২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের শেষ সময়ের কেনাকাটায় দামদরে ঠকতে না চাইলে

মূল্যছাড়ের ফাঁদে পা না দিয়ে পণ্যের মান যাচাইয়ে সাবধান হতে হবে।

ঈদের শেষ সময়ের কেনাকাটায় দামদরে ঠকতে না চাইলে
ঢাকার গাউছিয়া মার্কেটে পোশাকের পাশাপাশি পছন্দের গহনাও কিনছেন নারীরা।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2026, 10:09 PM

Updated : 26 Aug 2026, 03:12 PM

ঈদের একদিন আগে শপিংমল থেকে শুরু করে ছোট দোকান, ফুটপাত সব জায়গাতেই ভিড়। এখন চলছে শেষ সময়ের কেনাকাটা।

এই ভিড় আর তাড়াহুড়োর সুযোগে অনেক সময়ে না বুঝেই বেশি দামে পণ্য কিনে ঠকতে হয়। তবে কিছু কৌশল জানলে ঈদ কেনাকাটায় বেশি দামে জিনিস কেনার সম্ভাবনা কমে।

কেনাকাটার আগে পরিকল্পনা

ঈদের শেষের দিকের কেনাকাটায় বের হওয়ার আগেও কী কী লাগবে সেটার একটি তালিকা তৈরি করতে হবে, যা হবে গুরুত্বপূর্ণ ধাপ।

হঠাৎ করে কিছু দেখে ভালো লাগল বলে কিনে ফেললে বাজেটের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। পরিকল্পনা থাকলে অপ্রয়োজনীয় খরচ কমে এবং দাম তুলনা করার সুযোগও পাওয়া যায়।

সরকারি গার্হস্থ্য অর্থনীতি কলেজের সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেনিউরস বিভাগের প্রভাষক তাসমিয়া জান্নাতের মতে, “আগে থেকে বাজেট নির্ধারণ করলে দরদাম করার সময়ও আত্মবিশ্বাস থাকে। এতে বিক্রেতার চাপের কাছে সহজে বিব্রত হতে হয় না।”

একাধিক দোকানে দাম যাচাই

একই পণ্যের দাম একেক দোকানে একেক রকম হতে পারে— এটি ঈদের সময় খুব সাধারণ একটি বিষয়। তাই প্রথম দোকানেই পছন্দ হয়ে গেলেও সঙ্গে সঙ্গে কিনে না ফেলে কাছাকাছি আরও কয়েকটি দোকানে ঘুরে দেখা ভালো।

সাভার নিউমার্কেটে কেনাকাটা করতে আসা ক্রেতা ফারিহা রোকছার বলেন, “এতে শুধু দামই নয়, মানেরও পার্থক্য বোঝা যায়। অনেক সময় একই ডিজাইনের পোশাক অন্য দোকানে কম দামে পাওয়া যায়।”

দরদাম করার অভ্যাস

অনেকেই লজ্জা বা সংকোচের কারণে দরদাম করতে চান না। তবে স্থানীয় বাজার বা অনেক শপিং সেন্টারে দরদাম করা একটি স্বাভাবিক বিষয়। বিক্রেতারা সাধারণত কিছুটা বেশি দাম বলেই শুরু করেন।

দাম কমানোর অনুরোধ করলে অনেক ক্ষেত্রেই ভালো ছাড় পাওয়া যায়।

“তবে খুব বেশি কমানোর চেষ্টা দোকানীর সঙ্গে সমস্যাও হয়। তাই ভারসাম্য রাখাই ভালো”- বললেন আরেক ক্রেতা আফসান হাবিব।

ভিড়ের সময় সতর্ক

ঈদের ঠিক আগের দিনগুলোতে বাজারে প্রচণ্ড ভিড় থাকে। এই সময় তাড়াহুড়োর কারণে অনেকেই ভালোভাবে পণ্য যাচাই না করেই কিনে ফেলেন। এতে নিম্নমানের জিনিস বেশি দামে নেওয়ার ঝুঁকি থাকে।

সম্ভব হলে ভিড় কম থাকে এমন সময় কেনাকাটা করা ভালো। এতে সময় নিয়ে পণ্য দেখা, দাম যাচাই করা এবং দরদাম করার সুযোগও মেলে।

পণ্যের মান ভালোভাবে যাচাই

শুধু দাম কম হলেই হবে না, পণ্যের মানও ভালো হতে হবে। কাপড়ের সেলাই, কাপড়ের গুণগত মান, রং ঠিক আছে কি না— এসব ভালোভাবে দেখে নেওয়া জরুরি।

অনেক সময় কম দামে পণ্য কিনে পরে দেখা যায় সেটি খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। তাই কেনার আগে ভালোভাবে পরীক্ষা করাই বুদ্ধিমানের কাজ।

ছাড়ের ফাঁদে পা নয়

ঈদের সময় অনেক দোকানেই বিশেষ ছাড় বা ‘অফার’ লেখা থাকে। তবে সব ছাড়ই যে সত্যিকারের লাভজনক, তা নয়। অনেক সময় আগে দাম বাড়িয়ে পরে ছাড় দেখানো হয়।

“শুধু ছাড়ের লেখা দেখে আকৃষ্ট না হয়ে আসল দাম কত, সেটি যাচাই করা জরুরি। প্রয়োজনে আগের দামের সঙ্গে তুলনা করে সিদ্ধান্ত নিতে হবে”- বলেন তাসমিয়া জান্নাত।

অনলাইন কেনাকাটায় সচেতনতা

অনলাইনে ঈদের কেনাকাটায় সময় বাঁচালেও আছে প্রতারণার ঝুঁকি। তাই পরিচিত ও বিশ্বস্ত পেইজ বা ওয়েবসাইট থেকেই কেনা উচিত।

এছাড়া পণ্যের রিভিউ, ছবি এবং বর্ণনা ভালোভাবে দেখে নিয়ে তবেই অর্ডার করতে হবে। আবার ঈদ কেনাকাটায় আগেই পেমেন্ট না করে ক্যাশ অন ডেলিভারি সুবিধা নেওয়া উচিত।

বিল ও রসিদ সংগ্রহ

যেখান থেকেই কেনাকাটা করা হোক না কেন, বিল বা রসিদ অবশ্যই সংগ্রহ করা উচিত। এতে কোনো সমস্যা হলে পণ্য পরিবর্তন বা ফেরত দেওয়ার সুযোগ থাকে। অনেক সময় ছোট দোকানগুলো রসিদ দিতে চায় না, তবে নিজের প্রয়োজনে বিল বা রসিদ নেওয়া জরুরি।

আরও পড়ুন

ঈদের কেনাকাটায় ক্লান্তি নয়, আনন্দই থাকুক

ঈদের কেনাকাটা করতে গিয়ে যেসব কাজ করা ঠিক না