অজুহাত বন্ধ করার কয়েকটি কৌশল
আজ কী সিদ্ধান্ত নিচ্ছেন— সেটাই আগামীকাল নির্ধারণ করবে।
ব্যর্থতা বা আলস্যকে ঢাকার জন্য আমরা অজান্তেই অসংখ্য অজুহাত তৈরি করি। তবে নিজের লক্ষ্য ছুঁতে পারবেন কি-না, তা নির্ভর করে অজুহাতগুলোকে প্রশ্রয় দিচ্ছেন, নাকি সেগুলোকে পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছেন।
অজুহাত চিনে নেওয়াটাই সেগুলো কাটিয়ে ওঠার প্রথম ধাপ।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. ফারজানা রহমান দিনা বলেন, “অজুহাতগুলোকে মেনে নেবেন, নাকি সেগুলোকে পাশ কাটিয়ে ‘বিগ ভিশন’ বা বড় স্বপ্নের পথে হাঁটবেন— সেই সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার।”
যেসব অজুহাত দেওয়া বন্ধ করতে হবে -
আমি খুব ব্যস্ত: ব্যস্ততা সবারই আছে। এটি কোনো একচেটিয়া সমস্যা নয়। আমরা যা পছন্দ করি বা যা গুরুত্বপূর্ণ মনে করি, তার জন্যই সময় বের করি। ব্যস্ততার দোহাই না দিয়ে সময় ব্যবস্থাপনায় নজর দিন।
আমি খুব ক্লান্ত: এটি ইচ্ছাশক্তির অভাব ছাড়া আর কিছু নয়। সত্যিকারের ক্লান্তি থাকলে খাদ্যাভ্যাস ও ঘুমের মান উন্নত করুন। ক্লান্তি যেন স্বপ্নকে থামিয়ে না দেয়।
আমি অসুস্থতা বোধ করছি: সত্যিকারের অসুস্থ হলে বিশ্রাম নিন। তবে আলস্য ঢাকতে এই অজুহাত ব্যবহার করবেন না। শারীরিক অবস্থার নিয়ন্ত্রণ আপনার হাতেই।
‘আইডিয়া’টি ভালো কি-না নিশ্চিত নই’: কোনো পরিকল্পনা শতভাগ নিশ্চিত নয়। শুরু না করলে জানা যাবে না এটি কাজ করবে কি-না। বাজারের তথ্য সংগ্রহ করে আত্মবিশ্বাসের সঙ্গে শুরু করুন।
এটি সঠিক সময় নয়: নিখুঁত সময়ের অপেক্ষায় থাকলে অনেক অসাধারণ পরিকল্পনা অঙ্কুরেই বিনষ্ট হয়। এখনই শুরু করার পথ খুঁজুন।
আমি জানি না কীভাবে শুরু করব: ইন্টারনেটের যুগে সব তথ্য হাতের নাগালে। শেখার মানসিকতা থাকলে এটি কোনো অজুহাত হতে পারে না। প্রয়োজনে অভিজ্ঞদের পরামর্শ নিন।
আমি ভীত: সফল মানুষও ভয় পান। তবে তারা ভয় নিয়েই কাজ শুরু করেন। ভয়কে জয় করার একমাত্র উপায় কাজ শুরু করে দেওয়া।
এটি আমার অভ্যাসের বাইরে: ‘কমফোর্ট জোন’য়ের বাইরে যেতে সবাই ভয় পায়। তবে অনিশ্চয়তাকে উপভোগ করতে শিখুন। দেয়াল ভেঙে বেরিয়ে এলে প্রাপ্তির ঝুলি অনেক বড় হবে।
আমি খুব অল্প বয়সী বা খুব বৃদ্ধ: বয়স কোনো বাধা নয়। অল্প বয়সে থাকে প্রাণশক্তি, বয়সের সঙ্গে আসে প্রজ্ঞা। বয়সকে অজুহাত না বানিয়ে শক্তিতে রূপান্তর করুন।
এটি অসম্ভব: সত্যিকারের উদ্যোক্তাদের অভিধানে ‘অসম্ভব’ বলে কিছু নেই। অন্য কেউ পেরে থাকলে আপনিও পারবেন। কেউ না পেরে থাকলে আপনিই হবেন প্রথম।
অজুহাত সাময়িক আরাম দিলেও উন্নতির পথে দেয়াল হয়ে দাঁড়ায়। জীবনকে পূর্ণভাবে বাঁচার প্রথম শর্ত নিজের দায়ভার নিজে নেওয়া।
ডা. দিনা বলেন, “অতীত ‘আপনার’ অভিজ্ঞতা হতে পারে, কিন্তু পরিচয় নয়। গতকাল আপনি কী ছিলেন তা বড় কথা নয়, আজ কী সিদ্ধান্ত নিচ্ছেন—সেটাই আগামীকাল নির্ধারণ করবে।”
অজুহাত বন্ধ করার কয়েকটি কৌশল-
নিজের দায়িত্ব নিন: ভাগ্য আপনার হাতে।
দৃষ্টিভঙ্গি বদলান: সমস্যাকে সুযোগ হিসেবে দেখুন।
সীমাবদ্ধ বিশ্বাস খুঁজুন: নেতিবাচক গল্পগুলো বদলে ফেলুন।
‘না’ বলা ছাড়ুন: ‘আমি পারব না’-এর বদলে ‘আমি শিখতে পারব’ বলুন।
শিক্ষা নিন: ভুল থেকে শিখে এগিয়ে যান।
অতিরিক্ত চিন্তা বন্ধ করুন: বড় কাজকে ছোট ভাগে ভাগ করে আজই শুরু করুন।
স্পষ্ট লক্ষ্য স্থির করুন: শক্তিশালী ভিশন থাকলে অজুহাতের সুযোগ থাকে না।
অজুহাতের মুখোমুখি না হয়ে নিজের স্বপ্নের পথে হাঁটুন। ছোট পদক্ষেপ নয়— বড় অর্জনের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ুন।
ডা. দিনার পরামর্শ, “ভিশন’ যখন ‘প্যাশন’ হয়ে উঠবে, তখন কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না।”
আরও পড়ুন
