২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যে কারণে শীতের সময় হাত ও পা মোজা নিয়মিত পরিষ্কার করা জরুরি

শীত থেকে বাঁচতে মোজা ব্যবহার করতে গিয়ে ত্বকের ক্ষতি করছেন না-তো?

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2026, 06:15 PM

Updated : 26 Aug 2026, 05:28 PM

শীত মৌসুমে ঠাণ্ডা থেকে রক্ষা করতে সকাল থেকে রাত পর্যন্ত অনেকেই হাতে ও পায়ে মোজা পরে থাকেন।

বাইরে যাওয়ার সময়ে, রাতের ঘুমের সময় বয়স্করা, শিশু বা যাদের শীত বেশি অনুভূত হয়, তারা মোজা ব্যবহার করেন বেশি।

তবে দীর্ঘ সময় একই মোজা ব্যবহার করাটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, সে বিষয়টি অনেকেই গুরুত্ব দেন না।

কত দিন পরপর হাত মোজা ও পা মোজা পরিষ্কার করা উচিত?

“পা মোজা প্রতিদিন পরিষ্কার করাই সবচেয়ে ভালো। কারণ পায়ে ঘাম বেশি হয়, আর ঘামের সঙ্গে ময়লা জমে দ্রুত জীবাণু তৈরি হয়”- মন্তব্য করেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের সহকারী অধ্যাপক তাসমিয়া জান্নাত।

তারা কথায়, “অনেকেই ভাবেন শীতে ঘাম তো হচ্ছে না প্রতিদিন পরিষ্কারের দরকার কি! কিন্তু ঘাম কম মনে হলেও মোজার ভেতরে আর্দ্রতা থেকে যায়, যা চোখে ধরা পড়ে না।”

হাত মোজা তুলনামূলক কম ঘাম ধরে, তবে বাইরে বের হওয়া বা দীর্ঘ সময় ব্যবহারের পর একদিন বা সর্বোচ্চ দুইদিন পরপর পরিষ্কার করা জরুরি।

“বিশেষ করে যদি হাত মোজা পরে বাইরে চলাফেরা করা হয় বা ধুলাবালির সংস্পর্শে আসা হয় তাহলে প্রতিদিন ধোয়া সবচেয়ে নিরাপদ”- পরামর্শ দেন এই অধ্যাপক।

স্বাস্থ্যের জন্য পরিষ্কার রাখা যে কারণে জরুরি

মোজা অপরিষ্কার থাকলে ত্বকের ক্ষতিকর জীবাণু তৈরি হয়। পা মোজার ক্ষেত্রে ছত্রাক সংক্রমণ খুব সাধারণ একটি সমস্যা। ফলে পায়ে চুলকানি, দুর্গন্ধ, খোসপাঁচড়া বা ফাটল দেখা দিতে পারে।

অনেক সময় নখের সংক্রমণও হয়, যা চিকিৎসা ছাড়া সহজে সারে না।

“হাত মোজা পরিষ্কার না হলে হাতে ফুসকুড়ি, র‌্যাশ বা চুলকানির সমস্যা দেখা দিতে পারে। যাদের ত্বক সংবেদনশীল, তাদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি”- বলেন বিন্দিয়া এক্সক্লুসিভের প্রধান ও রূপ-বিশারদ শারমিন কচি।

দীর্ঘদিন না ধোয়া মোজায় ধুলা, মৃত ত্বকের কণা ও জীবাণু জমে থাকে। মোজা খোলা বা পরার সময় এই কণাগুলো বাতাসে ছড়িয়ে পড়ে।

যাদের শ্বাসকষ্ট, অ্যালার্জি বা হাঁপানির সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এটি শ্বাসপ্রশ্বাসের সমস্যা বাড়াতে পারে।

দুর্গন্ধ ও অস্বস্তির কারণ

অপরিষ্কার পা মোজার সবচেয়ে পরিচিত সমস্যা হল দুর্গন্ধ। শীতে জুতা ও মোজা একসঙ্গে দীর্ঘ সময় পরলে পায়ের ভেতরে বাতাস চলাচল কমে যায়। এতে ঘাম জমে ব্যাক্টেরিয়া সক্রিয় হয় এবং বাজে গন্ধ তৈরি হয়।

এই দুর্গন্ধ শুধু নিজের জন্য নয়, আশপাশের মানুষের জন্যও অস্বস্তিকর হতে পারে। পরিষ্কার মোজা ব্যবহার করলে এই সমস্যা অনেকটাই এড়ানো যায়।

ত্বকের ক্ষতি যেভাবে বাড়ে

“ময়লা মোজা ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট করে দেয়। ফলে পা ও হাতে শুষ্কতা বাড়ে, চামড়া ফেটে যেতে পারে। শীতে এমনিতেই ত্বক শুষ্ক থাকে, তার ওপর অপরিষ্কার মোজা পরিস্থিতি আরও খারাপ করে তোলে। অনেক সময় ফাটা জায়গা দিয়ে জীবাণু ঢুকে সংক্রমণও হতে পারে”- বলেন শারমিন কচি।

মোজা ভালো রাখতে

নিয়মিত ও সঠিকভাবে পরিষ্কার করলে মোজা অনেক দিন ভালো থাকে। ময়লা ও ঘাম জমে থাকলে মোজার তন্তু দ্রুত নষ্ট হয়, কাপড় শক্ত হয়ে যায় এবং গঠন ঢিলে পড়ে।

নিয়মিত ধোয়া হলে মোজা নরম থাকে, আরামদায়ক হয় এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়।

“মোজা ধোয়ার আগে উল্টে নেওয়া ভালো, এতে ভেতরের ময়লা ভালোভাবে পরিষ্কার হয়। কুসুম গরম পানিতে ধোয়া শীতে বেশি কার্যকর। খুব বেশি কড়া সাবান ব্যবহার না করাই ভালো, এতে ত্বকের জন্য ক্ষতিকর রাসায়নিক থেকে যেতে পারে” মন্তব্য করেন অধ্যাপক তাসমিয়া জান্নাত।

ধোয়ার পর ভালোভাবে শুকানো জরুরি, কারণ স্যাঁতসেঁতে মোজায় জীবাণু দ্রুত জন্মায়। রোদে শুকাতে পারলে সবচেয়ে ভালো হয়।

আলাদা করে রাখার অভ্যাস

তাসমিয়া জান্নাতের কথায়, “ব্যবহৃত মোজা কখনই পরিষ্কার কাপড়ের সঙ্গে রাখা উচিত নয়। এতে জীবাণু ছড়িয়ে পড়তে পারে। আলাদা ব্যাগ বা ঝুড়িতে ব্যবহৃত মোজা রাখার অভ্যাস গড়ে তুললে স্বাস্থ্যঝুঁকি কমে।”

আরও পড়ুন

দুর্গন্ধ এড়াতে মোজা ও পায়ের যত্ন

মোজা পরে ঘুমানোর ক্ষতিকর দিক

পুরানো মোজার ব্যবহার

আলমারিতে যা রাখার দরকার নেই