২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিদিন দই খেলে শরীরে যে পরিবর্তন আসে

উপকারিতা যেমন রয়েছে, তেমনি কিছু ক্ষেত্রে সতর্কতারও প্রয়োজন আছে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2026, 05:59 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

খাদ্যতালিকায় দই সহজলভ্য ও পুষ্টিকর খাবার। সকালের নাস্তা থেকে শুরু করে হালকা খাবার, এমনকি রান্নার উপাদান হিসেবেও দই ব্যবহার করা হয়।

এটি খাবারের স্বাদ আনে বৈচিত্র্য, তেমনি এর পুষ্টিগুণও বহুমুখী।

মার্কিন পুষ্টিবিদ থেরেসা জেন্টাইল, যিনি যুক্তরাষ্ট্রের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান একাডেমির জাতীয় মুখপাত্র, এবং পুষ্টিবিদ সীমা শাহ ও বেস বার্জারের মতে- নিয়মিত দই খাওয়ার উপকারিতা যেমন রয়েছে, তেমনি কিছু বিষয়ে সচেতন থাকাও জরুরি।

ওজন নিয়ন্ত্রণে দই

প্রতিদিন দই খাওয়া ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।

পুষ্টিবিদ থেরেসা জেন্টাইল ইটদিস নটদ্যাট ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “দইয়ের প্রোটিন শরীরে তৃপ্তি বাড়াতে সাহায্য করে। এতে এমন কিছু হরমোন সক্রিয় হয়, যা দীর্ঘ সময় পেট ভরা অনুভূতি দেয়। ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে।”

এছাড়া দই একটি গাঁজনজাত খাদ্য হওয়ায় এতে উপকারী জীবাণু থাকে, যা অন্ত্রের পরিবেশ উন্নত করতে সাহায্য করে।

গবেষণায় দেখা গেছে, যাদের শরীরের ওজন স্বাভাবিক, তাদের অন্ত্রের জীবাণুর গঠন ভিন্ন হয়। নিয়মিত দই খাওয়ার মাধ্যমে এই ভারসাম্য উন্নত হতে পারে, যা ওজন নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব ফেলে।

ভুল ধরনের দইতে ওজন বৃদ্ধি

তবে সব ধরনের দই সমানভাবে উপকারী নয়।

ভারতীয় বংশদ্ভূত মার্কিন পুষ্টিবিদ সীমা শাহ বলেন, “স্বাদযুক্ত বা অতিরিক্ত চিনি মেশানো দই প্রতিদিন খেলে উল্টো ওজন বাড়তে পারে। এসব দইয়ে অনেক সময় এমন পরিমাণ চিনি থাকে, যা কোমল পানীয়ের সঙ্গেও তুলনীয়।”

তিনি আরও জানান, এসব দইয়ে পর্যাপ্ত প্রোটিন বা স্বাস্থ্যকর চর্বি না থাকায় রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ে এবং পরে হঠাৎ কমে যায়।

এতে ক্ষুধা বাড়ে এবং শরীরে ক্লান্তি অনুভূত হয়। তাই প্রাকৃতিক ও উচ্চ প্রোটিনযুক্ত দই বেছে নেওয়াই বেশি উপকারী।

হজমশক্তি ও অন্ত্রের স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব

দইয়ের বড় উপকারিতা হল- এটি অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটায়।

মার্কিন পুষ্টিবিদ বেস বার্জারের মতে, “দইয়ে থাকা উপকারী জীবাণু হজম প্রক্রিয়াকে উন্নত করে।”

এই জীবাণুগুলো অন্ত্রের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও ভালো।

নিয়মিত দই খেলে হজমজনিত সমস্যা কমে এবং শরীরের পুষ্টি গ্রহণের ক্ষমতাও বাড়ে।

হাড়ের গঠন মজবুত

দই ক্যালসিয়াম ও প্রোটিনের একটি ভালো উৎস, যা হাড়ের গঠন মজবুত রাখতে সহায়ক।

নিয়মিত দই খেলে হাড়ের ঘনত্ব বজায় থাকে এবং বয়সজনিত হাড় ক্ষয়ের ঝুঁকিও কমে।

বিশেষ করে বয়স্কদের জন্য দই উপকারী। কারণ এটি হাড় ভাঙার ঝুঁকি কমাতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত দই খাওয়ার সঙ্গে হাড়ের স্বাস্থ্যের ইতিবাচক সম্পর্ক রয়েছে।

রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক

প্রতিদিন দই খাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ উপকারিতা হল- এটি রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে।

‘জার্নাল অফ হাইপারটেনশন’ সাময়িকীতে প্রকাশিত ‘বস্টন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন’ পরিচালিত গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত দুধজাত খাবার, বিশেষ করে দই গ্রহণ করেন, তাদের মধ্যে উচ্চ রক্তচাপের ঝুঁকি কম থাকে।

দইয়ের পুষ্টিগুণ শরীরের রক্তনালিকে সুস্থ রাখতে সাহায্য করে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে ভাল কাজ করে।

ক্ষতিকর কোলেস্টেরল কমানো

দইয়ের উপকারী জীবাণু শরীরে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতেও সাহায্য করে। বিশেষ করে যাদের দীর্ঘমেয়াদি রোগ রয়েছে, তাদের ক্ষেত্রে নিয়মিত দই খাওয়ার ফলে রক্তের চর্বির মাত্রা নিয়ন্ত্রণে আসতে পারে।

‘জার্নাল অফ ডেইরি সায়েন্সেস’য়ে প্রকাশিত ইরানের ‘তাবরিজ ইউনিভার্সিটি অফ মেডিসিন সায়েন্সেস’য়ের করা গবেষণায় দেখা গেছে- প্রতিদিন দই খেলে শরীরে ক্ষতিকর কোলেস্টেরল কমে এবং সামগ্রিক হৃদ্‌স্বাস্থ্য উন্নত হয়।

কিছু ওষুধের সঙ্গে দইয়ের প্রভাব

যদিও দই পুষ্টিকর, তবুও কিছু ক্ষেত্রে এটি সতর্কতার সঙ্গে খাওয়া প্রয়োজন। বিশেষ করে কিছু ওষুধের সঙ্গে দইয়ের প্রতিক্রিয়া হতে পারে।

“কিছু অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা দুধজাত খাবারের কারণে কমে যেতে পারে। তাই নতুন কোনো ওষুধ শুরু করলে নিয়মিত দই খাওয়ার বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি” মন্তব্য করেন থেরেসা জেন্টাইল।

আরও পড়ুন

অন্ত্র ভালো রাখতে পারে ৪ রকম খাবার

মেজাজ ভালো করতে অন্ত্রের প্রদাহ কমানোর খাবার

অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে কাঠবাদাম