নির্বাচন নিয়ে কানাডার সঙ্গে ‘আলোচনা’ বিএনপির
“বাংলাদেশের মানবাধিকার, শ্রম আইন, আইনের শাসন ও আগামী নির্বাচন… ইত্যাদি এই বিষয়ে দীর্ঘ আলাপ হয়েছে,” ঢাকায় কানাডার দূতের সঙ্গে বৈঠক শেষে বলেন আমির খসরু।
নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ঢাকার কানাডার হাই কমিশনার লিলি নিকোলস।
ওই বৈঠকে নির্বাচনসহ নানা বিষয়ে ‘দীর্ঘ আলোচনা’ হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার চেয়ে বিএনপি সরকার পতনের আন্দোলনের ‘এক দফা’ কর্মসূচি ঘোষণা করার পরদিন এই বৈঠক হল।
কানাডীয় হাই কমিশনারের পতাকাবাহী গাড়ি বৃহস্পতিবার বেলা ১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করে। সেখানে দুই পক্ষে বৈঠক হয় সোয়া এক ঘণ্টা।
বৈঠকে কানাডার হাই কমিশনের রাজনৈতিক শাখার প্রধান ব্রাডলি কোটসও ছিলেন। বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বৈঠকের পর আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের মানবাধিকার, শ্রম আইন, আইনের শাসন ও আগামী নির্বাচন.. ইত্যাদি এই বিষয়ে দীর্ঘ আলাপ হয়েছে।
“এসব বিষয়ে অবশ্যই তাদের কনসার্ন আছে। তারা জানতে চায় আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্য কী করা দরকার। বর্তমানে পরিবেশ কী সেটা তারা (কানাডা) জানে। তারপরও তারা জানতে চায় আমাদের কাছ থেকে।”
বিএনপি কী বলেছে, তা জানিয়ে আমির খসরু বলেন, “আমরা স্বাভাবিকভাবে বলেছি যে, বাংলাদেশে বর্তমান যে পরিবেশ, গণতান্ত্রিক অর্ডার নাই, লেভেল প্লেয়িং ফিল্ড নাই, বাক স্বাধীনতা নাই, গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ… সব কিছু মিলিয়ে বাংলাদেশে বর্তমানে এই রেজিমের অধীনে কোনো নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার সুযোগ নেই।”
আলোচনার বিস্তারিত জানানো সম্ভব নয় মন্তব্য করে বিএনপি নেতা বলেন, “তবে ন্যাচারেলি যুক্তরাষ্ট্রসহ আরও অন্যান্য গণতান্ত্রিক দেশ বাংলাদেশকে পর্যবেক্ষণ করছে, কানাডাও বাংলাদেশকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে… এতটুকু বলা যায়।”
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচন বর্জন করে আন্দোলনে যায়। সে সময়ও যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা বাংলাদেশে তৎপর ছিলেন।
২০১৮ সালের দশম সংসদ নির্বাচনে বিএনপি যোগ দেওয়ার ঘোষণা দেওয়ার পর পশ্চিমাদের তৎপরতা দৃশ্যমান ছিল না। তবে বিএনপি পুরনো দাবিতে ফিরে গিয়ে আন্দোলনের ঘোষণা দেওয়ার ঘটনায় আবার সেই তৎপরতা দেখা যাচ্ছে।
কানাডার বিষয়ে আমির খসরু বলেন, “কানাডা দেশ হিসেবে ‘মিডল পাওয়ার’। নীতি নৈতিকতার দিক থেকে তারা কিন্তু বিশ্বখ্যাত। মানবাধিকার, আইনের শাসন, ভোটাধিকার এসব বিষয় নিয়ে তাদের যথেষ্ট আগ্রহ আছে এবং তাদের নৈতিকতা অনেক উঁচুতে।
“বাংলাদেশের আগামী নির্বাচন, মানবাধিকার, আইনের শাসন… স্বাভাবিকভা্বে তাদের (কানাডার) একটা কনসার্ন আছে এবং আগামী নির্বাচন আরো বড় কনসার্ন।
“আগামী নির্বাচন নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হচ্ছে কিনা… অন্যান্য দেশের মত পশ্চিমা গণতান্ত্রিক দেশের মত কানাডারও এই কনসার্নটা আছে। জনগণ ভোটাধিকার প্রয়োগ করে তাদের সংসদ ও সরকার নির্বাচন করতে পারবে না এবং মানবাধিকার ইস্যুসহ শ্রম আইন ইত্যাদি নিয়ে তাদের (কানাডার) একটা বড় জিজ্ঞাসা আছে।”
