Published : 14 Aug 2025, 06:23 PM
প্রথম কয়েক মাসের সম্পর্ক অনেক সময় রঙিন স্বপ্নের মতো লাগে। তবে যখন দীর্ঘমেয়াদি সম্পর্কে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, তখন অনেক গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে যা হয়তো আগে খেয়ালই করা হয়নি।
যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও পরিচালক ডেবোরা কার, মনোবিজ্ঞানী ও লেখক জেরেমি নিকলসন এবং যুক্তরাষ্ট্রভিত্তিক দম্পতি ও পরিবার মনোবিজ্ঞান বিশেষজ্ঞ জন ডাফি মনে করেন, সম্পর্কের শুরুতেই কিছু মূল প্রশ্ন করা উচিত।
যাতে ভবিষ্যতে ভুল বোঝাবুঝি, মানসিক চাপ বা ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি এড়ানো যায়।
ভালোবাসা নাকি একাকিত্ব কাটানোর চেষ্টা?
সিএনএন ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে ডেবোরা কার বলেন, “অনেক সময় মানুষ ভালোবাসার জন্য নয়, বরং একাকিত্ব দূর করার জন্য সম্পর্কে জড়ায়। তবে এটি দীর্ঘমেয়াদি সম্পর্কের জন্য যথেষ্ট কারণ নয়।”
তিনি বলেন, “নিজেকে প্রশ্ন করুন— কেন এই সম্পর্কে আছেন? এটি কি জীবনে সুখ যোগ করছে, নাকি কেবল শূন্যতা পূরণ করছে?”
জন ডাফি মনে করেন, “শুধু আকর্ষণ বা মোহ নয়, আবেগগতভাবে একে অপরের সঙ্গে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন, তা যাচাই করা জরুরি। যদি মনে হয় সঙ্গীর সঙ্গে সব কিছু খোলাখুলি বলা যায়, কোনো অভিনয় বা মুখোশ পরে থাকতে হয় না, তাহলেই সেটা ইতিবাচক লক্ষণ।"
সম্পর্কের ধরন ও লক্ষ্য
জেরেমি নিকলসন বলেন, “অঙ্গীকার করা সহজ। তবে সঙ্গীটি কি স্বল্পমেয়াদি নাকি দীর্ঘমেয়াদি সম্পর্ক চায়, সেটি জানা জরুরি।”
দীর্ঘমেয়াদি সম্পর্কের সংজ্ঞা সবার কাছে এক রকম নয়। কারও জন্য এটি বিয়ের মাধ্যমে সংসার গঠন, কারও জন্য একসঙ্গে থাকা, আবার কারও জন্য খোলা সম্পর্ক বা ভিন্ন কাঠামো হতে পারে।
তাই আগে থেকেই আলোচনা করা উচিত- একসঙ্গে থাকতে চান কি-না, সন্তান নেওয়ার পরিকল্পনা আছে কি-না, সম্পর্ক একগামী হবে নাকি ভিন্নভাবে চলবে।
আর্থিক সামঞ্জস্য
সম্পর্কে আর্থিক দিক একটি বড় বিষয়।
জন ডাফি সতর্ক করে বলেন, “সঙ্গীর আর্থিক আচরণ, যেমন- অযথা খরচ, অতিরিক্ত কৃপণতা, কিংবা টিপস দিতে অনীহা— ভবিষ্যতের জন্য সতর্ক সংকেত হতে পারে।”
জেরেমি নিকলসন যোগ করেন, “যদি একসঙ্গে থাকা হয় তবে ভাড়া, বিল ও অন্যান্য খরচ কে কীভাবে বহন করবে তা স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে।”
আলাদা অ্যাকাউন্ট থাকবে নাকি যৌথ অ্যাকাউন্ট— এই বিষয়গুলোও আগে থেকে আলোচনা করা জরুরি।
মূল্যবোধ ও চরিত্রের মিল
পরিবারের সদস্যদের সঙ্গে, ভিন্ন লিঙ্গ বা মতের মানুষের সঙ্গে, কিংবা বিরূপ পরিস্থিতিতে সঙ্গী কেমন ব্যবহার করেন— এসব বিষয়ে নজর দেওয়া প্রয়োজন।
যদি কেউ রাগ নিয়ন্ত্রণ করতে না পারেন, তুচ্ছ কারণে রেগে যান বা আক্রমণাত্মক আচরণ করেন তবে সেটি একটি বড় সতর্কবার্তা।
জন ডাফি বলেন, “সুস্থ সম্পর্কের একটি বড় অংশ হল মতবিরোধকে গঠনমূলকভাবে মেনে নেওয়া ও সেখান থেকে একসঙ্গে বেড়ে ওঠা।”
যৌন সামঞ্জস্য
শারীরিক সম্পর্কের ক্ষেত্রে দু’জনের চাহিদা, পছন্দ, সীমাবদ্ধতা ও স্বাস্থ্য বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা জরুরি।
জেরেমি নিকলসন বলেন, “যদি একজনের বিশেষ কোনো চাহিদা থাকে আর সেটা অন্যজন মানতে না পারেন, তবে শুরুতেই সমাধান খোঁজা উচিত। না হলে সম্পর্ক এগোনো কঠিন হবে।”
ডেবোরা কার মনে করিয়ে দেন, “যৌন স্বাস্থ্য, জন্মনিয়ন্ত্রণের দায়িত্ব এবং যৌনবাহিত রোগ সম্পর্কে খোলাখুলি কথা বলা উচিত। যাতে ভবিষ্যতে জটিলতা এড়ানো যায়।”
পরিবার ও সামাজিক পরিমণ্ডল
পরিবার যদি সঙ্গীকে মেনে না নেয়, তাহলে কীভাবে সম্পর্ক রক্ষা করবেন? সঙ্গীর নিজের পরিবারের সঙ্গে সম্পর্ক কেমন— এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়।
জন ডাফি বলেন, “সন্তান নেওয়ার সিদ্ধান্ত, বিশেষ করে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে, সম্পর্কের তিন থেকে ছয় মাসের মধ্যে আলোচনা করা উচিত।”
বিয়ে করার আগে
যদি বিয়ে করার সিদ্ধান্ত হয় তাহলে গৃহস্থালির কাজ ভাগাভাগি, ক্যারিয়ার পরিকল্পনা, স্থান পরিবর্তনের সম্ভাবনা ইত্যাদি বিষয়ও পরিষ্কার করে নেওয়া জরুরি।
জেরেমি নিকলসন বলেন, “সঙ্গী যদি হঠাৎ চাকরি বদলাতে চান বা অন্য শহরে যেতে চান, আপনি কি রাজি থাকবেন? কে ছোট দূরত্বের যাতায়াত করবেন— এমন প্রশ্নও আগে থেকে ঠিক করা উচিত।”
বিয়ের ক্ষেত্রে আর্থিক বিষয় আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
নিকলসন সতর্ক করেন, “বিয়ের পর সঙ্গীর দেনা আপনারও হয়ে যায়।”
অন্যদিকে ডেবোরা কার মনে করিয়ে দেন, “বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের চরিত্র আরও স্পষ্ট হয়ে ওঠে, যা এখন সামান্য বিরক্তিকর মনে হচ্ছে, তা ভবিষ্যতে অনেক বেশি কষ্টদায়ক হতে পারে।”
আরও পড়ুন
বিয়ের আগে উৎকণ্ঠা যেভাবে সামলানো যায়
বিয়ের আগে অতীত শারীরিক সম্পর্কের বিষয়ে কি জানানো উচিত?
বিয়ের আগে জরুরি স্বাস্থ্য পরীক্ষা