নির্দলীয় সরকারের আন্দোলনে বাংলাদেশ জাসদও
ইনু নেতৃত্বাধীন জাসদ আওয়ামী লীগের জোটে থাকলেও বাংলাদেশ জাসদ যোগ দিলো সরকারবিরোধী আন্দোলনে।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ)।
দলটির সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান শনিবার গণতন্ত্র মঞ্চের সঙ্গে এক বৈঠকের পর এই ঘোষণা দেন।
হাসানুল হক ইনু নেতৃত্বাধীন জাসদ থেকে বেরিয়ে শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধানের নেতৃত্বে কয়েক বছর আগে বাংলাদেশ জাসদ গঠিত হয়।
ইনু নেতৃত্বাধীন জাসদ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলে থাকলেও বাংলাদেশ জাসদ সম্প্রতি ওই জোট ছাড়ার ঘোষণা দেয়।
নাজমুল বলেন, “বাংলাদেশ জাসদ দলীয় সরকারের অধীনে ২০১৮ সালের মতো কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। বরং দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রতিহত করতে সক্রিয়ভাবে আমরা মাঠে থাকব।
“এই সরকারের সীমাহীন লুটপাট-অর্থপাচারের ফলে জনগণের যে নাভিঃশ্বাস উঠেছে, তার বিরুদ্ধে জনগণের মধ্যে ঐক্য ও আন্দোলন গড়ে তুলতে আমরা সক্রিয় ভুমিকা পালন করব।”
তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের ভবনের সভাকক্ষে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক করে জাসদ। সকাল ১১টা থেকে দেড় ঘণ্টা এই বৈঠক চলে।
বৈঠকে গণতন্ত্র মঞ্চের নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জেএসডির কার্যনির্বাহী সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ুম ছিলেন।
বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন, করিম সিকদার ও মনজুর আহমেদও বৈঠকে অংশ নেন।
জোনায়েদ সাকি সাংবাদিকদের বলেন, “দেশের বর্তমান যে পরিস্থিতি, জনজীবনের যে সংকট বিরাজমান সে বিষয়ে করণীয় ঠিক করতে আমরা আজ বাংলাদেশ জাসদের সাথে মতবিনিময় করেছি। আমরা দেশের একটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়ে কথা বলেছি।
“বাংলাদেশ জাসদ আমাদের সঙ্গে একমত হয়েছেন, ২০১৮ সালের মতো আর কোনো নির্বাচন যাতে না হয় সে বিষয়ে তারা সক্রিয় ভুমিকা রাখবেন। ক্রমাগত লুণ্ঠন, অর্থপাচারের মাধ্যমে বর্তমান সরকার জনগণের জীবনকে যে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে তার বিরুদ্ধে এরকম বিভিন্ন ইস্যুতে জনগণের মধ্যে ঐক্য ও আন্দোলন গড়ে তুলতে গণতন্ত্র মঞ্চ ও বাংলাদেশ জাসদ সক্রিয় ভুমিকা পালন করবে।”
এ বছরের ৮ অগাস্ট জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণঅধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন-এই সাতটি দল নিয়ে আত্মপ্রকাশ করে গণতন্ত্র মঞ্চ। তারা আওয়ামী লীগের পদত্যাগ দাবি করে আসছে।
