Published : 07 Jun 2026, 06:05 PM
প্রাকৃতিক মিষ্টি খাবারের মধ্যে মধুর নাম আসে সবার প্রথমে। চায়ের কাপে, সকালের ওটস, দই কিংবা বিভিন্ন খাবারে মধুর ব্যবহার পরিচিত।
স্বাদের পাশাপাশি স্বাস্থ্যগুণের জন্যও মধু খাওয়া হয়। তবে প্রতিদিন কি মধু খাওয়া উপকারী? নাকি অতিরিক্ত মধু শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে?
কানাডা নিবাসি ভারতীয় বংশদ্ভূত পুষ্টিবিদ কার্লিন রেমেদিওস রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “পরিমিত পরিমাণে মধু প্রতিদিনের খাদ্যতালিকায় রাখা যেতে পারে। তবে এর ব্যবহার সম্পর্কে সচেতন হওয়া জরুরি।”
মধুতে যেসব পুষ্টি উপাদান থাকে
মধুর প্রধান উপাদান হল, প্রাকৃতিক শর্করা। বিশেষ করে ফ্রুক্টোজ ও গ্লুকোজ নামের দুটি সরল শর্করা এতে বেশি থাকে। এই উপাদানগুলো শরীরে দ্রুত শোষিত হয় এবং তাৎক্ষণিক শক্তি জোগাতে সাহায্য করে।
মার্কিন পুষ্টিবিদ লরেন মানাকারের মতে, মধুতে অল্প পরিমাণে বি-শ্রেণির ভিটামিনও থাকে, যা শরীরের শক্তি উৎপাদন, ত্বকের স্বাস্থ্য এবং পরিপাকক্রিয়ার জন্য সহায়ক। এছাড়া এতে পটাসিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো খনিজ উপাদানও সামান্য পরিমাণে পাওয়া যায়।
মধুতে আরও থাকে অল্প পরিমাণে অ্যামিনো অ্যাসিড ও ‘এনজাইম’, যা শরীরের বিভিন্ন জৈবিক কার্যক্রমে ভূমিকা রাখে। বিশেষ করে কিছু এনজাইম মধুর প্রাকৃতিক জীবাণুনাশক বৈশিষ্ট্য তৈরিতে সহায়তা করে।
প্রতিদিন মধু খেলে শক্তি পেতে পারেন
অনেকেই দিনের শুরুতে মধু মিশ্রিত পানি বা চা পান করেন। এর কারণ হল, মধুর দ্রুত শক্তি জোগানোর ক্ষমতা।
মধুর প্রাকৃতিক শর্করা খুব দ্রুত রক্তে মিশে যায়। ফলে শরীর দ্রুত শক্তি পায় এবং ক্লান্তি কিছুটা কম অনুভূত হতে পারে।
“যারা ব্যস্ত জীবনযাপন করেন বা শারীরিক পরিশ্রম বেশি করেন, তাদের জন্য অল্প পরিমাণ মধু শক্তির সহজ উৎস হতে পারে”, মন্তব্য করেন কার্লিন।
তবে এই বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, মধু একা কোনো পূর্ণাঙ্গ শক্তির উৎস নয়। দীর্ঘস্থায়ী শক্তির জন্য সুষম খাদ্যের প্রয়োজন রয়েছে।
প্রদাহ কমাতে সহায়ক হতে পারে
শরীরে দীর্ঘমেয়াদি প্রদাহ, নানান দীর্ঘস্থায়ী রোগের কারণ হিসেবে বিবেচনা করা হয়।
কার্লিন রেমেদিওস বলেন, “মধুতে কিছু উদ্ভিজ্জ যৌগ রয়েছে, যেগুলোর অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহবিরোধী বৈশিষ্ট্য আছে।”
এসব যৌগ শরীরের ক্ষতিকর মুক্ত মৌলগুলোর প্রভাব কমাতে সাহায্য করতে পারে। ফলে কোষের ক্ষতি কিছুটা কম হতে পারে।
তবে মধু সাধারণত অল্প পরিমাণে খাওয়া হয়। তাই ফলমূল ও শাকসবজির মতো এটি অ্যান্টিঅক্সিডেন্টের বড় উৎস নয়। বরং অতিরিক্ত প্রক্রিয়াজাত মিষ্টি খাবারের পরিবর্তে মধু ব্যবহার করা স্বাস্থ্যকর।
পরিপাকতন্ত্রের জন্য উপকারী হতে পারে
অন্ত্রের উপকারী জীবাণুগুলোর জন্য সহায়ক পরিবেশ তৈরি করতে পারে মধু।
লরেন মানাকার বলেন, “মধুতে এমন কিছু উপাদান রয়েছে, যা উপকারী ব্যাকটেরিয়ার খাদ্য হিসেবে কাজ করে। ফলে অন্ত্রের জীবাণুর ভারসাম্য বজায় রাখতে এটি সহায়ক হতে পারে।”
বিশেষ করে দইয়ের সঙ্গে মধু খাওয়ার বিষয়টি নিয়ে গবেষণায় ইতিবাচক ফল পাওয়া গেছে। দেখা গেছে, মধু দইয়ের উপকারী জীবাণুগুলোকে আরও কার্যকরভাবে টিকে থাকতে সাহায্য করতে পারে।
মিষ্টি খাওয়ার আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণে ভূমিকা
অনেকের মিষ্টিজাতীয় খাবারের প্রতি তীব্র আকর্ষণ থাকে। আবার সম্পূর্ণভাবে মিষ্টি বাদ দেওয়ার চেষ্টা অনেক সময় উল্টো অতিরিক্ত খাওয়ার প্রবণতা তৈরি করে।
কার্লিন রেমেদিওসের মতে, “অল্প পরিমাণ মধু এই আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। দই, ফল, ওটস বা সম্পূর্ণ শস্যের রুটির সঙ্গে মধু যোগ করলে খাবারের স্বাদ বাড়ে এবং মিষ্টি খাওয়ার চাহিদাও কিছুটা পূরণ হয়।”
অতিরিক্ত মধু খাওয়ার ঝুঁকি
মধু প্রাকৃতিক হলেও এটি শর্করাযুক্ত খাবার। তাই বেশি খেলে সমস্যা হতে পারে।
লরেন মানাকার বলেন, “অতিরিক্ত মধু খেলে শরীরে অতিরিক্ত ক্যালোরি প্রবেশ করে, যা ওজন বৃদ্ধির কারণ হতে পারে। একই সঙ্গে রক্তে শর্করার মাত্রাও দ্রুত বাড়তে পারে।”
বিশেষ করে যাদের ডায়াবেটিস বা ডায়াবেটিস হওয়ার ঝুঁকি রয়েছে, তাদের মধু খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। কারণ প্রাকৃতিক হলেও, মধুর শর্করা শরীরের ওপর প্রভাব ফেলে।
“তাই মধু সীমিত পরিমাণে খাওয়াই হবে বুদ্ধিমানের কাজ”, বলেন লরেন মানাকার।
প্রতিদিন যতটুকু মধু খাওয়া নিরাপদ
এই বিশেষজ্ঞদের মতে, অধিকাংশ সুস্থ মানুষের জন্য প্রতিদিন এক থেকে দুই চা-চামচ মধু যথেষ্ট।
এর বেশি খাওয়ার প্রয়োজন সাধারণত নেই। কারণ মধুর স্বাস্থ্যগুণ থাকলেও, এটি মিষ্টি উপাদান।
যাদের দীর্ঘস্থায়ী রোগ রয়েছে, বিশেষ করে ডায়াবেটিস, তাদের নিয়মিত মধু খাওয়ার আগে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া উচিত।
মধু খাওয়ার স্বাস্থ্যকর উপায়
মধু একা খাওয়ার পরিবর্তে অন্য পুষ্টিকর খাবারের সঙ্গে খেলে বেশি উপকার পাওয়া যেতে পারে।
এই পুষ্টিবিদদের পরামর্শ হল- মধুর সঙ্গে প্রোটিন, আঁশ এবং স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার খেলে, দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। আর রক্তে শর্করার ওঠানামাও তুলনামূলক কম হয়।
সাধারণ দইয়ের সঙ্গে মধু ও বাদাম, ওটসের সঙ্গে মধু ও বীজ-ধর্মী খাবার বা সম্পূর্ণ শস্যের রুটির সঙ্গে বাদামের মাখন ও মধু ভালো সমন্বয় হতে পারে।
আরও পড়ুন
কৃত্রিম মিষ্টি না খেলে যে পরিবর্তন আসে