গোলাপ জামুন বিরিয়ানি
রাইস কুকারে সহজেই তৈরি করা যায়।
রেসিপি দিয়েছেন ফারহিন রহমান।
গোলাপ জামুন তৈরি: চিকেন কিমা আধা কেজি। তন্দুরি মসলা ৪,৫ টেবিল-চামচ। লবণ স্বাদ মতো। মরিচগুঁড়া ১ চা-চামচ বা পছন্দ মতো। কাঁচামরিচ-কুচি ৫,৬টি। পেঁয়াজ ২টি। ধনেপাতা-কুচি পরিমাণ মতো। টমেটো সস ২ টেবিল-চামচ। পেঁয়াজ বেরেস্তা আধা কাপ। লাল খাবার রং পরিমাণ মতো। বেসন ২,৩ টেবিল-চামচ। কর্নফ্লাওয়ার ২,৩ টেবিল-চামচ। ডিম ২টি।
ব্লেন্ডারে সব উপাদান ব্লেন্ড করে নিতে হবে। এরপর মিশ্রণটা গোল গোল করে মিটবলের মতো তৈরি করে ডুবো তেলে হালকা আঁচে ভেজে তুলে রাখতে হবে।
বিরিয়ানি রান্না
উপকরণ: বাসমতি বা পোলাওয়ের চাল ৪ কাপ (ধোয়া এবং পানিতে ভেজানো ২০ মিনিট)। তরল দুধ ১ কাপ। ঘি ২,৩ টেবিল-চামচ। এলাচ ৪,৫টি। দারুচিনি ২টি। তেজপাতা ২টি। লবণ স্বাদ মতো। আদাবাটা আধা টেবিল-চামচ। পেঁয়াজবাটা ২ টেবিল-চামচ। তেল আধা কাপ বা প্রয়োজন মতো। লেবুর রস ১ টেবিল-চামচ। কেওড়ার জল ১,২ টেবিল-চামচ। আস্ত জিরা ১/৪ চা-চামচ। চিনি আধা চা-চামচ। পানি ৪ থেকে ৫ কাপ। কাঁচামরিচ ৮,১০টি। পেঁয়াজ-বেরেস্তা পরিমাণ মতো।
পদ্ধতি: প্রথমে রাইস কুকারের কুক বাটন অন করে তেল দিতে হবে। তেল একটু গরম হলে একে একে জিরা, এলাচি, দারুচিনি, তেজপাতা সামান্য ভেজে পেঁয়াজ ও আদা বাটা দিয়ে আরও একটু ভেজে চাল দিয়ে দিতে হবে।
চাল সামান্য একটু নেড়ে পরিমাণ মতো পানি আর তরল দুধ দিয়ে লবণ, চিনি, লেবুর রস দিয়ে ঢেকে দিতে হবে। রান্না শেষের দিকে ঢাকনা খুলে এর মধ্যে কেওড়ার জল ও ঘি দিয়ে আবার ঢেকে দিতে হবে।
এবার চালের মধ্যে কাঁচামরিচ, বেরেস্তা ও চিকেনের বড়া বা গোলাপ জামুনগুলো দিয়ে দমে দিতে হবে এবং দম শেষে গরম গরম পরিবেশন করতে হবে।
লক্ষ রাখুন: রান্না শেষে ভাপ বের করে না রাখলে চাল বেশি নরম হয়ে যাবে। চাল অনুযায়ী পানির পরিমাণ কম বেশি হতে পারে। রাইস কুকারের তেল দিয়ে গরম মসলা ও বাটামসলা দিয়ে বেশিক্ষণ ভাজা যাবে না, এতে করে কুক বাটনটা ওয়ার্ম বাটনে উঠে যাবে।
সমন্বয়ে: ইশরাত মৌরি।
