কোমরের ব্যথা উপশমের সহজ পন্থা
শুধু ওজন কমাতেই ভূমিকা রাখে না, দৈনিক হাঁটার অভ্যাসে কোমরের ব্যথাও দূর হতে পারে।
সবচেয়ে সহজ ব্যায়াম হল হাঁটা। আর খরচ নেই বললেই চলে।
হাঁটার নানান উপকারিতার কথা প্রায় সবারই জানা। তবে এবার গবেষকরা দাবি করছেন- নিয়মিত হাঁটলে কোমরের ব্যথা থেকেও মুক্তি পাওয়া যায়।
অস্ট্রেলিয়া’র সিডনি’তে অবস্থিত ‘ম্যাকুয়ারি ইউনিভার্সিটি’র গবেষক ও ফিজিওথেরাপি বিভাগের অধ্যাপক মার্ক হ্যানকক সিএনএন ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “আমাদের পর্যবেক্ষণমূলক গবেষণায় দেখা গেছে- যারা হাঁটেনি তাদের তুলনায়, যারা নিয়মিত হেঁটেছেন তাদের কোমরের ব্যথার মাত্রা অনেকাংশে কমে গেছে।”
তিনি মন্তব্য করেন, “কম খরচ, সবাই করতে পারে এরকম ব্যায়াম হল হাঁটা।”
দরকার অন্তত ৩০ মিনিট হাঁটা
‘দি লানসেট জার্নাল’য়ে প্রকাশিত গবেষণার জন্য, ৭০১ জন প্রাপ্ত বয়স্ক অস্ট্রেলিয়া নিবাসীদের ওপর পর্যবেক্ষণ চালান গবেষকরা। অংশগ্রহণকারীদের বেশির ভাগই ছিলেন পঞ্চাশের কাছাকাছি বয়সের নারী।
তাদেরকে ছয় মাস ধরে সপ্তাহের পাঁচ দিন ৩০ মিনিট করে হাঁটতে বলা হয়। বয়সের সাথে সামঞ্জস্য রেখে হাঁটার গতি নিয়ন্ত্রণ করার পাশাপাশি জগিং করতেও বলা হয়েছিল।
“তিনমাস পর দেখা গেছে, তারা সপ্তাহের তিন থেকে পাঁচ দিন গড়ে ১৩০ মিনিট হেঁটেছেন” ইমেইল’য়ের মাধ্যমে সিএনএন’কে জানান হ্যানকক।
গবেষণার প্রধান লেখক একই বিশ্ববিদ্যালয়ের পোস্টডক্টরাল ফেলো নাতাশা পোকোভি বলেন, “হাঁটার কার্যক্রমে যুক্ত হওয়াদের মাঝে যেমন কাজে ছুটি নেওয়ার পরিমাণ কমেছে তেমনি চিকিৎসাও কম নেওয়ার প্রয়োজন পড়েছে।”
শরীরে হাঁটার প্রভাব
শুধু কোমরের ব্যথার জন্যই নয় পুরো দেহে উপকারী প্রভাব ফেলে হাঁটার অভ্যাস।
নর্থ ক্যারোলিনা’র ‘উইনস্টম-সালেম স্টেট ইউনিভার্সিটি’র অবসর প্রাপ্ত ফিজিক্যাল থেরাপিস্ট এ.লিন মিলার একই ক্ষেত্রে বলেন, “প্রথম কথা হল বসে থাকা মোটেই দেহের জন্য ভালো ভঙ্গী নয়। তাই যত কম বসে থাকা যায় ততই ভালো। দ্বিতীয়ত- হাঁটার কারণে দেহের স্বাভাবিক কার্যক্রম-সহ রক্ত প্রবাহ, দেহের পেছনের অংশের পেশির উন্নতি ঘটে। হাড়ের জোড়গুলোতে নড়াচড়া পড়ার কারণে ফলে সংযোগ স্থলে তরল নিঃসরণ হয়। ফলে মেরুদণ্ডে উপকারী প্রভাব ফেলে।”
এছাড়া- ক্যালোরি পোড়ায়, বিপাকীয় কার্যক্রম উন্নত করে। দেহের মধ্যভাগ থেকে নিম্নাংশেল ওজন কমার কারণে পিঠ ও পায়ের ওপর চাপ কমায়।
“হাঁটার শুরু করার আগে ভালো জুতা সংগ্রহ করতে হবে। পায়ে ভালো অবলম্বনটা জরুরি। তার শুরুতেই তাড়াহুড়া করা যাবে না। ফলাফল পেতে ধীরে হাঁটার অভ্যাস থেকে পরে দ্রুত গতির দিকে যেতে হবে”- পরামর্শ দেন মিলার।
আর দুয়েক দিন বিশ্রাম নেওয়া, ব্যথা কমে গেলে সাইকেল চালানো বা সাঁতারের মতো শারীরচর্চাগুলো আরও উপকারী ভূমিকা রাখবে।
আরও পড়ুন
