২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ সময়ে ত্বকের যত্নে যেসব উপাদান থাকবে অগ্রাধিকারে

হায়ালুরনিক অ্যাসিড, ভিটামিন সি এবং সেরামাইডস হতে পারে শরতে ত্বক পরিচর্যার কার্যকর উপাদান।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2025, 04:20 PM

Updated : 26 Aug 2026, 02:25 PM

এখন আবহাওয়াতে চলছে বদলের ধারা। আর্দ্রতার পরিমাণ হঠাৎ কমছে আবার বাড়ছে, বাতাস কখন শুষ্ক আবার কখন ভেজা।

তাই এ সময়ে ত্বক সজীব রাখতে প্রয়োজন রুটিনে কিছু বিশেষ উপাদান যুক্ত করা।

ত্বক বিশেষজ্ঞরা বলছেন, কয়েকটি কার্যকর উপাদান সঠিকভাবে ব্যবহার করলে আবহাওয়ার বদলেও ত্বকের উজ্জ্বলতা কেড়ে নিতে পারবে না।

হায়ালুরোনিক অ্যাসিড: ত্বকে আর্দ্রতা ফিরিয়ে আনে

যুক্তরাষ্ট্রের ত্বক বিশেষজ্ঞ ডা. ক্রিস্টিনা চুং ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “হায়ালুরোনিক অ্যাসিডের মূল শক্তি হল পানি ধরে রাখার ক্ষমতা। ঠাণ্ডা ও শুষ্ক দিনে এই উপাদান ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।”

এই উপাদান ত্বককে শুধু ‘ময়েশ্চারাইজ’ করে না, বরং ত্বকের ভেতর থেকে টানটান ভাব এনে দেয়।

সকালে মুখ পরিষ্কার করে হালকা ভেজা অবস্থায় হায়ালুরোনিক অ্যাসিড ব্যবহার করলে ত্বক সারাদিন আর্দ্র থাকে।

ভিটামিন সি: উজ্জ্বলতা ও সুরক্ষায় কার্যকর

ভিটামিন সি শুধু ত্বক উজ্জ্বল করে না বরং পরিবর্তিত বা ঠাণ্ডা মৌসুমে পরিবেশের ক্ষতিকর প্রভাব থেকেও রক্ষা করে।

যুক্তরাষ্ট্রের আরেক ত্বক বিশেষজ্ঞ ডা. হোপ মিশেল বলেন, “ভিটামিন সি ত্বককে উজ্জ্বল করে এবং পরিবেশের দূষণ ও সূর্যালোকজনিত ক্ষতি থেকে সুরক্ষা দেয়।”

তিনি পরামর্শ দেন, “সকালে মুখ পরিষ্কারের পর ও হায়ালুরোনিক অ্যাসিড ব্যবহারের পর ভিটামিন সি সেরাম লাগানো যেতে পারে। এটি ত্বকের কালচে-ভাব দূর করে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে।”

নিয়াসিনামাইড: দাগ, লালচে-ভাব ও রংয়ের তারতম্যে কার্যকর

নিয়াসিনামাইড ত্বকের জন্য এক ‘অলরাউন্ডার’ উপাদান।

ডা. চুং বলেন, “নিয়াসিনামাইড’য়ে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহনাশক গুণ, যা ত্বকের রং সমান রাখতে এবং দাগ হালকা করতে সাহায্য করে।”

ডা. মিশেল মন্তব্য করেন, “ভিটামিন সি ব্যবহারের পর নিয়াসিনামাইড ব্যবহার করলে এটি ত্বকের লালচে-ভাব কমায় এবং ‘হাইপারপিগমেন্টেইশন’ বা দাগ হালকা করে।”

অন্যদিকে ত্বক বিশেষজ্ঞ ডা. হ্যানসন বলেন, “নিয়াসিনামাইড’ রোসেসিয়া (ত্বকের লালচে ভাব) আক্রান্তদের জন্যও উপকারী। এটি ময়েশ্চারাইজার বা সানস্ক্রিনের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে লালচে-ভাব কমাতে সাহায্য করে।”

রেটিনল: ত্বকের কোষ নবায়নে সহায়ক

রেটিনল ত্বকের কোষ পুনর্জন্মে সাহায্য করে এবং বয়সের ছাপ হ্রাসে কার্যকর ভূমিকা রাখে।

ডা. মিশেল বলেন, “রাতের রুটিনে মুখ পরিষ্কার করে রেটিনল ব্যবহার করা ভালো। তবে এরপর অবশ্যই সেরামাইডসমৃদ্ধ ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে, কারণ রেটিনল কিছুটা ত্বক শুষ্ক করে দিতে পারে।”

যাদের ত্বক সংবেদনশীল বা শুষ্ক, তারা সপ্তাহে একবার ব্যবহার দিয়ে শুরু করতে পারেন। ত্বক সহনশীল হলে ধীরে ধীরে ব্যবহারের সংখ্যা বাড়ানো যায়।

সেরামাইডস: ত্বকের সুরক্ষা দেয়াল মজবুত করে

টেক্সাসের ত্বক-বিশেষজ্ঞ ডা. মিরিয়াম হ্যানসন বলেন, “সেরামাইডস’ ত্বকের প্রাকৃতিক সুরক্ষা স্তরকে শক্তিশালী করে। এটি ত্বককে শুষ্ক ও কুঁচকে যাওয়া থেকে রক্ষা করে এবং কোমলতা বজায় রাখে।”

দিনে ও রাতে ময়েশ্চারাইজার হিসেবে সেরামাইডসযুক্ত ক্রিম ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা ধরে রাখা যায়।

এছাড়া তিনি মনে করিয়ে দেন, “সকালের ত্বক-পরিচর্যার শেষ ধাপ সবসময় হওয়া উচিত সানস্ক্রিন। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত- কোনোকালেই এটি বাদ দেওয়া চলবে না।”

যেসব উপাদান একসঙ্গে ব্যবহার করা উচিত নয়

ত্বক বিশেষজ্ঞরা সতর্ক করে পরামর্শ দেন- ‘নিয়াসিনামাইডস’কে একসঙ্গে এএইচএ বা বিএইচএ অ্যাসিডের সঙ্গে মেশানো ঠিক নয়, কারণ এতে ত্বকে জ্বালাভাব হতে পারে।

একইভাবে রেটিনল এবং ‘এক্সফোলিয়েটিং অ্যাসিড’ একসঙ্গে ব্যবহার না করাই ভালো।

ডা. মিশেল পরামর্শ দেন, “রেটিনল রাতের রুটিনে ব্যবহার করা উচিত। আর ভিটামিন সি থাকতে পারে সকালে। একসঙ্গে ব্যবহার করলে সংবেদনশীল ত্বকে জ্বালাভাব তৈরি হতে পারে।”

ঠাণ্ডা মৌসুমে ত্বক-পরিচর্যার রুটিনে অতিরিক্ত টিপস

শীতের হালকা-ভাব এখনই পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞরা মতে- শরৎ ও শীতকালে খুব শক্তিশালী ক্লিনজার ব্যবহার না করাই ভালো।

মৃদু ও ময়েশ্চারাইজিং ক্লিনজার ত্বকের প্রাকৃতিক তেল বজায় রাখতে সাহায্য করে।

এছাড়াও ঘরে হিউমিডিফায়ার ব্যবহার করা যেতে পারে, যাতে ঘরের বাতাসে আর্দ্রতা বজায় থাকে এবং ত্বক অতিরিক্ত শুষ্ক না হয়।

আরও পড়ুন

ত্বকের যত্নে ভাইরাল সব টিপস কি ভালো?

‘স্কিনিমালিজম’: ত্বকের যত্ন কম কিন্তু কার্যকারিতা বেশি

ত্বকের যত্নে অক্সিজেন: সত্যিই কি কাজ করে?

বয়স বাড়ার সাথে ত্বকের যত্ন