০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

বসের ওপর রাগ উঠেছে করবেন এবার কী?

পেশাদরিত্বের সাথে সামলানোর কৌশল জানা থাকতে হবে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2026, 06:34 PM

Updated : 26 Aug 2026, 03:36 PM

সকালে অফিসে ঢুকলেন, কাজ করছেন মন দিয়ে। হঠাৎ বস এমন কিছু বললেন, বা এমন একটা পরিস্থিতি তৈরি হলো, যাতে মাথায় রক্ত উঠে গেল। মনে হল- এখনই বলে দিই, আর পারছি না।

এই অনুভূতি একেবারেই অপরিচিত নয়। কর্মজীবনে এমন পরিস্থিতি কমবেশি সবার জীবনেই আসে।

তবে প্রশ্ন হল, সেই মুহূর্তে কী করবেন?

অফিসে প্রতিটি কথার, প্রতিটি আচরণে পেশাদারী মনোভাব বজার রাখা জরুরি। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভাবতে হবে। আর সেই রাগ কীভাবে সামলাবেন, তার ওপরেই নির্ভর করে পেশাদারিত্ব আর ভবিষ্যৎ ক্যারিয়ার।

 রাগকে শত্রু ভাববেন না, বুঝতে শিখুন

রাগ একটি স্বাভাবিক মানবিক অনুভূতি। এটাকে সম্পূর্ণ দমন করার চেষ্টা করলে ভেতরে ভেতরে ক্ষতি হয়। বরং রাগকে স্বীকার করুন। নিজেকে বলুন, ‘হ্যাঁ, আমি এখন রেগে আছি। এটা ঠিক আছে।’

জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান দিনা বলেন, “ঠিক কোন কথাটা বা কোন ঘটনাটা আপনাকে বিরক্ত করলো, সেই ট্রিগারটা খুঁজে বের করা জরুরি। কারণ সেটা বুঝতে পারলে ভবিষ্যতে একই পরিস্থিতিতে আগে থেকে সতর্ক থাকা সম্ভব হয়।”

রাগ হওয়া দোষের নয়, তবে রাগ সামলানোর ধরনটাই পেশাগত ভাবমূর্তি তৈরি করে।

মাথা গরম থাকতে একটি কথাও না বলা

এটাই সবচেয়ে কঠিন কাজ, অথচ সবচেয়ে জরুরি।

‘হার্ভার্ড বিজনেস রিভিউ এবং ফোর্বস’-এ প্রকাশিত মনোবিজ্ঞানীদের পরামর্শ অনুযায়ী, বসের ওপর রাগ উঠলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে নিজের অনুভূতিকে চিহ্নিত করা এবং ‘শারীরিক নোঙ্গর’ বা ‘ফিজিক্যাল অ্যাঙ্করিং’ ব্যবহারের মাধ্যমে শান্ত থাকা প্রয়োজন।

মনোবিজ্ঞানে ‘ফিজিক্যাল অ্যাঙ্করিং’য়ের মানে হল-  শরীরের কোনো একটি নির্দিষ্ট স্পর্শ বা শারীরিক অঙ্গভঙ্গির সাথে মনের একটি শান্ত, শক্তিশালী বা ইতিবাচক অনুভূতিকে যুক্ত করা।

এছাড়া, রাগের পেছনে বসের মানসিক চাপ বা কারণ বোঝার চেষ্টা করে নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করাই পেশাদার কৌশল।

রাগের মাথায় বলা কথা প্রায়ই এমন কিছু হয়ে যায়, যা পরে আর ফেরানো যায় না। তাই সেই মুহূর্তে চুপ থাকাই শ্রেয়। সম্ভব হলে জায়গা থেকে একটু সরে যেতে হবে। বাইরে হেঁটে আসা যেতে পারে।

একা বসে চোখ বন্ধ করে কয়েকটা গভীর শ্বাস নেওয়াও উপকারী। এই সহজ কাজগুলো মাথাকে অনেকটা ঠাণ্ডা করে দেয়।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক আঞ্চলিক প্রধান ফকির আকতারুল আলম বলছেন, “সরাসরি রেগে প্রতিক্রিয়া দেখানোর বদলে শান্তভাবে ও গঠনমূলকভাবে বিষয়টা মোকাবিলা করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কথাটা বলা সহজ, মাথায় রাগ চাপলে করা কঠিন। তবুও অফিস এটিকেইট আর পেশাদারিত্বের খাতিরে এই অভ্যাস গড়ে তুলতে হবে।”

মন খুলে বলুন, তবে সহকর্মীকে নয়

ভেতরে যা জমে আছে, সেটা কাউকে না বললে মন ভার হয়ে থাকে।

মার্কিন মনোবিজ্ঞানী ড. ট্র্যাভিস ব্র্যাডবেরি ‘ইমোশনাল ইন্টেলিজেন্স ২.০’ বইয়ের সহ-লেখক এবং হার্ভার্ড বিজনেস রিভিউ’য়ে পরামর্শ দেয় যে- তাই বিশ্বাসযোগ্য কোনো বন্ধু বা পরিবারের কাউকে সব খুলে বলুন। মন হালকা হবে, ভাবনাও পরিষ্কার হবে।

তবে একটা বিষয়ে সাবধান থাকা দরকার, যতই কাছের মনে হোক না কেন অফিসের কোনো সহকর্মীকে এই কথাগুলো বলা যাবে না।।

অফিসে সম্পর্ক বদলায়, পরিস্থিতি বদলায়। আজকের বিশ্বস্ত মানুষটি কাল সেই কথা অন্যত্র বলে ফেলতে পারেন। এটাই বাস্তবতা।

ড. ট্যাভিস আরও পরামর্শ দেন- “বসের খারাপ আচরণ বেশিরভাগ সময় আপনার দক্ষতার অভাব নয়, বরং তার নিজস্ব মানসিক চাপ বা অযোগ্যতার বহিঃপ্রকাশ। তাই বস আপনার ওপর চিল্লাপাল্লা করলে নিজেকে বলুন, ‘এটি বসের নিজস্ব ম্যানেজমেন্ট স্টাইলের সমস্যা, আমার ব্যক্তিগত ব্যর্থতা নয়।’

এটি ভাবলে ভেতরের মানসিক আঘাত ও রাগ অনেকটাই কমে যায়।

 বসের সঙ্গে কথা বলা, তবে প্রস্তুতি নিয়ে

শান্ত হয়ে গেলে এবার ঠিক করতে হবে, কী করতে চান?

বসের সঙ্গে কথা বলা দরকার মনে হলে সরাসরি উত্তেজিত হয়ে গিয়ে কিছু বলা যাবে না। বরং অ্যাপয়েন্টমেন্ট নিন। একা বসে কথা বলার সময় চান। সেই আলোচনায় যান প্রস্তুতি নিয়ে।

আবেগভরা অভিযোগের কোনো দাম নেই কর্মক্ষেত্রে। কথা বলুন যুক্তি দিয়ে, উদাহরণ দিয়ে। নিজের কথা স্পষ্টভাবে বোঝান, তবে দোষারোপ না করে। সমাধান খুঁজুন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ, বসের কথাও মন দিয়ে শুনুন। তার দিক থেকে বিষয়টা কেমন দেখাচ্ছে, সেটা বোঝার চেষ্টা করুন। কথার মাঝে বারবার বাধা দিলে বা তর্কে জড়িয়ে পড়লে হিতে বিপরীত হয়।

 রাগের মাথায় কিছু বলে ফেললে যা করবেন

কখনও কখনও নিজেদের সামলানো যায় না। মুহূর্তের মধ্যে এমন কিছু বলা হয়, যা বলা উচিত হয়নি।

ডা. দিনা বলেন, “এক্ষেত্রে ছোট হওয়ার ভয় না রেখে সরাসরি দায়িত্ব নিন। বলুন, ‘আমি মাথা ঠাণ্ডা রাখতে পারিনি, দুঃখিত।’ এই ছোট্ট কথাটুকু সম্পর্ক অনেকটা ঠিক করে দিতে পারে।”

এরপর ভাবুন, পরের বার একই পরিস্থিতিতে নিজেকে কীভাবে সামলাবেন। রাগ নিয়ন্ত্রণ শেখা কঠিন, তবে অসম্ভব নয়। এটা অভ্যাসের বিষয়।

সব ব্যাপারে নমনীয় হওয়া জরুরি নয়

একটা কথা মাথায় রাখতে হবে, শান্ত থাকা মানে সব মেনে নেওয়া নয়।

‘হার্ভার্ড বিজনেস রিভিউ’র তথ্যানুসারে- যদি অন্যায় হয়, যদি অনৈতিক কিছু ঘটে, যদি নিজের অধিকার লঙ্ঘিত হয়, তাহলে জোরালোভাবে নিজের মত প্রকাশ করতে হবে। প্রয়োজনে আইনি পথে যাওয়া যেতে পারে।

রাগটাকে সঠিক জায়গায়, সঠিক সময়ে, সঠিকভাবে প্রকাশ করতে পারাই হল পরিপক্ব মানুষের চিহ্ন।

বসের সঙ্গে ঝামেলা করে ইস্তফা দেওয়া সহজ। তবে সেই সিদ্ধান্ত অন্যান্য চাকরিতেও পেশাদারিত্বের দুর্বলতা হিসেবে সামনে আসতে পারে।

ধৈর্য আর বুদ্ধিমত্তা দিয়ে বিষয়টা সামলাতে পারলে হয়ত, বসের সঙ্গে সম্পর্কটাই আরও ভালো হয়ে যাবে। সেটাই হবে সত্যিকারের জয়।

আরও পড়ুন

রাগ হওয়ার যত কারণ

রাগ নিয়ন্ত্রণের কার্যকর কৌশল

ঘরের কাজ নিয়ে সঙ্গীর সঙ্গে রাগ নয়

রাগান্বিত বোধ করলে কিছু খাবার এড়ানো উচিত