কম্ফোর্টারের খোঁজ
লেপের পরিবর্তে কম্ফোর্টার, দামের তারতম্য বেশি নয়।
শীতে ভারী লেপের তলায় আরাম করে ঘুমাতে বেশ লাগে। তবে সেই দিন যেন শেষ হওয়ার পথে।
এখন হালকা তবে উষ্ণ ছোঁয়ার পরশ দিতে কম্ফোর্টারের চাহিদা বেশি।
এই তথ্য জানিয়ে রাজধানীর নীলক্ষেত মিউনিসিপ্যাল কর্পোরেশন মার্কেট’য়ের ‘নুর বেডিং স্টোর’য়ের রাসেল বলেন, “বর্তমানে তুলার ভারী লেপ কেউ বানায় না। খরচ বেশি পড়ে যায়। সেই তুলনায় জায়গা খায় বেশি।”
দুজনের ব্যবহার যোগ্য তুলার লেপ তৈরিতে ৩ হাজার টাকা খরচ হয়, জানান এই বিক্রেতা।
সেই তুলনা বিভিন্ন আকারের কম্ফোর্টারের দাম কম। হালকা আর শীতে গায়ে দিয়েও আরাম।
রাসেল বলেন, “আকার অনুযায়ী দাম ১৫শ’ থেকে ৩ হাজার টাকার মধ্যে। দেশি কম্ফোর্টার’য়ের দাম কম। চায়নাগুলোর দাম একটু বেশি।”
এছাড়া নানান আকারের কম্বল রয়েছে বাজারে। যেগুলোর দাম মান অনুযায়ী ৫শ’ থেকে ২ হাজার টাকার মধ্যে।
আর কেউ যদি আরাম করে শোয়ার জন্য জাজিম ও তোষক বানাতে চান তবে বিভিন্ন আকার অনুসারে সেসবের দাম পড়বে ১৫শ’ থেকে ৩ হাজার টাকার মধ্যে।
এছাড়া লেপের বিভিন্ন আকারের কভার পাওয়া যাবে ৫শ’ থেকে ৮শ’ টাকার মধ্যে।
ঢাকার নিউমার্কেট, নীলক্ষেত মিউনিসিপ্যাল কর্পোরেশন মার্কেটসহ বিভিন্ন শপিংমল থেকেও সংগ্রহ করা যাবে নানান ধরনের কম্ফোর্টার।
আরও পড়ুন
