বিদ্যুৎ খরচ কমানোর কৌশল
ছোট ছোট কৌশলে বিদ্যুৎ খরচ কমানো যায়।
গ্রীষ্মের গরম শুরু হতেই ঘরে ঘরে চলছে ফ্যান আর এয়ার কন্ডিশনার। সঙ্গে লাইট, ফ্রিজ, টেলিভিশন, কম্পিউটার—সবকিছুর ব্যবহার বেড়েছে।
তবে মাস শেষে যখন বিদ্যুৎ বিলের কাগজ হাতে আসে, তখন অনেকেরই চোখ কপালে ওঠে।
রাজধানী মোহাম্মদপুরে ‘হোলসেল ইলেকট্রনিক্স সিটি’র কর্নধার ফয়সাল হোসেন বলেন, “গরমে ডিভাইসগুলো বেশি চলায় বিল বেড়ে যায়। তবে কয়েকটি সহজ অভ্যাস বদলে বিদ্যুৎ খরচ অনেকাংশে কমানো সম্ভব।”
এসি ব্যবহারে সচেতন হওয়া
ঢাকার মোহাম্মদপুর এলাকার ইলেকট্রিক মিস্ত্রি রনি হোসেন বলেন, “এসির তাপমাত্রা ১৮ ডিগ্রির পরিবর্তে ২৪ থেকে ২৬ ডিগ্রিতে রাখতে হবে। মাত্র এক ডিগ্রি বাড়ালেই প্রায় ৬ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় হয়। এসির সঙ্গে ফ্যান চালালে আরও আরাম পাবেন এবং এসির ওপর চাপ কমবে।”
প্রতি ১৫ দিন অন্তর এসির এয়ার ফিল্টার পরিষ্কার করানো উচিত। নোংরা ফিল্টার মোটরের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে, ফলে বিদ্যুৎ খরচ বেড়ে যায়।
প্রাকৃতিকভাবে ঘর ঠাণ্ডা রাখা
দিনের বেলায় জানালা-দরজার পর্দা টেনে রাখলে সূর্যের তাপ ঘরে না ঢোকে।
গাঢ় রংয়ের পর্দা বা ব্লাইন্ড ব্যবহার করলে তাপ আরও কমে।
বিকালে সূর্যের তাপ কমলে জানালা খুলে দিলে, প্রাকৃতিক বাতাস ঘর ঠাণ্ডা করে। এতে এসি বা ফ্যানের ব্যবহার কমবে।
অপ্রয়োজনীয় যন্ত্রের প্লাগ খুলে রাখা
টেলিভিশন, ল্যাপটপ চার্জার, মাইক্রোওয়েভ, হোম থিয়েটার— এসব যন্ত্র ‘স্ট্যান্ডবাই মোডে’ও বিদ্যুৎ খরচ করে। তাই ব্যবহার শেষে প্লাগ খুলে রাখাতে হবে। এতে মাসে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় হয়।
ফ্রিজের যত্ন নেওয়া
ফ্রিজ দেয়াল থেকে অন্তত ছয় ইঞ্চি দূরে রাখতে হবে, যাতে তাপ সহজে বের হতে পারে। গরম খাবার সরাসরি ফ্রিজে রাখা যাবে না।
বারবার দরজা খোলা এড়াতে হবে। ফ্রিজের পেছনের কয়েল নিয়মিত পরিষ্কার করলে, ফ্রিজ কম বিদ্যুৎ খরচ করবে।
এলইডি বাতি ব্যবহার করা
প্রচলিত ‘ফিলামেন্ট’ বা ‘টিউবলাইটে’র পরিবর্তে এলইডি বাতি ব্যবহার করা উপকারী। এই ধরনের বাতিতে কম বিদ্যুৎ খরচ করে উজ্জ্বল আলো দেয়। এতে বিল অনেক কমে যায়।
অন্যান্য উপায়
ফ্যানের ব্লেড নিয়মিত পরিষ্কার করতে হয়। নোংরা ব্লেড বেশি বিদ্যুৎ খরচ করে। বিদ্যুৎ সাশ্রয়ী ফ্যান ব্যবহার করা যেতে পারে।
দিনের বেলায় প্রয়োজন না হলে লাইট বন্ধ রাখা।
ওয়াশিং মেশিন, আয়রন বা অন্যান্য যন্ত্র কম চালানোর চেষ্টা করা।
বিদ্যুৎ বিলের অ্যাপ বা অনলাইন পোর্টালে নিয়মিত মিটার রিডিং চেক করা।
ওপরের পদ্ধতিগুলো উল্লেখ করে ফয়সাল হোসেন বলেন, “গ্রীষ্মকালে বিদ্যুৎ বিল কমাতে শুধু সচেতনতাই যথেষ্ট। এসি-ফ্যানের সঠিক ব্যবহার, প্রাকৃতিক বাতাসের সদ্ব্যবহার এবং অপ্রয়োজনীয় যন্ত্র বন্ধ রাখলে বিল অনেক কমবে।”
এই ধরনের ছোট ছোট অভ্যাস গড়লে মাসে কয়েকশ টাকা সাশ্রয় করা সম্ভব। গরমের সময় সচেতনতার মাধ্যমেই বিদ্যুৎ সাশ্রয়ী হওয়া যায়।
আরও পড়ুন
