২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের কেনাকাটায় ক্লান্তি এড়াতে

পরিকল্পনা করা না থাকলে ঈদের কেনাকাটার আনন্দ হয়ে উঠতে পারে শারীরিক অস্বস্তির কারণ।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2026, 05:08 PM

Updated : 26 Aug 2026, 03:04 PM

ঈদের সময় এমনিতেই মার্কেটগুলোতে অনেক ভিড় হয়। পাশাপাশি গরমও পড়ে গিয়েছে।

তাই এই অবস্থায় রোজা রেখে কেনাকাটা করতে গিয়ে কিছুটা সতর্ক হতেই হয়।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আবাসিক চিকিৎসক ডা. আফসানা হক নয়ন এই বিষয়ে বলেন, “রোজা রাখলে শরীর স্বাভাবিকের চেয়ে ভিন্ন ছন্দে চলে। তাই ঈদের প্রস্তুতির উচ্ছ্বাসের মাঝেও শারীরিক সীমাবদ্ধতার দিকে খেয়াল রাখা জরুরি। সামান্য পরিকল্পনা ও সচেতনতায় ক্লান্তি অনেকটাই এড়ানো যায়।”

তালিকা তৈরি করা

কী কী কিনতে হবে সেগুলোর তালিকা আগে থেকে তৈরি করলে অযথা বিভিন্ন জায়গায় ঘুরতে হয় না। প্রয়োজন মতো নির্দিষ্ট স্থানে গিয়ে পছন্দের জিনিস সংগ্রহ করা যায়। এতে অযথা খাটনি কমে।

পোশাকে সচেতনতা

“গরম যেহেতু পড়ছে তাই কেনাকাটা করতে গিয়ে হালকা পাতলা পোশাক পরা ও আরামদায়ক পাদুকা ব্যবহার করাই হবে বুদ্ধিমানের কাজ”- পরামর্শ দেন এই চিকিৎসক।

এছাড়া ‘ওয়েট টিস্যু’ সাথে রাখে গরমের মধ্যে ঘাম মুছতে আরাম পাওয়া যায়। আর ছোট ইলেক্ট্রিক ফ্যান ব্যবহার গরমে স্বস্তি দিতে পারে।

সময় ও স্থান নির্ধারণ

সাধারণত দুপুরের পর এখন তাপমাত্রা কমে। আর ইফতারের পর সন্ধ্যা রাতেও কেনাকাটা করতে যাওয়া যায়। এতে গরমের হাত থেকে বাঁচা সম্ভব। আর দুপুরে যদি যেতেই হয় তবে শীততাপ নিয়ন্ত্রিত মার্কেট বেছে নেওয়া যেতে পারে।

পানি পান ও পুষ্টিকর খাবার

ইফতার ও সেহরিতে স্বাস্থ্যকর খাবার খাওয়ার পাশাপাশি পর্যাপ্ত পানি পানের পরামর্শ দেন, ডা. নয়ন।

কারণ ভাজাপোড়া বা মিষ্টি খাবার শরীরকে আরও ক্লান্ত করে।  

 দেহের অবস্থা বুঝে সতর্ক হওয়া

কেনাকাটা করতে গিয়ে অতিরিক্ত ক্লান্তি কাজ করা, মাথা ঘোরা বা ব্যথা শুরু হওয়া, চোখে ঝাপসা দেখার মতো বিষয় ঘটলে অবহেলা করা যাবে না।

ডা. নয়ন বলেন, “এগুলো হল সাধারণত পানিশূন্যতার লক্ষণ। রোজা রেখে এমন হলে অবশ্যই বিশ্রাম নিতে হবে। হতে পারে সেটা ছায়ায় বাসায়। ইফতারের পর মার্কেটে গিয়ে এমন হলে পানি পান করতে হবে। সম্ভব হলে লেবুর শরবত বা ডাবের পানি পান করুন। এতে ক্লান্তি কাটবে।”

আরও পড়ুন

ইফতারের পর যে কারণে ক্লান্তি লাগে

রমজানে ওজন বৃদ্ধি ও বদহজম এড়ানোর উপায়

ইফতারের পর মাথাব্যথা? জেনে নিন এড়ানোর উপায়