায়মান সেলিম বলেন, “আমরা এখান থেকে প্রতিশ্রুতি জানাইতে চাই, আমাদের দীর্ঘদিনের অনুপস্থিতিতে ঢাকা মহানগর দক্ষিণের ঢাকা-৭ আসনে জামায়াত-বিএনপি কার্যক্রম নিয়ে গতিশীল হচ্ছিল। তাদের (বিএনপি-জামায়াত) রুখে দিতে হাজি সেলিম এখন থেকে সশরীরে থাকবে।”

শ্রদ্ধা নিবেদনের সময় বাবা হাজি সেলিমকে পাশে রেখে তিনি বলেন, “সর্বোচ্চ আদালত থেকে যে রায় এসেছে, সেই রায় আমরা চূড়ান্ত শুনানি করে, আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে, দীর্ঘ আট মাস পরে আজকে আমাদের জন্য একটি কালো সময় শেষ হল।

পুরানো খবর:

জামিনে মুক্ত হাজি সেলিম ফুলের মালা গলায় নিয়ে ছাড়লেন হাসপাতাল

পুরানো খবর:

কারাগারে যাওয়ার পরদিনই হাসপাতালে হাজি সেলিম

পুরানো খবর:

দণ্ডিত হাজি সেলিম কারাগারে

“শেখ হাসিনার যে স্বপ্ন, তার বাবা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার যে স্বপ্ন, স্মার্ট বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য (তার বাবা) রাজপথে থাকবে। আন্দোলন, সংগ্রাম পূর্বের মতো ভবিষ্যতেও থাকবে।”

দুর্নীতির মামলায় দশ বছরের দণ্ডপ্রাপ্ত হাজি মোহাম্মদ সেলিম মঙ্গলবার দুপুরে জামিনে মুক্তি পান। তিন দিন পর শনিবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ট্রাক-পিকআপ আর মোটরসাইকেল বহরে কয়েকশ লোকজন নিয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে যান।

আলোচিত এই এমপি এতদিন কারা তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ‘চিকিৎসাধীন’ ছিলেন। সেখান থেকে মঙ্গলবার দুপুরে মুক্তি পান তিনি।

সেসময় হাসপাতালের বাইরে জড়ো হওয়া নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে হাজি সেলিমকে বরণ করে নেন। পরে তিনি গাড়িতে করে হাসপাতাল ছাড়েন।