আনন্দ হারিয়ে ফেলছেন?
‘আহা কী আনন্দ আকাশে বাতাসে’… গুপি-বাঘা গাইছে গান, সেই সুরেও যে কারণে জাগছে না প্রাণ।
আনন্দ কেবল একটি ভালো লাগার অনুভূতি নয়, বরং মানুষের সহজাত বৈশিষ্ট্যের অংশ।
যুক্তরাষ্ট্রের বোর্ড-সার্টিফায়েড মনোরোগ বিশেষজ্ঞ ও গবেষক ডা. জুডিথ জোসেফ সিএনএন ডটকম -এ প্রকাশিত এক প্রতিবেদনে বলছেন, “আমাদের ‘জিন’ বা বংশগতিতে আনন্দ বিদ্যমান। এটা মানুষের জন্মগত অধিকার।”
ডা. জুডিথ দীর্ঘদিন ধরে ‘আনন্দ’ নিয়ে গবেষণা করছেন। বিশেষ করে- কী কারণে মানুষ আনন্দ অনুভব করতে ব্যর্থ হয়, সেটাই তার পর্যালোচনার প্রধান বিষয়।
এই গবেষকের সাম্প্রতিক বই ‘হাই ফাংশনিং: ওভারকাম ইয়োর হিডেন ডিপ্রেশন অ্যান্ড রিক্লেইম ইয়োর জয়’ ইতোমধ্যেই সাড়া ফেলেছে। কারণ, তিনি উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন বিষণ্ণতা (হাই-ফাংশনিং ডিপ্রেশন) নিয়ে পথপ্রদর্শক গবেষণা করেছেন, যা এখন মানসিক স্বাস্থ্যের আলোচনায় গুরুত্ব পাচ্ছে।
উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন বিষণ্ণতা: বাহ্যিক সাফল্যের আড়ালে লুকানো কষ্ট
ডা. জোসেফ বলেন, “বিষণ্ণতা সবসময় দুঃখ দিয়ে প্রকাশ পায় না। অনেকের ক্ষেত্রে ‘অ্যানহিডোনিয়া’— অর্থাৎ আনন্দ অনুভবের ক্ষমতা হারানো হতে পারে বিষণ্ণতার মূল লক্ষণ। আবার অনেকের থাকে ‘অ্যাইলেক্সিথাইমিয়া’। যেখানে নিজের অনুভূতি চিহ্নিত ও প্রকাশ করতে কষ্ট হয়।”
“এই দুই মানসিক বাধা আনন্দকে নিঃশেষ করে দিতে পারে। অথচ আক্রান্ত ব্যক্তি কর্মক্ষেত্র ও পরিবারে স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যেতে পারেন বলে আশপাশের মানুষ বুঝতেও পারেন না”- মন্তব্য করেন ডা. জুডিথ।
নিজের অভিজ্ঞতার কথাও তিনি খোলাখুলিভাবে প্রকাশ করেন।
“২০২০ সালে আমিও সেই অবস্থায় ছিলাম। বাইরে থেকে সব ঠিকঠাক লাগছিল, গবেষণাগার চালাচ্ছিলাম, ছোট সন্তান, সুখী পরিবার, টেলিভিশনে উপস্থিতি— সবই ছিল। তবে ভেতরে আমি আনন্দ অনুভব করতে পারছিলাম না”- বলেন তিনি।
আনন্দ ফিরে পাওয়ার উপায়: পাঁচটি ‘ভি’
আনন্দ হারিয়ে যাওয়া থেকে মুক্তি পেতে ডা. জুডিথ পাঁচটি ‘ভি’ অনুশীলনের পরামর্শ দেন।
ভ্যালিডেইশন (স্বীকৃতি)
নিজের অনুভূতির নামকরণ করা, তা স্বীকার করা এবং মেনে নেওয়া জরুরি।
তিনি বলেন, “যদি না জানি আমরা কেমন বোধ করছি, তবে বিভ্রান্তি ও অনিশ্চয়তা তৈরি হয়, যা উদ্বেগ বাড়ায়। তাই অনুভূতিকে চেনা ও মেনে নেওয়া জরুরি।”
ভেন্টিং (মুক্তভাবে বলা)
বিশ্বাসযোগ্য কাউকে নিজের কথা বলতে হবে। তবে যদি মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে কথা না বলেন, তাহলে বন্ধু বা পরিবারের ওপর অতিরিক্ত মানসিক চাপ চাপিয়ে দেওয়া থেকে সতর্ক থাকতে হবে।
“প্রথমে জিজ্ঞেস করুন— ‘এখন কথা বলার জন্য কি ভালো সময়?’— এতে মানসিক সম্মতি নিশ্চিত হয়,” বলেন ডা. জুডিথ।
ভ্যালুজ (মূল্যবোধ)
জীবনে অর্থ ও উদ্দেশ্য কী— তা ভাবতে হবে।
এই বিশেষজ্ঞের ভাষায়, “আগে আমি পুরস্কার ও স্বীকৃতি পেতে ছুটতাম। তবে জীবনের শেষ প্রান্তে এগুলো নিয়ে কেউ কথা বলে না। আসল মূল্যবোধ হল- যা সত্যিকার অর্থে আপনাকে তৃপ্তি দেয়।”
ভাইটালস (জীবনধারণের উপকরণ)
শারীরিকভাবে সচল ও সুস্থ রাখে পুষ্টিকর খাবার, নিয়মিত ব্যায়াম আর পর্যাপ্ত ঘুম। এগুলো শোনায় সহজ, তবে অনেকের জন্য নিয়মিতভাবে করা কঠিন।
ভিশন (দৃষ্টি)
যখন নিজের কষ্টে দৃষ্টি ঝাপসা হয়ে যায় তখন ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা কঠিন হয়ে পড়ে।
তবে ডা. জুডিথের মতে, “আনন্দ বাড়ানোর জন্য আগাম পরিকল্পনা জরুরি, অতীতের ভুলে বারবার ফিরে যাওয়া নয়।”
ধীরে এগোন, তাড়াহুড়ো নয়
ডা. জুডিথ সতর্ক করে বলেন, “এই পাঁচ ধাপ একসঙ্গে বা দ্রুত সম্পন্ন করার চেষ্টা করবেন না। এটাকে কাজের প্রকল্প ভেবে উচ্চ কার্যক্ষমতায় শেষ করার চেষ্টা করবেন না। এটা আপনার জীবন।”
তিনি মনে করিয়ে দেন- সুখ ও আনন্দ এক নয়। সুখ হল বাইরের কিছু অর্জন বা নতুন কিছু কেনা থেকে আসা স্বল্পস্থায়ী অনুভূতি। আনন্দ হল ভেতরের শক্তি— যা জন্মগতভাবে আমাদের ভেতরেই রয়েছে।
তিনি মনে করিয়ে দেন- “শিশুকে আনন্দ শেখাতে হয় না, আমরা জন্ম থেকেই তা নিয়ে এসেছি।”
আরও পড়ুন
