সকালে বই পড়ার অভ্যাস থেকে সারাদিন মনোযোগ ধরে রাখার শক্তি
চা কফি পান করা ছাড়াও সকালে সতেজ অনুভূতি দিতে পারে বই পড়ার অভ্যাস।
সকালের শুরুটা যেমন হবে, তেমনটাই নির্ভর করবে দিনের বাকি সময়ের মানসিক প্রস্তুতি।
ঘুম থেকে উঠেই যদি ফোন হাতে নিয়ে একের পর এক বার্তা, সামাজিক যোগাযোগ মাধ্যম বা কাজের খবর দেখতে শুরু করলে, দিনের শুরুতেই মনের মনোযোগ দিক হারিয়ে ফেলে।
এর বদলে এক কাপ কফির সঙ্গে কয়েক মিনিট বই পড়ার অভ্যাস দিনের আরম্ভকে একটু ধীর, শান্ত এবং মনোযোগীভাবে শুরু করতে সাহায্য করতে পারে।
কফি অনেকটাই সজাগ হতে সাহায্য করে, আর পড়ার বিষয়টা মনোযোগ একটি নির্দিষ্ট কাজে ধরে রাখে। ফলে ঘুমঘুম ভাব কেটে মন সক্রিয় চিন্তা শুরু করে।
পড়া যে কারণে মনোযোগ ধরে রাখে
সকালের কফি কিছুটা সজাগ করে তুললেও এরপর সেই মনোযোগ কোথায় যাবে, সেটি গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্রের মস্তিষ্ক ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ র্যাচেল ল্যামবার্ট রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “কফির সঙ্গে পড়ার অভ্যাস সজাগতাকে একটি নির্দিষ্ট কাজে ব্যবহার করার সুযোগ দেয়।”
ঘুম থেকে উঠেই মোবাইল ফোনে বার্তা দেখা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢোকা কিংবা একসঙ্গে অনেক খবর পড়তে শুরু করলে মনোযোগ বারবার এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়।
ফলে যে মনোযোগ তৈরি করার চেষ্টা করা হচ্ছিল, সেটিই ছড়িয়ে যেতে পারে।
অন্যদিকে বই পড়ার সময় একটি বিষয়কে অনুসরণ করতে হয়। একটি বাক্যের সঙ্গে পরের বাক্য, একটি ভাবনার সঙ্গে আরেকটি ভাবনা মিলিয়ে বুঝতে হয়। ফলে মস্তিষ্ককে একটি নির্দিষ্ট কাজের মধ্যে কিছুটা সময় ধরে থাকতে হয়।
পড়ার সময় মস্তিষ্ক যা করে
পড়া শুধু চোখের সামনে থাকা শব্দগুলো দেখার বিষয় নয়। কোনো লেখা বুঝতে গেলে মস্তিষ্ককে তথ্য মনে রাখতে হয়, এক ধারণার সঙ্গে অন্য ধারণার সম্পর্ক তৈরি করতে হয় এবং পড়া বিষয়টি নিয়ে ভাবতে হয়।
র্যাচেল ল্যামবার্টের ব্যাখ্যায়, “মন দিয়ে পড়ার সময় মস্তিষ্ক ধারণাগুলো ধরে রাখে, সেগুলোর মধ্যে সম্পর্ক তৈরি করে এবং লেখাটির সামগ্রিক অর্থ বোঝার চেষ্টা করে। নিয়মিত এভাবে চিন্তা করার অভ্যাস মনোযোগ ধরে রাখার ক্ষমতা বাড়াতে সহায়তা করতে পারে।”
এ কারণে সকালে কয়েক মিনিট বই পড়াকে শুধু অবসর কাটানোর অভ্যাস হিসেবে না দেখে, মস্তিষ্ককে দিনের কাজের জন্য প্রস্তুত করার একটি উপায় হিসেবেও দেখা যায়।
মোবাইল ফোনের বদলে বই
সকালে ঘুম থেকে উঠে প্রথমেই মোবাইল ফোন হাতে নেওয়া অনেকের জন্যই স্বাভাবিক অভ্যাস। একটি বার্তা দেখতে গিয়ে আরেকটি খবর, তারপর সামাজিক যোগাযোগ মাধ্যম— এভাবে কয়েক মিনিটের মধ্যে মন চলে যায় অনেকগুলো বিষয়ে।
র্যাচেল ল্যামবার্ট মনে করেন, “দিনের শুরুতে কিছু সময় নিজের মনোযোগের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখা গুরুত্বপূর্ণ। কারণ দিনের পরে নানান ধরনের বার্তা ও কাজ মনোযোগকে অন্যদিকে নিয়ে যাবে। তার আগে কয়েক মিনিট নিরিবিলি বসে পড়ার সুযোগ মস্তিষ্ককে ধীরে ধীরে সক্রিয় চিন্তার দিকে নিয়ে যেতে পারে।”
কী পড়বেন, সেটিও গুরুত্বপূর্ণ
সকালের পড়া মানেই কঠিন কোনো বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে, এমন নয়। বরং যে লেখা পড়তে ভালো লাগে এবং যেটি পড়লে মনোযোগ ধরে রাখা সহজ হয়, সেটিই বেছে নেওয়া যেতে পারে।
উপন্যাস, গল্প, ভ্রমণকাহিনি কিংবা চিন্তাশীল কোনো লেখা দিয়ে সকাল শুরু করা যায়। আবার কারও যদি কোনো নির্দিষ্ট বিষয়ে আগ্রহ থাকে, সে বিষয় নিয়ে লেখা বইও পড়তে পারেন।
তবে শুধু চোখ বুলিয়ে দ্রুত অনেক তথ্য গ্রহণ করার চেয়ে এমন কিছু পড়া ভালো, যা নিয়ে একটু ভাবতে হয়।
একটি গল্পের ঘটনা অনুসরণ করা, লেখকের বক্তব্য বোঝা কিংবা কোনো ধারণা নিয়ে নিজের মতো করে ভাবা এসব পড়াকে আরও সক্রিয় করে তোলে।
র্যাচেল ল্যামবার্টের মতে, “পড়া আর শুধু তথ্য গ্রহণ করার মধ্যে পার্থক্য আছে। অর্থপূর্ণ কিছু পড়ার সময় মস্তিষ্ককে ধারণা ধরে রাখতে, প্রশ্ন করতে এবং বিভিন্ন বিষয়ের মধ্যে যোগসূত্র তৈরি করতে হয়।”
ঘুম থেকে উঠেই কফি গ্রহণ না করলেও চলে
সকালে ঘুম থেকে উঠেই কফির কাপ হাতে নিতে হবে এমন নয়।
পুষ্টিবিষয়ক মার্কিন বিশেষজ্ঞ কারা ক্র্যাডকের মতে, “ঘুম থেকে ওঠার পর কিছুটা সময় অপেক্ষা করে কফি পান করা যেতে পারে।”
ঘুম থেকে ওঠার প্রায় আধা ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যে শরীরে কর্টিসল নামের হরমোন স্বাভাবিকভাবেই বেশি সক্রিয় থাকে। এই হরমোন শরীরকে জেগে উঠতে ও সজাগ হতে সাহায্য করে।
তাই ঘুম থেকে উঠেই কফি পান করলে কফির উদ্দীপক প্রভাবের সঙ্গে শরীরের স্বাভাবিক সজিবতাও একসঙ্গে কাজ করতে পারে। কারও ক্ষেত্রে এতে অতিরিক্ত অস্থিরতা বা অস্বস্তি তৈরি হতে পারে।
এই কারণে ঘুম থেকে ওঠার প্রায় এক ঘণ্টা পর কফি পান করার পরামর্শ দিয়েছেন, কারা ক্র্যাড।
সেই সময়ের সঙ্গে কয়েক মিনিট পড়া মিলিয়ে নিলে শরীরের স্বাভাবিক সজাগতাও কাজে লাগানো যায়, আবার কফির প্রভাবও পাওয়া যায়।
তবে এটি সবার জন্য একই নিয়ম নয়। ঘুমের সময়, শরীরের প্রতিক্রিয়া ও কফি গ্রহণের অভ্যাস আলাদা হতেই পারে।
আরও পড়ুন
