২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এখনই ফ্রিজ থেকে ফেলে দিতে হবে যে জিনিস

যে বাক্স ফ্রিজের জায়গা দখল করে অগোছালো ভাবে বা বাক্সের ঢাকনা ঢিলা, খুলে পড়ে যায়, সেটা ফেলে দেওয়া উচিত।

এখনই ফ্রিজ থেকে ফেলে দিতে হবে যে জিনিস
ছবি: রয়টার্স।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2025, 05:07 PM

Updated : 26 Aug 2026, 02:25 PM

ঘরের প্রতিটি জায়গা পরিপাটি রাখার চেষ্টা চলে। তবে  ফ্রিজটির কথা কি প্রায়ই ভুলে যান?

অথচ ফ্রিজ এমন এক জায়গা- যেখানে অব্যবহৃত খাবার, পুরানো সস, বেচে যাওয়া পানীয় বা দুধ কিংবা শুকিয়ে যাওয়া সবজি জমে গিয়ে এক সময় দুর্গন্ধ আর অগোছালো অবস্থার সৃষ্টি করে।

নিয়মিত পরিষ্কার না করলে ফ্রিজ শুধু অগোছালোই হয় না, খাবারের মানও নষ্ট হয়।

পেশাদার সমন্বয়কারী ও যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘লাইফ ইন জেনারাল’–এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী জেন রবিন রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “একটি পরিষ্কার ও গোছানো ফ্রিজ কেবল দেখতেই সুন্দর নয়—এটি খাবার দীর্ঘসময় টাটকা রাখে, অপচয় কমায় এবং অর্থ সাশ্রয়েও সাহায্য করে।”

মেয়াদোত্তীর্ণ খাবার

ফ্রিজে যতই জায়গা থাকুক না কেন, মেয়াদোত্তীর্ণ খাবারের সেখানে কোনো স্থান নেই।

রবিন বলেন, “প্রথমেই দুধ, দই, পনিরের মতো দুগ্ধজাত খাবারগুলোর মেয়াদ দেখে নিতে হবে। এরপর আগের সপ্তাহের বাসি খাবারগুলো ফেলে দেওয়ার ব্যবস্থা করতে হবে।”

তিনি আরও পরামর্শ দেন- ফলমূল ও সবজির ট্রে খুলে একবার দেখা উচিত।

“যেগুলো নরম, পচে যাওয়া বা পিচ্ছিল হয়ে গেছে, সেগুলো আর রাখা যাবে না” বলেন রবিন।

তার মতে, “সব খাবার নষ্ট হওয়ার আগেই সপ্তাহে অন্তত একদিন পাঁচ মিনিট সময় বের করে মেয়াদোত্তীর্ণ জিনিস পুনরায় দেখে ফেলে দেওয়া উচিত। এতে ভবিষ্যতের অপচয় রোধ হবে এবং ফ্রিজও থাকবে সতেজ।“

অব্যবহৃত সস ও চাটনি

চার মাস আগে কেনা সেই বিশেষ সরিষার সসটি কি এখনও আছে?

জেন রবিন বলেন, “সবার ফ্রিজেই এমন একটি বোতল থাকে, যা একবার খুলে আর ব্যবহার করা হয়নি।”

তার পরামর্শ, “নিজেকে প্রশ্ন করতে হবে, গত ছয় মাসে কি এই সস ব্যবহার করেছেন বা পছন্দ করেন? যদি উত্তর ‘না’ হয়, তাহলে সেটি ফেলে দেওয়ার সময় এসেছে।“

আর যেসব সস বা ড্রেসিং নিয়মিত ব্যবহার করা হয়, যেমন- টমেটো সস বা মেয়োনিজ, সেগুলো স্বচ্ছ ও সহজে ধরার মতো কন্টেইনারে রাখলে ফ্রিজ থাকবে বেশি গোছানো।

অপছন্দের খাবার

কখনও কখনও নতুন কোনো খাবার বা স্বাস্থ্যকর স্ন্যাকস কিনে পরে বোঝা যায়— এটি একদমই ভালো লাগছে না।

রবিন বলেন, “এমন খাবারগুলো ফ্রিজে জায়গা দখল করে রাখে, অথচ খাওয়ার কোনো ইচ্ছাই থাকে না। তাই অপ্রয়োজনীয় জিনিস না রেখে ফেলে দিন।”

তিনি মনে করিয়ে দেন এই সিদ্ধান্তে অপরাধবোধের কিছু নেই।

“সবাই কখনও না কখনও ভুল খাবার কেনে। বিষয়টা হল, সেটি ‘আবার না করা”- বলেন রবিন।

অজানা কন্টেইনার

প্রায় প্রতিটি পরিবারের ফ্রিজেই কিছু ‘রহস্যময় বাক্স’ থাকে— যেগুলোর ভেতরে কী আছে, কেউ জানে না।

“যদি মনে করতে না পারেন কখন এটি রেখেছেন বা এটি কী ছিল, তাহলে বিনা দ্বিধায় ফেলে দিন”- বলেন রবিন।

ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে তিনি পরামর্শ দেন— স্বচ্ছ ও লেবেলযুক্ত বাক্সে খাবার সংরক্ষণ করতে।

এতে কোন বাক্সে কী আছে তা সহজেই বোঝা যায় এবং খাবারও নষ্ট হয় না।

ভাঙা বা পুরানো সংরক্ষণ বাক্স

ফ্রিজ গোছানো রাখার জন্য ভালো মানের কন্টেইনার খুবই গুরুত্বপূর্ণ। তবে অনেক সময় এমন পুরানো বা ক্ষতিগ্রস্ত বাক্স ব্যবহার করা হয়, যার ঢাকনা ঠিকমতো বন্ধ হয় না বা আকারে ফ্রিজের সঙ্গে মানায় না।

রবিন বলেন, “যে বাক্সের ঢাকনা বারবার খুলে পড়ে যায় বা যেটি ফ্রিজের জায়গা দখল করে অগোছালো-ভাবে, তা ফেলে দেওয়া উচিত। বরং এমন ‘মডুলার কন্টেইনার’ ব্যবহার করা উচিত, যা বিশেষভাবে ফ্রিজের জন্য বানানো।”

এমন কন্টেইনার শুধু ফ্রিজকে পরিপাটি রাখে না, খাবারের সতেজতাও দীর্ঘায়িত করে।

একই জিনিসের একাধিক বোতল

অনেকেরই ফ্রিজে একই সস বা ড্রেসিংয়ের একাধিক বোতল খোলা থাকে। একটি আধা খাওয়া, একটি নতুন।

রবিন বলেন, “তিনটি একই ধরনের স্যালাড ড্রেসিং বা দুই বোতল সস এগুলো জায়গা নষ্ট করে।”

তিনি পরামর্শ দেন, “যেসব বোতলের মেয়াদ কাছাকাছি, সেগুলো একত্র করে ফেলতে হবে। তবে মেয়াদ ভিন্ন হলে একসঙ্গে মেশানো উচিত না, এতে দূষণ হতে পারে।“

এভাবে অপ্রয়োজনীয় বোতল ফেলে দিলে শুধু জায়গা বাঁচবে না, ফ্রিজও হবে পরিপাটি ও কার্যকর।

পুরানো বেইকিং সোডা

ফ্রিজের গন্ধ নিয়ন্ত্রণে বেইকিং সোডা দারুণ কার্যকর। তবে সেটি চিরদিন কার্যকর থাকে না। যদি গন্ধ বাড়তে দেখেন, তবে সেটি বদলানোর সময় এসেছে।

‘আর্ম অ্যান্ড হ্যামার’ নামের যুক্তরাষ্ট্রের একটি সংস্থা জানায়- খোলা বেইকিং সোডার বাক্স ৩০ দিনের মধ্যেই পরিবর্তন করা উচিত। এর পর আর গন্ধ শোষণ করার ক্ষমতা থাকে না।

তাই প্রতি মাসে একটি নতুন বাক্স ব্যবহার করা উচিত, এতে ফ্রিজ থাকবে সতেজ ও গন্ধমুক্ত।

আরও পড়ুন

ফ্রিজ কেনার আগে যা জানা জরুরি

ফ্রিজের আর্দ্রতা নিয়ন্ত্রণকারী ড্রয়ারে রাখতে হবে যেসব খাবার

ফ্রিজের ‘ক্রিসপার ড্রয়ারে’ যা যা রাখা যাবে

যেসব লক্ষণে বোঝা যায় ফ্রিজ বেশি ঠাণ্ডা হচ্ছে