২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের কেনাকাটা করতে গিয়ে যেসব কাজ করা ঠিক না

নিজের পাশাপাশি অন্যের সুবিধা দেখাও ভদ্রতার মধ্যে পড়ে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2026, 05:07 PM

Updated : 26 Aug 2026, 03:06 PM

ঈদের আগে শপিং মল, মার্কেট আর ফুটপাতের দোকানে ভিড়ের ঢেউ। সবাই ছুটছে নতুন পোশাক, জুতা, গয়না, ঘরের জিনিস কিনতে।

আনন্দের এই সময়ে কেনাকাটা হওয়া উচিত স্বস্তির। তবে ছোট ছোট অভ্যাসের কারণে অনেক সময় বিরক্তি, ঝামেলা বা খারাপ অভিজ্ঞতা হয়। বিক্রেতা-ক্রেতা দুই পক্ষই ভালো বোঝাপড়ায় থাকলে কেনাবেচা হয় আরও সুন্দর।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক আঞ্চলিক প্রধান ফকির আকতারুল আলমের মতে, কিছু অলিখিত নিয়ম মেনে চললে ভিড়ের মধ্যেও শান্তিমত, সময় বাঁচিয়ে কেনাকাটা করা যায়।

ফ্রি অফারের ফাঁদে পা দেবেন না

অনেক দোকানে ‘ফ্রি স্যাম্পল’, ‘ফ্রি গিফট’ বলে প্রচারণা চলে। তবে সবসময় সেটা পুরোপুরি ফ্রি হয় না।

হয়ত কোনো শর্ত থাকে। যেমন- নির্দিষ্ট পরিমাণ কেনা, সেবা নেওয়া ইত্যাদি।

বিক্রেতার ‘সেলস টার্গেট’ থাকে বলে তারা বিস্তারিত না বলেই দিয়ে দেয়।

তাই নেওয়ার আগে জিজ্ঞেস করুন— ‘এটা কি সম্পূর্ণ ফ্রি? নাকি কোনো শর্ত আছে?’

একইভাবে বিক্রেতারাও অফারের বিস্তারিত বলুন, গ্রাহকের সম্মতি নিন। সেলুনে চুল কাটতে গিয়ে অতিরিক্ত ফেইশল বা ট্রিটমেন্টের প্রস্তাব দিয়ে প্রলুব্ধ করবেন না— এতে গ্রাহক বিরক্ত হন।

বিল পরিশোধে সতর্ক ও সৌজন্যময় হোন

কার্ড দিয়ে পেমেন্ট করলে পাসওয়ার্ড সাবধানে দিন। নগদে বেশি খুচরা, ছেঁড়া টাকা বা কয়েন দিয়ে বিরক্ত করবেন না— আগে থেকে গুছিয়ে রাখুন। লাইনে একসঙ্গে অনেকে দাঁড়াবেন না, একজন দাঁড়ান।

কাউন্টারে জিনিস ছুড়ে ফেলবেন না, ভদ্রভাবে দিন। ‘ধন্যবাদ’, ‘দুঃখিত’, ‘আবার আসব’ বলুন। টিপস দিয়ে কৃতজ্ঞতা জানান, যেমন- গাড়িতে মাল তোলার সাহায্যকারীকে।

করিডর আটকে রাখবেন না, পথ ছাড়ুন সবার জন্য

শপিং মলে ঢুকতেই দেখা যায়— কেউ ‘কার্ট’ মাঝ রাস্তায় রেখে অন্য বিভাগে গেছেন, কেউ ব্যাগ-প্যাকেট নিয়ে দাঁড়িয়ে গল্প করছে। ফলে পেছনের লোকজন আটকে যায়, জ্যাম লেগে যায়। ঈদের ভিড়ে এটা খুব সাধারণ।

তবে একটু সচেতন হলেই এড়ানো যায়।

‘কার্ট’ বা ঝুড়ি সবসময় করিডরের এক পাশে রাখুন, মাঝখানে নয়। আগে থেকে লিস্ট তৈরি করে নিলে হুটহাট ঘুরতে হয় না।

দোকানের কর্মীরাও দেখলে বিনয়ের সঙ্গে বলুন, ‘ভাই, একটু সরিয়ে রাখুন’। এতে বিশৃঙ্খলা কমে, সবাই স্বস্তিতে কেনাকাটা করতে পারে।

খাবার-দাবার হাতে নিয়ে ঘুরবেন না

কেনাকাটা করতে করতে খিদে পাওয়া স্বাভাবিক। রমজানে ইফতারের সময় তো আরও। তবে তাক থেকে চকলেট, বাদাম বা স্ন্যাকস নিয়ে সেখানেই খাওয়া শুরু করা মোটেই উচিত না।

প্রথমে বিল পরিষ্কার করে নিন, তারপর নির্দিষ্ট ফুড কোর্ট বা বেঞ্চে গিয়ে খান।

খাবার-পানীয় হাতে নিয়ে পোশাক দেখতে গেলে অসাবধানে দাগ লেগে যেতে পারে, যা অন্য ক্রেতার জন্য সমস্যা।

শিশু বা বয়স্কদের খিদে লাগলে বিক্রেতাকে বলুন, তারা হয়তো তাৎক্ষণিক কিছু ব্যবস্থা করে দিতে পারেন।

ইফতারের সময় হলে কেনাকাটা বিরতি দিয়ে আগে ইফতার সেরে নিন, এটাই ভালো অভ্যাস।

অতিরিক্ত সুগন্ধি নয়

পরিপাটি হয়ে কেনাকাটায় যাওয়া ভালো। তবে অতিরিক্ত সুগন্ধি ব্যবহার থেকে বিরত থাকতে হবে, কারণ অনেকের অ্যালার্জি, মাথাব্যথা বা বমিভাব হয়।

সুগন্ধি কেনার সময় স্যাম্পল স্প্রে করার আগে অনুমতি নিন।

ট্রায়াল রুমে পোশাক পরার পর নিজের ঘামের গন্ধ যেন না লাগে, সেদিকেও খেয়াল রাখুন। এতে অন্য ক্রেতা বা কর্মীর অসুবিধা হয় না।

পণ্য যেখানে-সেখানে ফেলে যাবেন না

একটা জিনিস পছন্দ হয়নি, তাই বলে তাক থেকে নিয়ে অন্য তাকে রেখে দেওয়া, বা মেঝেতে ফেলে রাখা— এটা খুব খারাপ অভ্যাস। বিশেষ করে পচনশীল জিনিস— দুধ, মাছ, সবজি।

শেষ মুহূর্তে পছন্দ না হলে ক্যাশিয়ার বা স্টাফের হাতে ফেরত দিন। এতে দোকান পরিষ্কার থাকে, অন্য ক্রেতা সহজে জিনিস পান।

পোষা প্রাণী নিয়ে প্রবেশে সতর্কতা

বেশিরভাগ শপিংমল বা দোকানে পোষা প্রাণী নিয়ে ঢোকা নিষিদ্ধ। লোম, পায়ের ছাপ বা অন্যান্য কারণে অন্য গ্রাহকের সমস্যা হয়। বিশেষ সুবিধা না থাকলে পোষ্যকে বাইরে রাখুন।

অভিযোগ করলে বিক্রেতারাও বিনয়ের সঙ্গে শুনুন, চড়াও হবেন না। সমাধানের চেষ্টা করুন।

এসব ছোট নিয়ম মেনে চললে কেনাকাটা হয় আনন্দের, ঝামেলামুক্ত। ঈদের এই ব্যস্ত সময়ে সবাই যেন সুন্দর অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরতে পারে, সেটাই তো আসল কথা।

আরও পড়ুন

ঈদের কেনাকাটায় ক্লান্তি এড়াতে

পুরান আসবাব কেনার ক্ষেত্রে যেসব ভুল করা যাবে না

বাসার যেসব জিনিস কেনা মানে অর্থের অপচয়