২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতকে অনুমতি না দিলেও বায়তুল মোকাররমে পুলিশের কড়া নিরাপত্তা

জামায়াত মিছিল বের করবে- এমন খবর এসেছিল পুলিশের কাছে।

জামায়াতকে অনুমতি না দিলেও বায়তুল মোকাররমে পুলিশের কড়া নিরাপত্তা

বায়তুল মোকাররমের উত্তর ফটকে পুলিশের তৎপরতা। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2023, 06:00 PM

Updated : 11 Feb 2023, 06:00 PM

বিএনপির ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার দিন ঢাকার বায়তুল মোকাররম এলাকায় কড়া নিরাপত্তার আয়োজন দেখা গেল পুলিশের।

শনিবার দুপুরের আগে সেখানে মোতায়েন হল জলকামান, আনা হয় প্রিজন ভ্যানও। কয়েক প্লাটুন পুলিশের সতর্ক অবস্থান দেখা যায় যায় বায়তুল মোকাররম এবং আশেপাশের এলাকায়।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, জামায়াতে ইসলামী বিকাল ৩টায় সেখান থেকে মিছিল বের করার পরিকল্পনা করেছিল বলে তাদের কাছে খবর ছিল।

জামায়াত মিছিলের অনুমতি চেয়ে গত বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশে আবেদনও জমা দিয়েছিল। তবে তাদের অনুমতি দেয়নি পুলিশ, যদিও নিরাপত্তা বাড়িয়েছিল।

সরকার হটানোর আন্দোলনে তৃণমূলের মানুষকে সম্পৃক্ত করার লক্ষ্যে শনিবার সারাদেশে ইউনিয়ন পর্যায়ে ‘পদযাত্রা’ করে বিএনপি।

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এদিন গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম-পিপলস পার্টি, বাম গণতান্ত্রিক ঐক্য রাজধানীর বিভিন্ন স্থানে একই কর্মসূচি পালন করে।

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকার কথা জামায়াত ২০ দলীয় জোট বিলোপ করে দেওয়ার আগে জানালেও তাদের সক্রিয়তা দেখা যাচ্ছে না।

বিএনপি তাদের সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত নেয়, এই কারণ দেখিয়ে গত ২৪ ও ৩০ ডিসেম্বরের পর আর কোনো কর্মসূচি দেয়নি জামায়াতে ইসলামী। গত ৪ ফেব্রুয়ারি বিভাগীয় শহরগুলোতে বিএনপি ও সমমনাদের সমাবেশের দিনও হাত গুটিয়ে থাকে দলটি।

পুরনো খবর:

অভিমানে দূরে জামায়াত, নেই যুগপৎ আন্দোলনে

এক সপ্তাহ পর বিএনপির এই কর্মসূচির দিন জামায়াতের মিছিলের ঘোষণা যে যুগপৎ কর্মসূচি নয়, তা দুই দিন আগেই স্পষ্ট করে দলটি।

ডিএমপির কাছে মিছিলের অনুমতি চেয়ে আবেদন করে এসে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে তাদের যে দাবি জানানো হয়, তাতে বিএনপির দাবির সঙ্গে মিল নেই।

সেদিন পুলিশের কাছে আবেদনে তারা বলেছিল, “পাঠ্যপুস্তকে বিভিন্ন অনৈসলামিক বিষয় সংযোজন, ইসলামকে হেয় প্রতিপন্ন করা, মুসলিম শাসকদেরকে দস্যু হিসেবে প্রতিপন্ন করা, ইসলামের মৌলিক বিষয়কে হেয় করা, বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী শাখা।”

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াতকে শনিবার মিছিলের অনুমতি তারা দেননি।

সেক্ষেত্রে বায়তুল মোকাররমে পুলিশের অবস্থান নিয়ে জানতে চাইলে মতিঝিল থানার ওসি মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জামায়াতে ইসলামী মিছিল বের করবে- এমন খবর আমাদের কাছে ছিল।

“তারা বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল বের করার বিষয় শোনা গেলেও আমাদের ওই এলাকা ছাড়াও আশেপাশের এলাকায় সকল ধরনের প্রস্তুতি ছিল।”

বিকাল ৫টা পর্যন্ত জামায়াত কোনো মিছিল বের করেনি বা বের করার কোনো প্রস্তুতি লক্ষ্য করা যায়নি বলে জানান পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া।

তিনি বলেন, “জামায়াতে ইসলামীর আইনবহির্ভূত যে কোনো কর্মকাণ্ড রোধে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।”