Published : 18 Feb 2026, 04:57 PM
মাসের শেষে বিদ্যুৎ বিল হাতে পেয়ে অনেক সময়েই অবাক হতে হয়। কারণ কখন এত বিদ্যুৎ ব্যবহার হল, তা বোঝা কঠিন হয়ে পড়ে।
বড় কোনো পরিবর্তন না আনলেও ঘরের কিছু সাধারণ যন্ত্রই বিদ্যুৎ খরচ বাড়িয়ে দিতে পারে।
তাপমাত্রা নিয়ন্ত্রণ যন্ত্রের ভুল অবস্থান ও সেটিং
শীতকালে ঘর গরম রাখা ও গরমে ঠাণ্ডা রাখতে রুম হিটার, এসি ব্যবহার হয়। এই যন্ত্রগুলোই সাধারণত বাড়ির সবচেয়ে বেশি বিদ্যুৎ খরচকারী যন্ত্র।
তবে যন্ত্রটির অবস্থান বা ভুলভাবে সেট করা থাকলে এর তাপমাত্রা বিদ্যুৎ বিল বাড়াতে পারে।
বৈদ্যুতিক যন্ত্র বিক্রয়কারী সোয়েব আলী জানান- যদি যন্ত্রটি এমন জায়গায় থাকে যেখানে সরাসরি গরম বাতাস লাগে বা বাতাস ঢোকার পথ থাকে, তাহলে তাপমাত্রার ভুল হিসাব তৈরি হয়।
ফলে রুম হিটার বা এসি তাপ নিয়ন্ত্রণ ও রুম ঠাণ্ডা করতে প্রয়োজনের চেয়ে বেশি সময় ধরে চলে।
পুরানো ফ্রিজ: বিদ্যুৎ খরচের বড় কারণ
“অনেক সময় পুরানো ফ্রিজ শুধুমাত্র অভ্যাসের কারণেই ব্যবহার করা হয়। তবে ১৫ বছরের বেশি পুরানো ফ্রিজ বিদ্যুৎ খরচের বড় উৎস হতে পারে” মন্তব্য করেন সোয়েব আলী।
তার মতে, “একটি পুরানো ফ্রিজ বছরে প্রায় এক হাজার ইউনিট বিদ্যুৎ খরচ করতে পারে। কারণ পুরানো যন্ত্রের নিরোধক ব্যবস্থা দুর্বল হয়ে যায়, কম্প্রেসারও আগের মতো কার্যকর থাকে না। “
তাই হিসাব করে দেখা যাবে, নতুন শক্তি সাশ্রয়ী ফ্রিজ কিনলে কতটা দ্রুত বিদ্যুৎ বিল কমিয়ে আনা সম্ভব।
বন্ধ থাকলেও বিদ্যুৎ টানে এমন যন্ত্র ও চার্জার
অনেকেই মনে করেন, যন্ত্র বন্ধ থাকলে বিদ্যুৎ খরচ বন্ধ হয়ে যায়। তবে কিছুক্ষেত্রে যন্ত্র বন্ধ থাকলেও তা বিদ্যুৎ টানতে থাকে।
যেসব যন্ত্র রিমোটে চলে, আলো জ্বলে থাকা পর্দা আছে, কিংবা অ্যাডাপ্টার লাগানো থাকে, সেগুলো বন্ধ থাকলেও অল্প অল্প বিদ্যুৎ খরচ করে।
টেলিভিশন, গেইমিং যন্ত্র, কম্পিউটার চার্জার, মোবাইল চার্জার, কেবল বক্স এমনকি রান্নাঘরের মাইক্রোওয়েভ কিংবা কফি মেকারও বিদ্যুৎ টানতে থাকে।
তাই ব্যবহার না থাকলে প্লাগ খুলে রাখা বা সুইচ বন্ধ করাই সবচেয়ে সহজ সমাধান।
ময়লা জমা বায়ু ফিল্টার
তাপমাত্রা নিয়ন্ত্রণ ও ঘরের বাতাস পরিষ্কারের আরেকটি গুরুত্বপূর্ণ যন্ত্র হল ‘বায়ু ফিল্টার’।
গার্হস্থ্য অর্থনীতি কলেজের সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের সহকারী অধ্যাপক তাসমিয়া জান্নাত বলেন, “ধুলোবালি জমে ফিল্টার বন্ধ হয়ে গেলে যন্ত্রকে স্বাভাবিকের চেয়ে বেশি কাজ করতে হয়। ফলে বিদ্যুৎ খরচ বেড়ে যায়। অধিকাংশ বাড়িতে এ কারণে বিদ্যুৎ বিল ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। তাই সমাধান হিসেবে প্রতি মাসে ফিল্টার পরীক্ষা করা এবং প্রয়োজন অনুযায়ী এক থেকে তিন মাস পর পর যন্ত্রের ছোটখাট উপকরণ বদলে ফেলা উপকারী হতে পারে।”
পানি গরম করার যন্ত্রের অতিরিক্ত তাপমাত্রা
গরম পানিতে গোসল বা রান্নার সুবিধার জন্য পানি গরম করার যন্ত্র প্রয়োজন। তবে যন্ত্রের তাপমাত্রা প্রয়োজনের চেয়ে বেশি সেট করা থাকলে তা অতিরিক্ত বিদ্যুৎ খরচ করে।
এই ধরনের যন্ত্র সারাক্ষণ নির্দিষ্ট তাপমাত্রায় কাজ করে। তাই তাপমাত্রা যত বেশি থাকবে, বিদ্যুৎ খরচও তত বাড়বে।
আরও পড়ুন
ঘুমানোর আগে যেসব বৈদ্যুতিক যন্ত্রের প্লাগ খোলা জরুরি
যেসব যন্ত্র কখনও মাল্টিপ্লাগে ব্যবহার উচিত নয়