২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটিতে যা করা ঠিক না

ব্যস্ততার ফাঁকে নিরিবিলি আর নিশ্চিন্ত সময় কাটাতেই ছুটিতে বা নতুন কোনো জায়গায় ঘুরতে যাওয়া হয়। কিন্তু নিজের অজান্তেই করা কিছু ভুলের কারণে ওই সময়টুকু পুরোপুরি উপভোগ করা হয় না।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2016, 05:42 PM

Updated : 20 Aug 2022, 02:19 PM

লাইফস্টাইলবিষয়ক একটি ওয়েবসাইটে ভ্রমণের কিছু ভুল তুলে ধরা হয়। এই ভুলগুলো এড়িয়ে চলা গেলে ছুটির দিনগুলো উপভোগ করা যাবে একশ ভাগ।

সোশাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার: মোবাইল ফোন আর ইন্টারনেটের এই যুগে সবাই সোশাল মিডিয়ায় বেশ নিয়মিত। আর এই ধারায় ছবি তোলা এবং ছবি শেয়ার করার বিষয়টি অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তবে বেড়াতে গিয়ে আশপাশের সৌন্দর্য উপভোগ করার বদলে যদি ছবি তোলা নিয়েই বেশি ব্যস্ত হয়ে পড়েন তাহলে কিছু সুন্দর মুহূর্ত হাতছাড়া হয়ে যেতে পারে। তাই ছুটির দিনগুলোতে ছবি তোলার চেয়ে বরং উপভোগ করার বিষয়ে বেশি সময় দিতে হবে। তাছাড়া ওই দিনগুলো সোশাল মিডিয়া থেকে যতটা সম্ভব দূরে থাকারও চেষ্টা করতে হবে।

ছুটি কাটাতে গিয়ে কাজ: অনেকেই ছুটি কাটাতে গিয়েও অফিসের কাজ নিয়ে বসে যান। অফিসের মেইল চেক করা বা ফোনে কাজ করা নিয়ে ব্যস্ত থাকার অভ্যাস অনেকেরই আছে। তবে এমনটা করতে গিয়ে যে কাজের চাপ থেকে মুক্তি পেতে ছুটি কাটাতে যাওয়া সেই উদ্দেশ্যই পূরণ হয় না। তাই ছুটির কয়টা দিন অফিসকে রাখুন বাতিলের তালিকায়।

অস্বাস্থ্যকর খাবার খাওয়া: বেড়াতে গিয়ে অনেকেই খাবারের বিষয়ে অসাবধান হয়ে যান। স্থানীয় খাবার খাওয়ার পাশাপাশি ভাজাপোড়া খাওয়ার হারও বেড়ে যায় অনেক ক্ষেত্রে। তাই বেড়াতে গিয়ে কী ধরনের খাবার খাচ্ছেন সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। 

পর্যাপ্ত পানি পান না করা: পানি শরীরের জন্য অত্যন্ত জরুরি। পানি এবং পানিজাতীয় খাবার শরীরকে কার্যক্ষম রাখতে সাহায্য করে। ঘুরতে গিয়ে পানি পানের মাত্রা অনেকটাই কমে যায়। তবে শুধু যে পানি পান করাই জরুরি তা কিন্তু নয়, লেবুর শরবত, ফলের রস, সুপ, ডাবের পানি ইত্যাদিও শরীরের জন্য বেশ উপকারী।

অপর্যাপ্ত ঘুম: সুস্থ থাকতে বিশ্রাম অত্যন্ত জরুরি। তবে ঘুরতে গিয়ে অনেকেই যথেষ্ট পরিমাণ ঘুমান না। এতে ক্লান্ত লাগার সম্ভাবনা থাকে। আর ঠিক মতো ঘুম না হলে মস্তিষ্কও দুর্বল হয়ে যায়। তাই ভ্রমণের সময়ও যথেষ্ট বিশ্রাম জরুরি।

হোটেলে বন্দি থাকা: অনেকে আবার ছুটি কাটাতে গিয়ে সারাদিন হোটেলের ঘরে বসেই অলস সময় কাটান। তবে নতুন জায়গায় ঘুরলে এবং নতুন কিছু দেখলে তা মানসিক অবস্থা উন্নয়নে সহায়তা করে। তাই বাইরে শুধু এক জায়গায় না থেকে ঘুরে বেড়ান।

পুরনো খবর:

কাজ পাগলের বিরক্তি ছুটিতে