যে অভ্যাসে জীবন হবে সুশৃঙ্খল
ছোট ছোট বদলে নিজেকে গুছিয়ে তোলা যায়।
ঘুম থেকে উঠে দিনভর দৌড়ঝাঁপ, কাজের চাপে মাথায় হাত। এর মাঝেই আমরা প্রায়শই বলি, ‘সময় পাচ্ছি না!, সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে।’
তবে সত্যি কি আমরা সময় পাচ্ছি না, নাকি নিজের জীবনটা একটু গোছাতে শিখিনি?
বাস্তবতা হল, দৈনন্দিন কিছু সহজ অভ্যাসই পারে জীবনকে অনেকটা গুছিয়ে দিতে। এর জন্য দরকার নেই বড় কোনো পরিবর্তনের; বরং ছোট ছোট কিছু নিয়ম মানলেই দিনশেষে সময়, মন ও ঘর সবই থাকবে স্বস্তিতে।
সকালে ২০ মিনিট আগে ওঠা – সময় থাকবে নিয়ন্ত্রণে
‘ফাইভ এএম ক্লাব’-এর সদস্য হতে হবে না, তবে সকালে মাত্র ২০ মিনিট আগে উঠলেই মিলবে দিনের ওপর নিয়ন্ত্রণ।
এমনটাই বলছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া-ভিত্তিক পেশাদার সংগঠক ও ‘শ্যান্টাইজ ইয়োর স্পেস’-এর প্রতিষ্ঠাতা শান্টে ডাকওয়ার্থ।
রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে তিনি বলেন, “ঘুম অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে মাত্র ২০ মিনিট আগে উঠে যদি বাসার ছোটখাটো কাজ সারতে পারেন, তাহলে মনে হবে নিজেই নিজের দিনের নিয়ন্ত্রণে আছেন।”
সপ্তাহখানেক এমনটা করে দিনের শুরুটা নিজেই পরিকল্পনা করে শুরু করতে পারবেন। তখন দিনটা যেমন গোছানো যাবে, তেমনি মনের ওপর থাকবে ইতিবাচক প্রভাব।
প্রতিদিন একটু করে কাপড় ধুয়ে ফেলা
কাপড় ধোয়া যেন এক আতঙ্কের নাম, বিশেষ করে পরিবার বড় হলে! তবে প্রতিদিন যদি একটু ধাপে ধুয়ে রাতে ভাঁজ করে রাখা যায়, তাহলে আর চাপের বিষয় থাকে না।
শান্টে ডাকওয়ার্থ বলেন, “যে পরিবারে অনেক সদস্য, সেখানে প্রতিদিন কাপড় ধোয়ার অভ্যাস পরিবারের মধ্যে গুছিয়ে থাকার একটা অনুভূতি আনে।”
চাকরিজীবী নারীদের জন্য এটি হতে পারে এক বড় সমাধান।
আগামী দিনের প্রস্তুতি রাতে সেরে ফেলা– নতুন দিন হোক ঝরঝরে
আগামী দিনের প্রস্তুতি আগের রাতেই সেরে ফেললে সকালটা হয় অনেকটাই হালকা।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিভিত্তিক সংগঠক ও ‘ক্লাটার টু ক্ল্যারিটি’র প্রতিষ্ঠাতা লিন্ডসে মাহানা বলেন, “প্রতি রাতেই পরিবারের পরের দিনের ক্যালেন্ডার দেখে নেওয়া উচিত। স্কুলের পোশাক, দুপুরের খাবার, ব্যাগ সব কিছু ঠিকঠাক আছে কিনা, তা নিশ্চিত করে রাখতে হবে।”
কর্মব্যস্ত সমাজে, যেখানে মা-বাবা দুজনেই চাকরিজীবী, এই অভ্যাস যদি পরিবারে গড়ে তোলা যায় তাহলে সকালটা হবে কম দৌড়ঝাঁপের এবং বেশি শান্তিপূর্ণ।
এমনকি একা থাকেন যারা তারাও যদি রাতে পোশাক, খাবার কিংবা প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখেন তবে সকাল হবে অনেকটা ঝামেলাহীন।
প্রতিদিন একটি করে ছোটখাটো জিনিস গুছিয়ে নেওয়া
গোছানোর কথা বললেই মনে পড়ে আলমারি, স্টোররুম বা রান্নাঘরের কথা। তবে গোছানো মানে সবসময় বড় কোনো কাজ নয়। প্রতিদিন একটিমাত্র ছোট কাজ করলেও সেটা হয়ে উঠতে পারে বিশাল পরিবর্তনের সূচনা।
যুক্তরাষ্ট্রের সংগঠক এবং ‘জাস্ট বি অর্গানাইজিং’-এর প্রধান ব্রিয়ানা ও এরিকা স্প্রুইল বলেন, “প্রতিদিন এমন একটি বস্তু চিহ্নিত করতে হবে, যা আর প্রয়োজন নেই এবং তা ফেলে বা কাউকে দিতে হবে। নিয়মিত এই অভ্যাসই সব কিছু গুছিয়ে রাখতে সাহায্য করবে।”
বাসা ছোট হলে অপ্রয়োজনীয় জিনিস জমে ঘর ভারী হয়ে যায়। প্রতিদিন যদি একটি করে অপ্রয়োজনীয় বস্তু বাদ দেওয়া যায়, হোক তা পুরানো প্যাকেট, ফুরিয়ে যাওয়া প্রসাধনী বা অকার্যকর চার্জার। তাহলে ধীরে ধীরে ঘর হয়ে উঠবে হালকা ও আরামদায়ক।
স্বপ্নের লক্ষ্য চোখের সামনে রাখা – অনুপ্রেরণা হোক দৈনন্দিন
কোনো একটি লক্ষ্য যদি নিজেকে সংগঠিত রাখে, তবে সেটা প্রতিনিয়ত মনে করিয়ে দেওয়া দরকার।
লক্ষ্য ও স্বপ্নের একটি ‘ভিশন বোর্ড’ তৈরি করতে হবে। যেখানে থাকতে হবে কিছু ছবি বা বাক্য। এটি প্রতিদিন চোখে পড়বে এমন জায়গায় বেছে নিতে হবে। এভাবে এটি প্রতিনিয়ত মনে করিয়ে দেবে কেন নিজেকে গোছাচ্ছেন।
লক্ষ্য হতে পারে বাড়ি গোছানো, একটি বই লেখা কিংবা স্বাস্থ্যকর জীবনযাপন। যাই হোক না কেন, এর জন্য নিজেকে সংগঠিত রাখা জরুরি।
নিজেকে গুছিয়ে রাখার মানে এই নয় যে সব কাজ সময়মতো হবে বা ঘর একেবারে যথাযথ থাকবে। বরং এই অভ্যাসগুলো দেবে এক স্বস্তির অনুভব।
এতে নিজেই জানবেন কী করছেন, কেন করছেন আর কীভাবে দিনটাকে আরও ভালো করা যায়।
আরও পড়ুন
