হাঙ্গেরিতে পড়তে স্কলারশিপ পাওয়ার সঠিক পথ
বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার স্বপ্ন পূরণ করতে সহায়তা করে স্কলারশিপ।
পূর্ণতা আহমেদ অর্পা হাঙ্গেরির ‘বুদাপেস্ট ইউনিভার্সিটি অফ ইকোনমিক্স অ্যান্ড বিজনেসে স্টাইপেন্ডিয়াম হাঙ্গারিকাম স্কলারশিপ’ নিয়ে পড়াশোনা করছেন, যা হাঙ্গেরি সরকারের দেওয়া একটি সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি।
এর মাধ্যমে পড়াশোনার খরচ, থাকার ব্যবস্থা, মাসিক ভাতা ও স্বাস্থ্যসেবার সুবিধা পাচ্ছেন অর্পা, যা তার উচ্চশিক্ষাকে সহজ করেছে বলে জানিয়েছেন।
বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার স্বপ্ন অনেক শিক্ষার্থীরই। তবে আর্থিক সীমাবদ্ধতা এই স্বপ্নকে বাধা হয়ে দাঁড়ায়।
স্কলারশিপ এই ক্ষেত্রে শুধু অর্থায়নই নয়, বরং শিক্ষার্থীর প্রতিভা, নেতৃত্বগুণ ও সম্ভাবনাকে আন্তর্জাতিক পরিবেশে তুলে ধরার সুযোগও সৃষ্টি করে।
হাংগেরি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ প্রাপ্ত, ‘বুদাপেস্ট ইউনিভার্সিটি অফ ইকোনমিক্স অ্যান্ড বিজনেস’য়ে অধ্যয়নরত পূর্ণতা আহমেদ অর্পা জানালেন বিস্তারিত।
স্কলারশিপের মূল্য ও গুরুত্ব অপরিসীম। এটি কেবল টিউশন ফি বা থাকা-খাওয়ার খরচ মেটায় না; বরং ক্যারিয়ার গঠন, নতুন দক্ষতা অর্জন, বিশেষজ্ঞদের সঙ্গে নেটওয়ার্কিং এবং বৈচিত্র্যময় অভিজ্ঞতা লাভের পথও সুগম করে।
প্রথম ধাপ
যথাযথ প্রস্তুতি। আবেদনের অনেক আগে থেকেই প্রয়োজনীয় সব নথি সংগ্রহ করতে হবে। এর মধ্যে রয়েছে পরিচয়পত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সুপারিশপত্র (সাধারণত দুটি), আইএলটিএস বা টোফেল’য়ের স্কোর, এবং মোটিভেশন লেটার।
সব নথি আপডেটেড এবং অফিসিয়ালি সত্যায়িত কি-না তা নিশ্চিত করুন।
যেসব প্রোগ্রামে স্কলাসটিক অ্যাসেসমেন্ট টেস্ট (স্যাট ) বা ‘আমেরিকান কলেজ টেস্টিং’ প্রয়োজন সেগুলোর জন্যও আগাম প্রস্তুতি নিন। একইভাবে ইংরেজি ভাষার দক্ষতা পরীক্ষায় ভালো স্কোর অর্জন অত্যন্ত জরুরি।
ব্যক্তিগত প্রবন্ধ (পার্সোনাল স্টেমেন্ট) স্কলারশিপ আবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এতে নিজের জীবনের লক্ষ্য, অর্জন, চ্যালেঞ্জ মোকাবিলার অভিজ্ঞতা এবং কেন এই স্কলারশিপ আপনার জন্য প্রয়োজনীয় তা স্পষ্টভাবে তুলে ধরুন। প্রবন্ধটি সত্যিকারের, আবেগময় কিন্তু অতিরঞ্জিত নয় এমন হওয়া উচিত।
‘সিভি’ বা জীবনবৃত্তান্ত আরও শক্তিশালী করতে সামাজিক কাজ, স্বেচ্ছাসেবী কার্যক্রম, নেতৃত্বের ভূমিকা বা অতিরিক্ত অর্জনগুলো যুক্ত করুন। এসব অভিজ্ঞতা দেখায় যে- আপনি কেবল পড়াশোনায় নয়, সমাজের প্রতিও দায়বদ্ধ।
দ্বিতীয় ধাপ
সঠিক স্কলারশিপ খোঁজা। অ্যাডমিশনের ডেডলাইনের অনেক আগে থেকে শুরু করুন। একাধিক স্কলারশিপে একসঙ্গে আবেদন করুন এবং প্রতিটির সুবিধা-অসুবিধা যাচাই করুন। আপনার পছন্দের বিষয়, দেশ ও বিশ্ববিদ্যালয় অনুযায়ী ফিল্টার করুন।
বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (যেমন: Scholarship.com, DAAD, Chevening ইত্যাদি) এবং স্বনামধন্য সংস্থার তথ্যের ওপর নির্ভর করুন।
তৃতীয় ধাপ
আবেদন প্রক্রিয়া। আবেদনপত্রে অ্যাকাডেমিক অর্জনের পাশাপাশি অতিরিক্ত কার্যক্রম, পুরস্কার ও নেতৃত্বের উদাহরণ উল্লেখ করুন।
মোটিভেশন লেটারে স্কলারশিপটি আপনার ক্যারিয়ার লক্ষ্যের সঙ্গে কীভাবে সংযুক্ত তা ব্যাখ্যা করুন। আবেদন জমা দেওয়ার আগে সবকিছু প্রুফরিড করুন এবং সম্ভব হলে পেশাদারের কাছ থেকে মূল্যায়ন করে নিন।
সুপারিশপত্র সংগ্রহ করুন এমন ব্যক্তিদের কাছ থেকে, যারা আপনাকে ভালোভাবে চেনেন।
সাক্ষাৎকারের জন্য ‘মক ইন্টারভিউ’ করে প্রস্তুতি নিন। সাধারণ প্রশ্নের উত্তর অনুশীলন করুন এবং আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করুন।
অতিরিক্ত পরামর্শ
একাধিক স্কলারশিপে আবেদন করুন
শব্দসীমা কঠোরভাবে মেনে চলুন
সব তথ্য যাচাই করে দিন
আবেদনের পর ফিডব্যাক নেওয়ার চেষ্টা করুন
এই ধাপগুলো যথাযথভাবে অনুসরণ করলে আন্তর্জাতিক শিক্ষার্থীরা বিশ্বমানের প্রতিষ্ঠানে নিজেদের অবস্থান নিশ্চিত করতে পারবেন এবং উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে সক্ষম হবেন।
আরও পড়ুন
