০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

শুষ্ক মৌসুমে নখ ভালো রাখার পন্থা

শীত চলে গেলেও শুষ্কতার কারণে নখে নানান সমস্যা দেখা দিতে পারে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2024, 02:58 PM

Updated : 18 Feb 2024, 02:58 PM

শীত শেষ। তবে প্রকৃতিতে শুষ্কতা এখনও কমেনি। শুষ্ক মৌসুমে ত্বকের চুলকানি, চুলের সমস্যা যেমন- খুশকি, চুল পড়া, আগা ফাটা ইত্যাদি সমস্যা দেখা দেয়।

পাশাপাশি নখের বৃদ্ধি, ভঙ্গুরতা ও ফাটা ভাবের মতো সমস্যাও হয়।

ত্বক ও চুলের পাশাপাশি শুষ্ক এই মৌসুমে নখের যত্নের প্রতি মনোযোগ দেওয়া উচিত। অন্যথায়, নির্জীব নখ হাতের সৌন্দর্য নষ্ট করে দিতে পারে।

এই বিষয়ে হেল্থশটস ডটকমে প্রকাশিত প্রতিবেদনে ভারতীয় ‘অ্যাস্থেটিক ক্লিনিক্স’য়ের ত্বক বিশেষজ্ঞ এবং ত্বক সার্জন ডা. রিংকি কাপুর বলেন, “শীতের মতো শুষ্ক মৌসুমে নখ প্রাণবন্ত রাখা বিষয়টা স্বপ্নের মতো মনে হতে পারে। এই সময় নখ ফাটা, ভঙ্গুরতা, শুষ্কতা দেখা যায়। তাই দেখতে নির্জীব লাগে।”

তাছাড়া এই সময় অনেকেরই নখ ভাঙার প্রবণতা বৃদ্ধি পায়।

শুষ্ক মৌসুমে নখ ভালো রাখার কয়েকটি উপায় সম্পর্কে জানান ডা. কাপুর-

ময়েশ্চারাইজার: শুষ্ক মৌসুমে আর্দ্রতার অভাবে নখ অনেক বেশি রুক্ষ, শুষ্ক হয়ে যায়। হাত, আঙ্গুল এবং নখ আর্দ্র রাখার মাধ্যমে শীতের মৌসুমে নখকে সুরক্ষিত রাখা যায়।

নখ ফাটা, ভাঙা অথবা উঠে যাওয়ার প্রবণতা এড়াতে হাত ও নখের যত্ন নেওয়া উচিত। সমস্যা খুব বেশি হলে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করা যেতে পারে।

এছাড়াও প্রাকৃতিক উপাদান হিসেবে নারিকেল বা কাঠবাদামের তেল কিউটিকেলে ওপর মালিশ করে ত্বকের নখের আর্দ্রতা বজায় রাখা যায়।

নেইল মাস্ক ব্যবহার: মুখ ও চুলের মতো নখেও মাস্ক ব্যবহার করা যায়। ঘুমানোর আগে নখে মাস্ক ব্যবহার,  গভীর থেকে মসৃণ এবং মজবুত করে তোলে।

কিউটিকল তেল: কিউটিকল কাটা, পেছনদিকে ধাক্কানো অথবা টেনে তোলার বেশ চর্চা রয়েছে আমাদের মাঝে। কিউটিকল আসলে শত্রু নয় বরং নখ সুরক্ষিত রাখতে সহায়তা করে। ক্রিম অথবা তেল ব্যবহার করে নখকে মজবুত রাখতে সহায়তা করে।

ডা. কাপুর বলেন, “চুলের মতো তেল নখের জন্যও উপকারী। কিউটিকল তেল নখ ও নখের চারপাশের ত্বক আর্দ্র রাখে। এতে করে নখের ভঙ্গুরতার হ্রাস পায়।

সব সময় বেইজ কোট ব্যবহার করা: বাইরের পরিবেশ থেকে নখ সুরক্ষিত রাখতে বেইজ কোট ব্যবহার করা আবশ্যক। এতে নখ দেখতে উজ্জ্বল লাগে। এছাড়াও বেইসকোট নখের আর্দ্রতা ধরে রাখে, মজবুত করে এবং ভঙ্গুরতা কমায়।

বেইজ কোট ব্যবহারে নখ দেখতেও বেশ পরিপাটি মনে হয়।

তাই পরে নখে পলিশ বা পেইন্ট ব্যবহারের আগে বেইজ কোট ব্যবহার নিশ্চিত করে নেওয়া ভালো।

গ্লভস ব্যবহার: নখের স্বাস্থ্য ভালো রাখতে, ঘরের কাজ যেমন- বাগান করা, ঘর পরিষ্কার করা, থালা-বাসন ধোয়া অথবা কড়া কোনো রাসায়নিক উপাদান ব্যবহারের আগে অবশ্যই গ্লভস ব্যবহার করতে হবে।

এর ফলে হাতকে একই সাথে ময়লা থেকে রক্ষা পায় এবং নখের স্বাস্থ্য ভালো থাকে। তাই শীতকালে গ্লভস ব্যবহারও নিশ্চিত করা প্রয়োজন।

আরও পড়ুন

পুরানো খবর:

আঁচিল দূর করার উপায়
নখ হলুদ হওয়ার কারণ ও করণীয়
নখ দ্রুত বৃদ্ধির প্রাকৃতিক উপায়