২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কড়াই-খুন্তিরও আছে মেয়াদোত্তীর্ণ তারিখ, বুঝবেন কীভাবে?

নষ্ট বাসন পত্রে রান্না করলে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2026, 05:26 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

রান্নাঘরে প্রতিদিন যে কড়াই, খুন্তি, প্যান বা প্রেশার কুকার ব্যবহার করা হয়, সেগুলোরও যে একটা নির্দিষ্ট ব্যবহারযোগ্য সময়সীমা আছে, তা অনেকেরই অজানা।

ওষুধ বা খাবারের মতো বাসনের গায়ে তো আর মেয়াদোত্তীর্ণ তারিখ লেখা থাকে না। তবে আগুনের তাপ, বারবার ঘষামাজা, প্রতিদিনের ব্যবহার ও আর্দ্রতার সংস্পর্শে বাসন ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়।

গৃহিণী ফারজানা হক বিথী বলেন, “বাসন যতই দামি বা ভালো মানের হোক না কেন, সময়মতো পরীক্ষা না করে ব্যবহার চালিয়ে গেলে স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি হয়। কিছু সহজ লক্ষণ দেখলেই বোঝা যায়—এই বাসন আর ব্যবহার করা উচিত নয়।”

প্রথম লক্ষণ হল ভাঙা কানা বা ঢিলা হ্যান্ডল। প্রতিদিনের ব্যবহার, ধোয়া-মাজা ও তাপের কারণে কড়াই, প্যান বা প্রেশার কুকারের হাতল ঢিলা হয়ে যায়। কখনও বাসনের পাশে চিড় ধরে বা ছোট ছোট টুকরা ভেঙে যায়।

এমন বাসন ব্যবহার করলে হাত পুড়ে যাওয়া বা দুর্ঘটনার ঝুঁকি থাকে। হ্যান্ডল ঢিলা হলে খাবার নাড়াচাড়া করতে অসুবিধা হয় এবং বাসন পড়ে যেতে পারে। তাই এ ধরনের বাসন দেখামাত্র বদলে ফেলা উচিত।

দ্বিতীয় বড় লক্ষণ হল মরিচা ধরা। লোহার বা কার্বন স্টিলের বাসনে আর্দ্রতার সংস্পর্শে মরিচা ধরা খুব স্বাভাবিক। অনেক সময় বাসন লম্বা সময় ব্যবহার না করলেও মরিচা পড়ে যায়।

বাসনের ওপর থাকা সুরক্ষা স্তর নষ্ট হয়ে গেলে মরিচা ধরে। মরিচা ধরা বাসনে রান্না করলে খাবারে ধাতব স্বাদ আসে এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

মরিচা ধরা জায়গা থেকে ধাতব কণা খাবারে মিশে যেতে পারে। তাই মরিচা ধরা বাসন ব্যবহার না করাই ভালো।

নন-স্টিক বাসনের ক্ষেত্রে আঁচড়ের দাগ বা স্তর খসে পড়া সবচেয়ে বড় লক্ষণ। নন-স্টিক প্যানের ওপর টেফলন বা অনুরূপ আবরণ থাকে। দীর্ঘদিন তাপের সংস্পর্শে থাকা, ধাতব খুন্তি ব্যবহার বা অতিরিক্ত ঘষামাজার ফলে এই আবরণ উঠে যায়।

যখন প্যানে আচড়ের দাগ বা কালো দাগ দেখা যায়, তখনই সেটি বদলে ফেলতে হবে। ক্ষতিগ্রস্ত আবরণ গরম হলে ক্ষতিকর রাসায়নিক পদার্থ খাবারে মিশে যেতে পারে, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

তলদেশ অমসৃণ হয়ে যাওয়াও একটি লক্ষণ। অ্যালুমিনিয়াম বা স্টিলের বাসন দীর্ঘদিন ব্যবহারে তলদেশ অমসৃণ বা বাঁকা হয়ে যায়। এতে রান্না করতে সময় বেশি লাগে, গ্যাস বেশি খরচ হয় এবং খাবারের মানও প্রভাবিত হয়।

তলদেশ অমসৃণ হলে তাপ সমানভাবে ছড়ায় না, ফলে খাবার পুড়ে যায় বা কাঁচা থেকে যায়। এ ধরনের বাসন বদলানোই ভালো সিদ্ধান্ত।

সিরামিক বা কাচের বাসনে ফাটল ধরা আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ। কাপ, বাটি, গ্লাস বা সিরামিক কড়াই দীর্ঘদিন ব্যবহারে সূক্ষ্ম চিড় ধরে। এই ফাটলের মধ্যে খাবারের কণা বা ব্যাক্টেরিয়া জমে যায়, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করে।

ফাটল ধরা বাসন ব্যবহার করলে খাবারে ক্ষতিকর উপাদান মিশে যেতে পারে। তাই এই ধরনের বাসন-পত্র দ্রুত বদলে ফেলাই হবে বুদ্ধিমানের কাজ।

রান্নাঘরের বাসনপত্র শুধু রান্নার সুবিধার জন্য নয়, স্বাস্থ্যের সঙ্গেও জড়িত। তাই নিয়মিত পরীক্ষা করে প্রয়োজন হলে বাসন বদলে ফেলুন।

সময়মতো বাসন পরিবর্তন করলে দুর্ঘটনা এড়ানো যায় এবং খাবার নিরাপদ থাকে।

আরও পড়ুন

ননস্টিক পাত্র রান্নার জন্য কতটা নিরাপদ?

সিরামিক পাত্রের যত্ন

‘কার্বন স্টিল’য়ের পাত্র যে কারণে রান্নার জন্য ভালো