১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রান্নাঘরের আধুনিক যন্ত্র যা কমাবে পরিশ্রম

মিক্সার, ব্লেন্ডার, ওভেন কিংবা ইলেক্ট্রিক চুলা ছাড়াও রয়েছে হরেক পদের যন্ত্র।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2025, 05:17 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

দেশের অনেক পরিবার এখনও বঁটিতে সবজি কাটা আর শিলপাটায় মসলা পেষায়।

ঝুঁকে কাজ করতে হয় বলে ঘাড় ও কোমরের ব্যথাও বাড়ে। দাঁড়িয়ে কাজ করা গেলে এই ঝুঁকি কমে। তাই এমন যন্ত্র দরকার, যেগুলো সোজা হয়ে দাঁড়িয়ে ব্যবহার করা যায়।

এগুলো কোনো বিলাসিতা নয় বরং কাজের সুবিধায় এবং স্বাস্থ্য রক্ষায় প্রয়োজন। বাজারে এই ধরনের যন্ত্র সহজেই পাওয়া যায়।

রাজধানীর নিউ মার্কেট সিটি কমেপ্লেক্সের বিশ্বাস বিল্ডার্স মার্কেটের ‘মেসার্স সাদ এন্টারপ্রাইজ অ্যান্ড ক্রোকারিজ’য়ের ব্যবসায়ী জহুরুল হক জানান, এসব যন্ত্র নিয়মিত ব্যবহারে রান্নাঘরের চাপ অনেক কমে।

ইনডাকশন বা ইনফ্রারেড চুলা

গ্যাসের চাপ কম হলে রান্না ঠিকমতো হয় না। সিলিন্ডার গ্যাসও অনেক সময় সুবিধাজনক নয়। ইনডাকশন বা ইনফ্রারেড চুলা এই সমস্যার সমাধান দিতে পারে।

এতে দ্রুত রান্না হয়। ব্যবহার সহজ। মডেল ও ডিজাইন ভেদে এর দাম পড়বে ৪ হাজার থেকে ৭ হাজার টাকা।

ওভেন

বৈদ্যুতিক ওভেন ও মাইক্রোওয়েভ ওভেনে গরম করার পাশাপাশি রান্নাও করা যায়। নির্দিষ্ট ধরনের পাত্র ব্যবহার করতে হয়। গরম ট্রে ধরতে বিশেষ গ্লাভস ব্যবহার করা নিরাপদ।

মডেল ও ডিজাইন ভেদে ওভেনের দাম পড়বে ৮ হাজার থেকে ১৫ হাজার টাকা।

মাইক্রোওয়েভ ওভেনের দাম ১১ হাজার থেকে ৩২ হাজার টাকা।

জুসার, মিক্সার, গ্রাইন্ডার, ব্লেন্ডার

বাইরের শরবত স্বাস্থ্যসম্মত নয়। প্যাকেটজাত জুসে প্রিজারভেটিভ থাকে। তাই ঘরেই পানীয় তৈরি করা নিরাপদ।

ফলের রসের জন্য জুসার কাজে আসে। মসলা বা চাল গুঁড়া করার জন্য গ্রাইন্ডার দরকার হয়। এতে মসলার গন্ধ ঠিক থাকে। মিক্সার বিভিন্ন মিশ্রণ তৈরি করতে সুবিধা দেয়। ব্লেন্ডারে শুকনা জিনিস গুঁড়া করা যায়। পানীয়ও তৈরি করা যায়।

আলাদা ব্লেড ও জার থাকায় যন্ত্রটি বহু কাজে লাগে। মডেল ও ডিজাইন ভেদে দাম পড়বে ৫ হাজার থেকে ১৩ হাজার টাকা।

বৈদ্যুতিক কেটলি এবং কফি মেকার

চা বা কফির জন্য দ্রুত পানি গরম করতে কেটলি উপকারী। কফি মেইকার থাকলে কফি বানানো সহজ হয়। মডেল ও ডিজাইন ভেদে এর দাম পড়বে দেড় হাজার থেকে ১০ হাজার টাকা।

বিভিন্ন ধরনের কুকার

প্রেশার কুকারে দ্রুত রান্না হয়। ভাত, ডাল, মাংস বা সবজি সহজে সেদ্ধ হয়। নরম কেক তৈরি করা যায়।

রাইস কুকারে ভাত ছাড়াও সবজি রান্না করা যায়। কারি কুকারেও ভাত রান্না করা যায়। অনেক কুকারে ভাপেও রান্না হয়। বাজারে ডিজিটাল মাল্টিকুকারও পাওয়া যায়। এগুলোতে একাধিক কাজ করা যায়।

মডেল ও ডিজাইন ভেদে এর দাম পড়বে ২ হাজার থেকে ১৫ হাজার টাকা।

বিটার

বাজারে বৈদ্যুতিক বিটার পাওয়া যায়। এতে ক্রিম তৈরি করা সহজ। কেকসহ নানা খাবার তৈরির সময় বিটার উপকারী। মডেল ও ডিজাইন ভেদে এর দাম পড়বে ২ হাজার থেকে ৫ হাজার টাকা।

টোস্টার এবং স্যান্ডউইচ মেকার

পাউরুটি গরম করতে টোস্টার দ্রুত কাজ করে। শিশুদের জন্য স্যান্ডউইচ বানাতে স্যান্ডউইচ মেকার কাজে আসে। সময় কম লাগে। খাবারও সতেজ থাকে।

মডেল ও ডিজাইন ভেদে দাম পড়বে ২ হাজার থেকে ৫ হাজার টাকা।

মিট চপার এবং মিট গ্রাইন্ডার

কোরবানির সময় এগুলোর ব্যবহার বাড়ে। নিজের প্রয়োজন অনুযায়ী মাংস প্রস্তুত করতে এই যন্ত্র ভালো কাজ দেয়। সারা বছর মাংসের নানান পদ তৈরি করতেও এগুলো কাজে আসে।

মডেল ও ডিজাইন ভেদে দাম পড়বে ৫ হাজার থেকে ১৫ হাজার টাকা।

খেয়াল রাখুন

বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করার সময় সতর্ক থাকুন। যন্ত্র ও ধারালো সরঞ্জাম শিশু এবং পোষা প্রাণীর নাগালের বাইরে রাখুন। ব্যবহার শেষে যন্ত্র বন্ধ করুন। প্লাগ খুলে রাখুন।

সব সরঞ্জাম পরিষ্কার করে গুছিয়ে রাখুন। এতে দুর্ঘটনার ঝুঁকি কমে।

আরও পড়ুন

যেসব যন্ত্র কখনও মাল্টিপ্লাগে ব্যবহার উচিত নয়

চুলা নষ্ট হচ্ছে যেসব অভ্যাসে

এয়ার ফ্রায়ারে ঝরঝরে ও মচমচে খাবারের সহজ উপায়