ঝুলে যাওয়া বাহু কমাতে পাঁচ মিনিটের খাবার পরিকল্পনা
সঠিক খাবার নির্বাচনে শুধু বাহু নয়, কমবে দেহের সামগ্রিক চর্বির পরিমাণ।
বাহু সুন্দর ও সঠিক আকারে রাখতে শুধু ব্যায়াম করে ঘাম ঝরানোই যথেষ্ট নয়। পাশাপাশি প্রয়োজন সঠিক খাবার নির্বাচন।
কারণ শরীরের চর্বি কমানো এবং পেশিকে সুগঠিত রাখার মূল চাবিকাঠি হল সুষম খাদ্যাভ্যাস।
যুক্তরাষ্ট্রের খাদ্য ও পুষ্টি বিশেষজ্ঞ এবং ব্যক্তিগত প্রশিক্ষক মেরি সাবাত ইটদিসনটদ্যাট ডটকম-এ প্রকাশিত প্রতিবেদনে পরামর্শ দেন, শরীরের কোনো নির্দিষ্ট অংশের চর্বি আলাদাভাবে কমানো যায় না।
তিনি বলেন, “ফ্যাট’ বা চর্বি কমানো হয় পুরো শরীরজুড়ে একসঙ্গে। শরীর নিজেই ঠিক করে কোথা থেকে আগে চর্বি কমবে।”
তবে তিনি আরও যোগ করেন, “চাইলে এমনভাবে খাদ্য পরিকল্পনা করতে পারি যা সামগ্রিকভাবে শরীরের চর্বি কমাতে সাহায্য করবে, আর নিয়মিত অভ্যাসে বাহুসহ শরীরের অন্যান্য অংশ টানটান হয়ে উঠবে।”
গ্রিলড চিকেন সালাদ, সবুজ শাক ও অ্যাভোকাডো
চিকেন সালাদ শুধু সুস্বাদুই নয়, এটি বাহুর বাড়তি মেদ ঝরাতে কার্যকর ভূমিকা রাখে।
মেরি সাবাতের ভাষায়, “মুরগির মাংসের মতো চর্বিহীন প্রোটিন, আঁশসমৃদ্ধ সবুজ শাক আর অ্যাভোকাডোর স্বাস্থ্যকর চর্বি রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখে, ক্ষুধা নিয়ন্ত্রণ করে এবং পেশি ধরে রাখতে সাহায্য করে।”
এই খাবার শরীরকে প্রয়োজনীয় শক্তি যোগায় আবার একই সঙ্গে সঞ্চিত চর্বি শক্তি হিসেবে ব্যবহার করতেও সহায়তা করে।
টক দই, বেরি আর চিয়া সিডস
দিন শুরু করার জন্য বা মাঝেমধ্যে নাস্তা হিসেবে টক দই হতে পারে চমৎকার একটি বিকল্প। এর সঙ্গে যোগ করা যেতে পারে বেরি এবং চিয়া বীজ।
মেরি সাবাত ব্যাখ্যা করেন, “টক দই প্রোটিনে সমৃদ্ধ, এতে আছে প্রোবায়োটিকস যা অন্ত্রের সুস্থতায় সহায়তা করে। বেরি সরবরাহ করে অ্যান্টিঅক্সিডেন্ট ও আঁশ আর চিয়া বীজ দেয় ওমেগা-থ্রিস এবং বাড়তি তৃপ্তি।”
এই সংমিশ্রণ শুধু ক্ষুধা নিয়ন্ত্রণই করে না, বরং শরীরের বিপাকক্রিয়া সচল রাখে। যা চর্বি কমানোর জন্য অত্যন্ত জরুরি।
ওমেগা-থ্রিস সমৃদ্ধ মাছ, ভাপানো ব্রকলি ও শস্যদানা
বাহুর চর্বি কমানোর পাশাপাশি সার্বিক সুস্বাস্থ্যের লক্ষ্যে পৌঁছাতে স্যামন মাছ বা অন্যান্য মাছ হতে পারে আদর্শ খাবার। মানে যে মাছে প্রোটিনের পাশাপাশি রয়েছে ‘ওমেগা-থ্রি ফ্যাটি এসিডস’ এমন মাছ খেতে হবে। যা শরীরের প্রদাহ কমায় এবং চর্বি পোড়াতে সহায়তা করে।
মেরি সাবাত বলেন, “সামন, আঁশসমৃদ্ধ ব্রকলি আর সীমিত পরিমাণ কুইনোয়ার সংমিশ্রণ শরীরকে প্রয়োজনীয় জ্বালানি দেয়, তবে ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয় না।”
কুইনোয়ার এক ধরনের শস্যদানা যা বাংলাদেশে অনেক পরিচিত নয়। তাই এর বিকল্প হিসেবে লাল চাল, ওটস, লাল চিড়া বা অন্যান্য শস্যদানা খাওয়া যায়।
ফলে শরীর অতিরিক্ত চর্বি জমাতে পারে না বরং তা কাজে লাগায় শক্তি হিসেবে।
সবজি দিয়ে লেটুস র্যাপ
যারা অফিস বা বাইরে দ্রুত খাবার খুঁজছেন তাদের জন্য লেটুস র্যাপ হতে পারে একদম উপযুক্ত। এখানে রুটির বদলে ব্যবহার করা হয় লেটুস পাতাকে, যা কার্বোহাইড্রেইটস কমিয়ে দেয়।
মেরি সাবাতের মতে, “মুরগির মাংস সরবরাহ করে চর্বিহীন প্রোটিন, আর লেটুস পাতা কমায় কার্বোহাইড্রেইটস। এর সঙ্গে কাঁচা সবজি যোগ করলে মিলে যায় আঁশ ও স্বাস্থ্যকর চর্বি।”
এটি একদিকে ক্ষুধা নিয়ন্ত্রণ করে আবার অন্যদিকে রক্তের শর্করা বাড়তে দেয় না। যা বাড়তি মেদ ঝরাতে সহায়ক।
প্রোটিন স্মুদি— আমন্ড মিল্ক, পালং শাক, প্রোটিন পাউডার ও চিয়া বীজ
ব্যস্ত জীবনে দ্রুত ও স্বাস্থ্যকর বিকল্প চাইলে প্রোটিন স্মুদি হতে পারে প্রথম পছন্দ। এতে ব্যবহার করা যায়- চিনিহীন আমন্ড মিল্ক, পালং শাক, সামান্য প্রোটিন পাউডার ও চিয়া বীজ।
মেরি সাবাত ব্যাখ্যা করেন, “এই স্মুদিতে থাকে প্রোটিন যা পেশি পুনর্গঠনে সাহায্য করে, পালং শাক সরবরাহ করে ভিটামিন-খনিজ, আর চিয়া সিডস দেয় স্বাস্থ্যকর ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিডস। এটি বহনযোগ্য, ক্ষুধা নিবারণকারী এবং ক্যালরি নিয়ন্ত্রণে রাখে।”
ফলে যারা সারাদিন বাইরে থাকেন বা কাজের চাপে পড়েন তাদের জন্য এটি দারুণ সমাধান।
এই খাবারগুলো যে কারণে কাজ করে
মেরি সাবাত বলেন, “নিয়মিত প্রোটিন, আঁশ ও স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ খাবার খেলে শরীরের বিপাকক্রিয়া সক্রিয় থাকে, ক্ষুধা নিয়ন্ত্রণ হয় এবং ধীরে ধীরে শরীরের অতিরিক্ত চর্বি ঝরে যায়। এর প্রভাব বাহুতেও দেখা যায়। বাহু হয় আরও ছিপছিপে ও পাতলা।”
তিনি আরও বলেন, “মাসের পর মাস এই ধরনের খাবার নিয়মিত খেলে শরীরের সার্বিক চর্বি কমতে শুরু করে, বাহুর ‘ফ্ল্যাব’ (নরম চর্বি বা মেদ, বিশেষ করে যখন সেটা ঝুলে থাকে) অনেকটাই হ্রাস পায়।”
আরও পড়ুন
