২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রোটিন গ্রহণে যেসব বিষয়ে খেয়াল রাখতে হয়

বেশি প্রাণিজ প্রোটিন গ্রহণ করলে শরীরে বাজে প্রভাব পড়তে পারে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2025, 06:01 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

প্রোটিন শরীরের গুরুত্বপূর্ণ উপাদান। এটি শুধু পেশি গঠনের জন্য নয়, মস্তিষ্কের সুস্থতা বজায় রাখার ক্ষেত্রেও ভূমিকা রাখে।

তাই অনেকেই এখন সচেতনভাবে খাবারে প্রোটিন বাড়ানোর চেষ্টা করছেন।

তবে পার্সোনা হেল্থ’য়ের পুষ্টিবিদ শওকত আরার মতে, “বেশ কিছু সাধারণ ভুল অনেককে কাঙ্ক্ষিত ফল থেকে বঞ্চিত করে।”

আন্দাজে খাওয়া: সংখ্যাটা জানাই হলো না

যদি কেবল আন্দাজে খেয়ে যান, তাহলে সম্ভবত পুরো ফলাফল মিলবে না। অন্তত এক সপ্তাহ প্রোটিনের পরিমাণ লিখে রাখতে হবে। প্রয়োজন হলে পুষ্টির তথ্য অনুসন্ধান করতে হবে।

এই বিশেষজ্ঞের মতে, “এতে অবাক হওয়ার মতো তথ্যও জানা যেতে পারে। যেমন- গ্রিক দইতে সাধারণ দইয়ের তুলনায় দ্বিগুণ প্রোটিন থাকে, আর আধা কাপ কটেজ চিজে থাকে প্রায় ১৪ গ্রাম প্রোটিন।"

তিনি বলেন, “যদি জানেন যে মটরশুঁটি বা মাছ থেকে কতটা প্রোটিন পাওয়া যায়, তবে সহজেই খাবারের পরিকল্পনা করা যাবে।”

তবে যাদের খাদ্যজনিত রোগের ইতিহাস আছে বা দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যা রয়েছে, তাদের অবশ্যই চিকিৎসক বা পুষ্টিবিদের সঙ্গে কথা বলে তারপর প্রোটিন গ্রহণের হিসাব রাখতে হবে।

ব্যায়াম বাদ দিয়ে কেবল প্রোটিন

শুধু প্রোটিন খেলেই হবে না, এর সঙ্গে দরকার শক্তি-চর্চা বা ‘স্ট্রেন্থ ট্রেনিং’।

তিনি বলেন, “শুধু হাঁটা বা সাইকেল চালানোর সাথে সাথে সম্ভব হলে প্ল্যাঙ্ক করা বা ভারোত্তোলন করা যেতে পারে।”

প্রোটিনে অতিরিক্ত মনোযোগ, অন্য পুষ্টি ভুলে যাওয়া

অতিরিক্ত প্রোটিনের দিকে মন দিলে অনেক সময় অন্য জরুরি পুষ্টি বাদ পড়ে যায়।

পুষ্টিবিদ শওকত আরা সতর্ক করেছেন, “শুধু প্রোটিন নয়- রঙিন ফল ও সবজি, স্বাস্থ্যকর চর্বি, আঁশযুক্ত শস্য, ডাল ও ডালধর্মী খাবারও সমান জরুরি।”

শুধু মাংস থেকে প্রোটিন নেওয়াতে ঝুঁকি রয়েছে। তাই প্রোটিনের উৎস বৈচিত্র্যময় করতে হবে।

উদ্ভিদভিত্তিক খাবারের গুরুত্ব কম ধরা

অনেকেই মনে করেন, নিরামিষভোজী বা ভেজান খাবারে পর্যাপ্ত প্রোটিন পাওয়া কঠিন। তবে ডাল, শস্য, সবজি, বাদাম আর বীজ প্রোটিনের চমৎকার উৎস।

"দৈনন্দিন খাদ্যতালিকায় সকালের নাশতায় ওটস, দুপুর ও রাতে ডাল বা মসুর ডালের সঙ্গে শস্য ও সবজি। এর পাশাপাশি স্বাস্থ্যকর নাস্তার জন্য বাদাম, বীজ বা ফল রাখা যায়” বলেন এই পুষ্টিবিদ।

এছাড়া ফল বা সবজির সঙ্গে প্রোটিন যোগ করে খাওয়া যায়। যেমন- আপেলের সঙ্গে বাদামের মাখন, গাজরের সঙ্গে ছোলা, কটেজ চিজের সঙ্গে বেরি বা সেদ্ধ ডিমের সঙ্গে অ্যাভোকাডো।

সয়া অবহেলা করা

সয়াবিন নিয়ে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। সয়াকে ভয় না পেয়ে গ্রহণ করা উচিত। তবে অতিমাত্রায় প্রক্রিয়াজাত সয়া-ভিত্তিক প্রোটিন বার বা কৃত্রিম মাংস বিকল্প থেকে দূরে থাকাতে হবে।

আরও পড়ুন

যেসব খাবার থেকে মিলবে পরিপূর্ণ প্রোটিন

প্রতিদিন প্রোটিন কম গ্রহণ করার লক্ষণ

প্রোটিন নিয়ে যেসব ধারণা দূর করা উচিত

প্রতিদিন যতটুকু প্রোটিন গ্রহণ করা উচিত