গোসলঘরে রাখা যাবে আর্দ্রতা-প্রিয় গাছ
অল্প যত্নেই টিকে থাকা এসব গাছ বাথরুমে দেবে প্রকৃতির ছোঁয়া।
দিনের শুরু বা শেষে গোসলের সময়টুকু কমাতে পারে মানসিক চাপ। তাই গোসলঘর যদি আরও আরামদায়ক, সতেজ ও প্রাণবন্ত করে তোলা গেলে ‘স্পা’র আমেজ পাওয়া সম্ভব।
গোসলঘর মানে স্বাভাবিকভাবেই আর্দ্র পরিবেশ। এই আর্দ্রতা কিছু গাছের জন্য যথার্থ। ঠিকঠাক গাছ বেছে নিতে পারলে বাথরুম সহজেই হয়ে উঠতে পারে ছোট এক সবুজ স্পা।
তবে চিন্তার বিষয় হল সব গাছ তো সেখানে টেকে না। তাই গাছ আনার আগে পরিবেশ বুঝে নেওয়া সবচেয়ে জরুরি।
বিশেষজ্ঞদের অভিজ্ঞতা অনুযায়ী, কিছু নির্দিষ্ট গাছ বাথরুমের আর্দ্রতা ও কম আলোতেও দারুণভাবে বেড়ে ওঠে।
বার্ডস নেস্ট ফার্ন: আর্দ্রতায় বেড়ে ওঠা সবুজ সৌন্দর্য
দক্ষিণ-পূর্ব এশিয়া ও পলিনেশিয়া অঞ্চলের এই ফার্ন ধর্মী গাছটি স্বাভাবিকভাবেই আর্দ্র পরিবেশে অভ্যস্ত।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান দ্য সিল–এর উদ্ভিদ বিশেষজ্ঞ এরিন রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “গোসলঘরের অতিরিক্ত আর্দ্রতা এই গাছের পাতাকে আরও সতেজ রাখে এবং ধীরে ধীরে আকারে বড় হতে সাহায্য করে।”
আর্দ্রতার কারণে পাতার কিনারা শুকিয়ে বাদামি হয়ে যাওয়ার প্রবণতাও কমে যায়। অনেক বাথরুমেই সূর্যের আলো সরাসরি আসে না, কিন্তু এই গাছ কম আলোতেও মানিয়ে নিতে পারে।
স্ট্যাগহর্ন ফার্ন: দেয়ালে ঝুলে থাকা প্রাকৃতিক শিল্প
এই ফার্নটিও আর্দ্র পরিবেশ খুব পছন্দ করে।
এরিনের মতে, বার্ডস নেস্ট ফার্নের মতোই এটি গোসলকক্ষের বাষ্পময় পরিবেশে ভালো থাকে। তবে সামান্য বেশি আলো দরকার হয়।
প্রাকৃতিক পরিবেশে এই গাছ মাটিতে নয়, গাছের গায়ে জন্মায়। তাই কাঠের ফ্রেমে বা দেয়ালে ঝুলিয়ে রাখলে এটি বাথরুমে আলাদা নান্দনিকতা যোগ করে। যেসব বাথরুমে জানালা আছে, সেখানে এটি বেশ মানানসই।
বোস্টন ফার্ন: ঝুলন্ত সবুজে পুরানো দিনের আবেদন
ভিক্টোরিয়ান যুগে জনপ্রিয় এই ফার্ন এখনও আর্দ্রতা ভালোবাসে। বহু বাড়ির বারান্দায় এই গাছ ঝুলতে দেখা যায়।
গোসলঘরের শাওয়ারের পাশে বা বাথটাবের কাছে রাখলে তা গাছটির জন্য স্বাচ্ছন্দ্যময় হবে। খুব বেশি আলো না পেলেও চলে, তবে অতিরিক্ত ঠাণ্ডা বা গরম বাতাস একেবারেই পছন্দ না এই গাছের।
তাই শীতাতপ নিয়ন্ত্রিত বাতাসের সরাসরি সংস্পর্শ থেকে দূরে রাখাই ভালো।
অ্যালোকেশিয়া: আলো ও আর্দ্রতার ভারসাম্য
চওড়া ও আকর্ষণীয় পাতার জন্য এই গাছ বেশ জনপ্রিয়।
উদ্ভিদ-বিষয়ক মার্কিন প্রতিষ্ঠান গ্রিনারি এনওয়াইসি’র বিশেষজ্ঞদের মতে- উজ্জ্বল কিন্তু সরাসরি নয় এমন আলো ও আর্দ্র পরিবেশ পেলে এই গাছ দ্রুত বেড়ে ওঠে।
বড় জানালাযুক্ত বাথরুমে এটি ভালো থাকে। তবে জানালার খুব কাছে রাখলে পাতায় রোদে পোড়া দাগ পড়তে পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হয়।
পথোস: যত্নে কম, সৌন্দর্যে বেশি
এই গাছ এতটাই সহনশীল যে অনেকেই মজা করে একে অফিস ঘরের গাছ বলে ডাকেন।
বাথরুমের আর্দ্রতা এর জন্য বাধা নয়, আবার কম আলো ও অনিয়মিত পানি পেলেও এটি টিকে যায়।
দ্রুত বেড়ে ওঠা লতানো স্বভাবের কারণে তাকের ওপর বা উঁচু জায়গা থেকে ঝুলিয়ে রাখলে বাথরুমে প্রাকৃতিক জঙ্গলের মতো অনুভূতি তৈরি হয়।
এয়ার প্ল্যান্ট: মাটিহীন আর্দ্রতার বন্ধু
এই গাছগুলো মাটিতে না লাগিয়েও বেঁচে থাকতে পারে। আর্দ্র পরিবেশ এদের জন্য আদর্শ। যেসব বাথরুমে বড় জানালা দিয়ে আলো আসে, সেখানে এই গাছ খুব ভালো থাকে। সপ্তাহে কয়েকবার হালকা পানির ছিটা দিলেই যথেষ্ট।
অ্যালোভেরা: সৌন্দর্যের সঙ্গে উপকারিতা
অ্যালোভেরা অতিরিক্ত আর্দ্রতা না চাইলেও বাথরুমে এর উপস্থিতি উপকারী। এর পাতার ভেতরের জেল ত্বকের জ্বালা কমাতে, হালকা পোড়া সারাতে কাজে লাগে।
জানালার পাশে উজ্জ্বল আলো পেলে এই গাছ ভালো থাকে। গোসলঘরে থাকলে প্রাকৃতিক যত্ন হাতের কাছেই মেলে।
ক্যালাথিয়া: রঙিন পাতায় আভিজাত্য
এই গাছ আর্দ্রতা ভালোবাসে এবং পরোক্ষ আলোতে সুন্দর থাকে। বাথরুমে রং ও আভিজাত্য আনতে চাইলে ক্যালাথিয়া দারুণ পছন্দ।
কম আলোযুক্ত বাথরুমের জন্য এর বিশেষ এই জাত বেশি উপযোগী, যা সহজেই মানিয়ে নেয়।
ক্রোটন পেট্রা: উজ্জ্বল পাতার যত্নবান সঙ্গী
দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ ভারতের এই গাছ উষ্ণ ও আর্দ্র পরিবেশে অভ্যস্ত। তবে আলো, পানি ও তাপমাত্রার ভারসাম্য ঠিক রাখতে হয়। পর্যাপ্ত পরোক্ষ আলো না পেলে পাতার রং ফিকে হয়ে যায়।
জায়গা ও সময় পেলে এই গাছ বেশ লম্বা হয়ে উঠতে পারে।
স্নেক প্ল্যান্ট: অবহেলাতেও টিকে থাকা সবুজ
এই গাছ প্রায় সব পরিবেশেই মানিয়ে নিতে পারে। আর্দ্রতা কম বা বেশি কিছুতেই খুব একটা আপত্তি নেই।
আলো কম হলেও চলে। তবে বেশি পানি দিলে সমস্যা হয়।
সোজা ও শক্ত গঠনের কারণে বাথরুমের কোণে কম জায়গায় রাখলেও এটি মানিয়ে যায় এবং ফেংশুই (চীনের একটি প্রাচীন ধারণা) মতে ইতিবাচক শক্তি আনে।
ইংলিশ আইভি: ঝুলন্ত সবুজে ঘরোয়া আবেশ
মাঝারি থেকে বেশি আর্দ্রতা ও পরোক্ষ আলো এই গাছের পছন্দ। জানালার সামনে ঝুলিয়ে রাখলে যেমন সৌন্দর্য বাড়ায়, তেমনি হালকা গোপনীয়তাও তৈরি করে।
তবে এত উঁচুতে রাখা ঠিক নয়, যাতে পানি দেওয়া কষ্টকর হয়ে পড়ে।
আফ্রিকান ভায়োলেট: ছোট জায়গায় রঙিন প্রাণ
ছোট আকারের হলেও এই ফুলগাছ বেশ সংবেদনশীল। আর্দ্রতা ও নিয়মিত যত্ন পেলে এটি সুন্দর ফুল দেয়। তবে পাতায় পানি পড়লে দাগ পড়ে যায়, তাই সাবধানে পানি দিতে হয়।
সরাসরি রোদ নয়, উজ্জ্বল আলোতেই এটি স্বাচ্ছন্দ্য বোধ করে।
পিস লিলি: শান্তির প্রতীক সবুজ সঙ্গী
উচ্চ আর্দ্রতা, উষ্ণ পরিবেশ ও কম আলো। সবই এই গাছের পছন্দ। সপ্তাহে একবার পানি দিলেই চলে। এর সাদা ফুল গোসলঘরে শান্ত ও পরিশুদ্ধ আবহ তৈরি করে।
তবে মানুষ ও পোষা প্রাণীর জন্য বিষাক্ত হওয়ায় জায়গা নির্বাচন ভেবে নিতে হয়
বাঁশ ও অর্কিড: স্পা অনুভূতির শেষ ছোঁয়া
বাঁশ গাছ আর্দ্রতা ও কম আলো দুটোই সহ্য করতে পারে, তাই স্পার মতো পরিবেশ তৈরিতে এটি জনপ্রিয়। অন্যদিকে অর্কিড একটু যত্ন চায়, তবে উষ্ণ ও আর্দ্র বাথরুমে পরোক্ষ আলো পেলে এর সৌন্দর্য অনন্য হয়ে ওঠে।
সঠিক মাধ্যম ও নিয়মিত পানি পেলেই এই ফুল দীর্ঘদিন টিকে থাকে।
আরও পড়ুন
