প্রান্তিক ও সুবিধাবঞ্চিত নারীদের উদ্যোক্তা তৈরির উদ্যোগ
‘স্মার্ট’ নারী উদ্যোক্তা গড়তে একসঙ্গে কাজ করবে এটুআই এবং অন্ট্রাপ্রেনরিয়ল ক্রিয়েটিভস।
প্রান্তিক নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিতে যৌথভাবে কাজ করার লক্ষ্যে ‘অ্যাস্পায়ার টু ইনোভেট’ (এটুআই) এবং ‘অন্ট্রাপ্রেনরিয়ল ক্রিয়েটিভস’(ইসি)’র মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এটুআই’য়ের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. মামুনুর রশীদ ভূঞা এবং ইসি’র নির্বাহী পরিচালক তাহমীনা খান শৈলী- নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
এই উপলক্ষ্যে ৪ জানুয়ারি আয়োজিত এক সভায় প্রান্তিক নারী উদ্যোক্তা-সহ টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সুবিধা বঞ্চিত বিভিন্ন জনগোষ্ঠী যেমন- আদিবাসী, ট্রান্সজেন্ডার, প্রতিবন্ধীদের উদ্যোক্তা সম্ভাবনাকে বিকশিত করার জন্য ‘উইমেন অন্ট্রাপ্রেনরিয়ালশিপ আন্ডার ওয়ান রুফ’ মডেলের ভিন্ন দিক বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট উদ্যোক্তা তৈরির বিভিন্ন বিষয়ে, মেলবোর্ন থেকে অনলাইনে যুক্ত হয়ে আলোকপাত করেন ইসি'র প্রধান উপদেষ্টা এবং সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি’র অধ্যাপক ড. কামরুল আলম।
এটুআই’য়ের প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) মামুনুর রশীদ ভূঁইয়া উদ্যোক্তা বিকাশের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বক্তব্য রাখেন। এছাড়া বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ‘পাওয়ার ম্যানেজমেন্ট ইন্সটিটিউট’য়ের রেক্টর মোহাম্মদ আলাউদ্দিন, আইসিটি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আতাউর রহমান খান, ইসি’র উপদেষ্টা ও আইডিবির সাবেক রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ ইকবাল করিম সভায় মত বিনিময় করেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে ইসি’র পরিচালক ও ডিজাইনার তাহমীনা খান শৈলী, প্রতিষ্ঠানের কার্যক্রম সংক্ষেপে তুলে ধরেন।
এই সমঝোতা স্মারক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাইডাসের ব্যবস্থাপনা পরিচালক খায়রুল বাশার, ইতিহা কর্পোরেশনের সভাপতি সাইফউজ্জামান, শ্রম বিশেষজ্ঞ অরুন্ধতী রাণী, আইটি বিশেষজ্ঞ নাসির খান সৈকত, ইডিআরসি'র পরিচালক-সহ এটুআই’য়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
