পাকা কমলা কেনা ও সংরক্ষণের সঠিক উপায়
বাজারের সুন্দর দেখতে সব কমলাই যে সমান স্বাদের হবে, তা কিন্তু নয়।
ভালো কমলা বেছে কিনলেই তো আর হল না, সঠিকভাবে সংরক্ষণ করাও গুরুত্বপূর্ণ— যাতে স্বাদ, গন্ধ ও পুষ্টিগুণ বজায় থাকে।
আর কীভাবে ব্যবহার করা হবে সেটার ওপর নির্ভর করবে সংরক্ষণ করার পদ্ধতি।
রিয়েল সিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রভিত্তি পুষ্টিবিদ নিকোল স্টেফানোভ, শেফ নাথান লায়ন ও যুক্তরাষ্ট্রের ‘ইনস্টিটিউট অব কুলিনারি এডুকেশন’-এর শেফ ও প্রশিক্ষক অ্যান জিয়াটা এবং শেফ ও ফুড স্টাইলিস্ট কার্লা কনট্রেরাস কমলা কেনা ও সংরক্ষণের বিষয়ে কিছু মূল্যবান পরামর্শ দিয়েছেন।
যেমন কমলা কিনতে হবে
বাজারে গেলে উজ্জ্বল রংয়ের ও দাগবিহীন কমলাকে ভালো মনে হয়। তবে বিশেষজ্ঞদের মতে শুধু বাহ্যিক সৌন্দর্যের ওপর নির্ভর করা ঠিক নয়। কমলা বেছে নেওয়ার জন্য পাঁচটি মূল বিষয় খেয়াল রাখতে হবে।
উজ্জ্বল ও সতেজ রং
যুক্তরাষ্ট্রভিত্তি পুষ্টিবিদ নিকোল স্টেফানো রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “যে কোনো প্রজাতির পাকা কমলার খোসা হবে পাতলা ও উজ্জ্বল রংয়ের। খোসা থেকে একটি সতেজ, সিট্রাস সুগন্ধ পাওয়া উচিৎ। কিছু পাকা কমলায় হালকা সবুজ আভা থাকতে পারে। তবে বেশিরভাগ অংশ হবে উজ্জ্বল কমলা রংয়ের।
শক্ত ও ভারী
স্টেফানো জানান, ভালো কমলা হাতে নিলে তা হবে শক্ত এবং ভারী। এর মানে ভেতরে প্রচুর রস আছে।
যুক্তরাষ্ট্র-ভিত্তিক শেফ নাথান লায়নের মতে, “হালকা ওজনের কমলা সাধারণত শুষ্ক বা কম রসালো হয়।”
নরম দাগ ও অতিরিক্ত কুঁচকানো এড়িয়ে চলা
লায়ন বলেন, “নরম, দাগযুক্ত, পচনের চিহ্ন বা খোসায় অতিরিক্ত ভাঁজ থাকা কমলা এড়িয়ে চলা উচিত।"
তবে যুক্তরাষ্ট্রের ‘ইন্সটিটিউট অব কালিনারি এডুকেশন’-এর শেফ ও প্রশিক্ষক অ্যান জিয়াটার মতে, “কিছু সবুজ বা বাদামি দাগ থাকা মানেই কমলা খাওয়ার অযোগ্য নয়। অনেক সময় এই অবস্থাতেও ফলটি পুরোপুরি পাকা থাকে।”
সুগন্ধ
পাকা কমলার ডাঁটার অংশে মিষ্টি, সিট্রাস ঘ্রাণ থাকবে।
নাথান লায়ন পরামর্শ দেন, “যদি খোসার কুচি (জেস্ট) ব্যবহার করতে চান, তাহলে জৈব কমলা বেছে নিন। বাজারে কমলা বাছাইয়ের সময় হালকা আঁচড়ে শুঁকে দেখুন। যত বেশি ঘ্রাণ, তত ভালো মানের কমলা।”
কমলা সংরক্ষণের সঠিক উপায়
কতটা পাকা আর কতদিনের মধ্যে খাওয়া হবে, সেসবের ওপর নির্ভর করবে কমলা কোথায় ও কতদিন সংরক্ষণ করা হবে।
সঠিকভাবে সংরক্ষণ করলে কমলা সাধারণত দুই সপ্তাহ বা তারও বেশি সময় ভালো থাকে।
নাথান লায়নের মতে, “স্থানীয় কৃষকের বাজার থেকে কেনা কমলা সাধারণত বেশি দিন ভালো থাকে। কারণ সেগুলো দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসতে হয় না।”
ধোয়ার আগে নয়
অ্যান জিয়াটা পরামর্শ দেন, “কমলা আগে থেকে ধুয়ে রাখবেন না। বাড়তি আর্দ্রতা পচন প্রক্রিয়া দ্রুত করে। খাওয়ার আগে ধোয়া সবচেয়ে ভালো।”
ঘরের তাপমাত্রায়
যদি কেনা কমলা পুরোপুরি পাকা হয় আর এক সপ্তাহের মধ্যে খেয়ে ফেলতে চান, তাহলে রান্নাঘরের ফলের ঝুড়িতে রাখা যেতে পারে।
তবে সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখতে হবে, কারণ তাপে কমলা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।
রেফ্রিজারেইটরে
দীর্ঘ সময় সতেজ রাখতে হলে ফ্রিজে রাখা শ্রেষ্ঠ উপায়।
নাথান লায়ন বলেন, “পাকা কমলা ফ্রিজে প্রায় দুই মাস ভালো থাকে। ফ্রিজের ক্রিসপার ড্রয়ারে আলগাভাবে রাখা উচিত। প্লাস্টিকের ব্যাগে নয়।”
মার্কিন শেফ ও ফুড স্টাইলিস্ট কার্লা কনট্রেরাস সতর্ক করে বলেন, “প্লাস্টিকের ব্যাগ বা সিল করা পাত্রে রাখলে ভেতরে আর্দ্রতা জমে যায়, যা ফলের ক্ষতি করতে পারে। তাই শ্বাস-প্রশ্বাস নিতে পারে এমন জালের ব্যাগে রাখা উত্তম।”
এছাড়া একসঙ্গে অনেকগুলো কমলা রাখলে নিয়মিত দেখে নিতে হবে যেন কোনো একটিতে ফাঙ্গাস না ধরে। কারণ একটি নষ্ট ফল আশপাশের সব ফল নষ্ট করে দিতে পারে।
ফ্রিজারে
যদি মনে হয় সব কমলা সময়মতো খাওয়া সম্ভব হবে না, তবে ফ্রিজারে অর্থাৎ হিমায়িত করে রাখা যেতে পারে। সঠিকভাবে সংরক্ষণ করলে প্রায় এক বছর ভালো থাকে।
অ্যান জিয়াটার মতে, “স্মুদিতে ব্যবহার করার জন্য কমলার খোসা ছাড়িয়ে কোঁয়া আলাদা করে একটি পাতলা স্তরে এয়ারটাইট ফ্রিজার ব্যাগে সংরক্ষণ করা ভালো। তবে গলানোর পর সরাসরি খাওয়ার জন্য কমলা উপযুক্ত নয়, কারণ এর গঠন নরম ও কিছুটা পানসে হয়ে যায়।”
কমলার ব্যবহার
পাকা কমলা দিয়ে তৈরি করা যায় টাটকা জুস, সকালের স্মুদিতে ভিটামিন সি-র যোগান, ককটেলে রং ও ঘ্রাণ বাড়াতে খোসার কুচি, এমনকি কেক বা বিস্কুটের স্বাদ বৃদ্ধিতেও ব্যবহার করা যায়।
শুধু মিষ্টি নয়, নোনতা খাবারেও কমলার ব্যবহার আছে, যেমন- কমলা চিকেন বা সালাদে কমলার টুকরা।
আরও পড়ুন
