Published : 21 Jul 2026, 05:13 PM
রান্না করা বা ফলমূল খাওয়ার আগে, ভালো করে ধুয়ে নেওয়া স্বাস্থ্যকর অভ্যাস।
সাধারণত শাকসবজি বা কাঁচা খাওয়ার ফল ধুয়ে নিলেও, এমন অনেক খাবার রয়েছে যা ‘ধোয়ার প্রয়োজন নেই’ বলে তালিকায় ফেলে রাখা হয়।
বিশেষ করে যে ফলগুলোর খোসা মোটা বা যা ছিলে খাওয়া হয়, সেগুলো ধুয়ে নেওয়ার কথা অনেকেই ভাবেন না।
রিয়েলসিম্পল ডটকম’যে প্রকাশিত প্রতিবেদনে, যুক্তরাষ্ট্রের সানব্রাইট ওয়েলনেসের প্রতিষ্ঠাতা ও নিবন্ধিত পুষ্টিবিদ দানি ডোমিঙ্গুয়েজ এবং খাদ্য বিজ্ঞানী ড. অ্যাবে থিয়েল মন্তব্য করেন, “চাষাবাদ, পরিবহন ও প্যাকেজিংয়ের সময় খাবারে প্রচুর ধুলোবালি ও ক্ষতিকর ব্যাকটেরিয়া জমা হয়। তাই খোসা ফেলে দিলেও কাটার সময় বাইরের ব্যাকটেরিয়া ভেতরের অংশে প্রবেশ করতে পারে।”
খাদ্য সুরক্ষা বিশেষজ্ঞদের মতে, দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত এমন ৮টি খাবার ধুয়ে নেওয়া জরুরি।
তরমুজ ও বাংগি
তরমুজ, তরমুজ ধরনের মেলন বা বাংগির খোসা অত্যন্ত শক্ত ও মোটা হওয়ায় অনেকেই এটি ধুয়ে নেন না।
তবে ড. অ্যাবে থিয়েল সতর্ক করে বলেন, “এদের খসখসে খোসায় প্রাকৃতিকভাবেই প্রচুর ব্যাকটেরিয়া আটকে থাকে। ধুয়ে না নিয়ে সরাসরি কাটলে ছুরির মাধ্যমে বাইরের ব্যাকটেরিয়া ভেতরের নরম অংশে স্থানান্তরিত হয়।”
তাই কাটার আগে একটি ব্রাশ দিয়ে এর খোসা ভালো করে ঘষে ধুয়ে নেওয়া উচিত।
আম
আমের খোসা খাওয়া না হলেও, কাটার আগে তা পানি দিয়ে ধুয়ে নেওয়া আবশ্যক। খোসা একটি প্রাকৃতিক দেয়াল হিসেবে কাজ করলেও এর উপরিভাগে লেগে থাকা ধুলোবালি ও কষ, যা কাটার সময় ভেতরের মিষ্টি অংশে লেগে যেতে পারে।
তাই পেটের সংক্রমণ এড়াতে আম ধুয়ে নেওয়া উপকারী।
আপেল
অনেকেই আপেল খাওয়ার আগে স্রেফ জামাকাপড়ে একটু মুছে মুখে পুরে দেন।
মার্কিন পুষ্টিবিদ অ্যালিসন এলিস একই প্রতিবেদনে বলেন, “এটি অত্যন্ত অনিরাপদ অভ্যাস। আপেলের খোসা ছিলে খেলেও তা প্রথমে ধোয়া উচিত। কারণ পিলারের (খোসা ছাড়ানোর যন্ত্র) মাধ্যমে খোসার ওপর থাকা জীবাণু সরাসরি ভেতরের অংশে ঢুকে পড়ে।”
গাজর
গাজর মাটির নিচে জন্মায় বলে এতে মাটির ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ময়লা লেগে থাকে। এর খোসা পুষ্টিকর ও আঁশ সমৃদ্ধ হওয়ায়, অনেকে খোসাসহ খেতে পছন্দ করেন।
তবে খোসা ছিলে বা না ছিলে যেভাবেই খাওয়া হোক না কেন, শক্ত ব্রাশ দিয়ে গাজর খুব ভালো করে ধুয়ে নেওয়া বাধ্যতামূলক।
কিউই
ইদানীং সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে কিউই ফলের লোমশ খোসাসহ খাওয়ার প্রবণতা বেড়েছে। তবে খোসা ছিলে খাওয়ার ক্ষেত্রেও এর লোমশ উপরিভাগে জমে থাকা ধুলোবালি পরিষ্কার করতে, কাটার আগে ফলটি ধুয়ে নেওয়া দরকার।
অন্যথায় টুকরা করার সময় ভেতরের অংশে ময়লা লেগে যাওয়ার ঝুঁকি থাকে।
চাল
এটি কোনো ফল বা সবজি না হলেও, রান্নার আগে চাল ভালো করে ধুয়ে নেওয়া জরুরি। চাল ধোয়ার উদ্দেশ্য ব্যাকটেরিয়া দূর করা নয়, বরং চালের গায়ে লেগে থাকা অতিরিক্ত ‘স্টার্চ’ বা শ্বেতসার এবং গুদামের ধুলোবালি ধুয়ে ফেলা।
চাল ধুয়ে রান্না করলে ভাত ঝরঝরে ও সুস্বাদু হয়।
অ্যাভোকাডো
অ্যাভোকাডোর খোসা ফেলে দেওয়া হয়, তাই এটি ধোয়ার কথা ভাবাই হয় না।
তবে পুষ্টিবিদ দানি ডোমিঙ্গুয়েজ বলেন, “অ্যাভোকাডো কাটার আগে ধুয়ে না নিলে খোসায় থাকা ক্ষতিকর কীটনাশক বা ব্যাকটেরিয়া ছুরির মাধ্যমে সরাসরি ফলের ভেতরের মাখনের মতো অংশে স্থানান্তরিত হতে পারে। তাই কাটার আগে এটি ধুয়ে শুকিয়ে নেওয়া উচিত।”
কিনোয়া
কিনোয়া বা কেনোয়া রান্নার আগে চালের মতোই ভালো করে ধুয়ে নেওয়া উপকারী। কিনোয়ার দানার ওপর প্রাকৃতিকভাবে ‘স্যাপোনিন’ নামক একটি আবরণ থাকে।
এটি পানি দিয়ে ভালো করে ধুয়ে না ফেললে রান্নার পর কিনোয়া খেতে তেতো বা সাবানের মতো স্বাদযুক্ত লাগতে পারে।
এই পুষ্টিবিদদের পরামর্শ
খাবার ধোয়ার জন্য বাজারের চলতি কোনো রাসায়নিক স্প্রে বা পরিষ্কারক ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। সাধারণ কলের পানির নিচে ১৫ থেকে ২০ সেকেন্ড ধুয়ে নেওয়াই যথেষ্ট।
তবে ধোয়ার পর খাবারগুলো অবশ্যই ভালো করে শুকিয়ে নিতে হবে। ভেজা থাকা অবস্থায় ফ্রিজে রাখলে, দ্রুত পচে যেতে পারে।
আরও পড়ুন