ঘুম আসে না রে…
রাতে ঘুমানোর আগে গরম দুগ্ধজাত-পানীয় পান করা কিংবা গরম পানিতে গোসল করলে ঘুম আসতে সুবিধা হয়। তবে পদ্ধতিগুলো সবার ক্ষেত্রে কাজ নাও করতে পারে।
তাই আরও কিছু উপায় জানিয়েছে লাইফস্টাইলবিষয়ক এক ওয়েবসাইট।
বাম নাক দিয়ে শ্বাস নেওয়া: এই যোগ ব্যায়ামটি রক্তচাপ কমাতে এবং শরীরকে শিথিল করতে উপকারী।
যুক্তরাজ্যের হলিস্টিক স্লিপ থেরাপিস্ট পিটার স্মিথ বলেন, “বাম দিকে কাত হয়ে শুয়ে, এক আঙ্গুল দিয়ে ডান নাক বন্ধ করে নিতে হবে। ধীরে এবং গভীর শ্বাস নিতে হবে।”
পেশি শিথিল করা: শরীরকে ঘুমের জন্য প্রস্তুত করতে পেশি শিথিল করা জরুরি।
যুক্তরাজ্য ও আমেরিকার অস্থিরতাবিষয়ক বিশেষজ্ঞ চার্লস লিনডেন বলেন, “পিঠের ভরে শুয়ে নাক দিয়ে ধীরে গভীর শ্বাস নিন। সেই সঙ্গে দুই পায়ের পাতা ও আঙ্গুলগুলো পায়ের নিচের দিকে ভাঁজ করার চেষ্টা করতে হবে। কিছুক্ষণ চাপ ধরে রেখে ছেড়ে দিতে হবে।”
জোর করে জেগে থাকা: জোর করে জেগে থাকার চেষ্টা করলে আপনার মন প্রতিবাদ করবে, এমনটাই জানান যুক্তরাজ্যের মনোবিজ্ঞানী জুলিয়া হার্স্টের।
ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “দুই চোখ যতটা সম্ভব খোলা রেখে মনে মনে বলতে থাকেন ‘আমি ঘুমাব না’। আপমাদের মস্তিষ্ক নেতিবাচক সিদ্ধান্ত পছন্দ করে না। তাই ওই সিদ্ধান্তকে ঘুমানোর নির্দেশ হিসেবে গ্রহণ করবে। আর ঘুমের চাপ আসলে চোখের পেশিও ক্লান্ত হবে দ্রুত।”
সারাদিনের ঘটনা মনে করা: উল্টা দিক থেকে সারাদিন কী ঘটেছে তা মনে করলে দুশ্চিন্তা কমে।
ইংল্যান্ডের মনোবিজ্ঞানী স্যামি মারগো বলেন, “আলাপচারিতা, দৃশ্য, শব্দ সারাদিন ঘটে যাওয়া ঘটনাগুলোও এসব খুঁটিনাটি বিষয়গুলো মনে করতে থাকেলে ঘুম আসে।”
চোখের মনি ঘোরানো: স্যামি বলেন, “চোখ বন্ধ করে চোখের মনি তিনবার ঘোরালে ঘুম আসে। কারণ ঘুমানো অবস্থা চোখে যা করে তারই প্রতিফলন এটি। তাই চোখের মনি ঘোরালে ঘুমের জন্য দায়ি হরমোন ‘মেলাটনিন’ নির্গত হয়।”
কল্পনা করা: তিন ইন্দ্রিয়ের সমন্বয়ে কল্পনাভিত্তিক ধ্যান করা সবচাইতে উপকারী।
ব্যাখ্যায় স্যামি বলেন, “নিজেকে কল্পনা করুন পছন্দের কোনো স্থানে কিংবা শান্ত পানিতে নৌকায় ঘুরছেন কিংবা ফুলের বাগানে হাঁটছেন। এবার ফুলের সুবাস, ঘাসের পরশ, পায়ের নিচে বালির স্পর্শ ইত্যাদি কল্পনা করার চেষ্টা করতে হবে। শিগগিরই কল্পনায় ভেসে যাবেন। একসময় ঘুমিযে পড়বেন।”
