২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভুলনীতি ও দুর্নীতিতে’ বড় সংকটে বিদ্যুৎখাত: সিপিবি

দাম কমানোর পাশাপাশি যে প্রক্রিয়ায় তা বাড়ানো হচ্ছে সেটি বন্ধের দাবিও জানানো হয়েছে বিবৃতিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2023, 12:46 AM

Updated : 02 Mar 2023, 05:58 PM

বিদ্যুতের দাম বাড়িয়ে ‘সরকারের ভুলনীতি ও দুর্নীতির দায়’ সাধারণ জনগণের ওপর চাপানো হচ্ছে বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বুধবার দলটির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে বিদ্যুতের দাম কমানোর পাশাপাশি যে প্রক্রিয়ায় তা বাড়ানো হচ্ছে সেটি বন্ধের দাবিও জানিয়েছেন।

বিদ্যুতের দাম বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় মন্তব্য করে বিবৃতিতে তারা অভিযোগ করেন, “ভুলনীতি ও কমিশন ভোগীদের সুযোগ দিতে বিদ্যুৎখাতে বড় আর্থিক সংকট তৈরি হয়েছে।”

কেন্দ্রীয় কমিটির সদস্য লুনা নূরের স্বাক্ষরিত বিবৃতিতে বিদ্যুতের দাম বাড়ানো বন্ধের পাশাপাশি যে নির্বাহী আদেশে দাম বাড়ানো হচ্ছে, সেই প্রক্রিয়ার বন্ধের দাবিও জানানো হয়েছে।

একই সঙ্গে বিবৃতিতে বিদ্যুৎখাতের সব চুক্তি পর্যালোচনা, রেন্টাল ও কুইক রেন্টালসহ ‘অপ্রয়োজনীয় কেন্দ্র’ বাতিলের দাবি করা হয়েছে।

সিপিবি আরও বলেছে, দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা রোধ করে এ খাতে ৩০ হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। কিন্তু সরকার সেই বোঝা জনগণের কাঁধে চাপাচ্ছে এবং এর ভুক্তভোগী হবেন দরিদ্র গ্রাহক, কৃষি ও ক্ষুদ্র শিল্পসহ সাধারণ মানুষ।

এতে আরও অভিযোগ করা হয়, সরকার ভুলনীতি, দুর্নীতি, অব্যবস্থাপনা ও অপচয়ের তথ্য গোপন করে উৎপাদন খরচ বৃদ্ধির অজুহাতে বিদ্যুতের দাম বাড়াচ্ছে।

ভুলনীতি ও দুর্নীতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিচারের দাবিও তোলা হয়েছে বিবৃতিতে।