২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অনিশ্চয়তার সাথে মানিয়ে নেওয়ার সাত উপায়

জীবনের সব কিছু নিয়ন্ত্রণে রাখা যায় না। তাই যা হওয়ার নয় সেটাই মেনে নিতে হয়।

অনিশ্চয়তার সাথে মানিয়ে নেওয়ার সাত উপায়
ছবি: রয়টার্স।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2025, 04:11 PM

Updated : 26 Aug 2026, 12:00 PM

সামনে কী হবে? সেটা যাই হোক নিয়ন্ত্রণ করা যাবে কি-না?- জীবনের বিভিন্ন পর্যায়ে অনেক সময়েই এরকম অনিশ্চয়তার মুখোমুখি হতে হয়।

আর প্রাকৃতিকভাবে দুশ্চিন্তায় ভোগার জন্য এসব বিষয়গুলো প্রভাবক হিসেবে কাজ করে।

যুক্তরাষ্টভিত্তিক মানসিক সেবাদানকারী প্রতিষ্ঠান টুগেদার সিবিটি’র প্রতিষ্ঠাতা ও মনোবিজ্ঞানী অ্যামেলিয়া অল্ডাও এই বিষয়ে ব্যাখ্যা করেন, “যখন ভবিষ্যৎ সম্পর্কে পর্যাপ্ত তথ্য না থাকে, তখন উদ্বেগ সৃষ্টি হওয়া স্বাভাবিক। উদ্বেগ আমাদের আগাম পরিকল্পনা করতে সহায়তা করে এবং আত্মরক্ষার জন্যও প্রস্তুত রাখে।” 

অনিশ্চয়তা প্রভাব ফেলে, তবে মাত্রা ভিন্ন

প্রত্যেক মানুষই অনিশ্চয়তায় ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখায়।

কানাডা’র ‘কনকর্ডিয়া ইউনিভার্সিটি’র করা গবেষণায় দেখা গেছে, যাদের উদ্বেগের মাত্রা বেশি, তারা অনিশ্চয়তার সাথে খাপ খাওয়াতে তুলনামূলকভাবে বেশি সমস্যায় পড়েন।

অন্যদিকে, যারা কম উদ্বিগ্ন, তারা সহজেই অনিশ্চয়তাকে মেনে নিতে পারেন। কেউ কেউ আবার এই অনিশ্চয়তাকে উপভোগ করেন আর সেখান থেকেও রোমাঞ্চ অনুভব করেন।

অনিশ্চয়তা মোকাবিলার উপায়

সব কিছু সব সময় নিয়ন্ত্রণে থাকবে এমন কোনো কথা নেই। তাই কিছু বিষয় মাথায় রাখা দরকার।

অপ্রয়োজনীয় দুশ্চিন্তা এড়িয়ে চলা: উদ্বেগ দুই ধরনের হতে পারে একটি প্রোডাকটিভ (উৎপাদনশীল) এবং অন্যটি আনপ্রোডাকটিভ (অপ্রয়োজনীয়)।

প্রোডাকটিভ উদ্বেগ জীবনযাত্রার উন্নতি ঘটায়। যেমন- ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া। তবে আনপ্রোডাকটিভ উদ্বেগ কেবলই দুশ্চিন্তা বাড়ায়, যা কোনো সমাধান দেয় না।

মনোযোগী হওয়া ও মননশীলতার চর্চা: মনোযোগী হওয়া মানে বর্তমান মুহূর্তের প্রতি সম্পূর্ণ মনোনিবেশ করা। এটি একটি গুরুত্বপূর্ণ দক্ষতা যা উদ্বেগ কমাতে সাহায্য করে।

অ্যামেলিয়া অল্ডাও পরামর্শ দেন, “প্রতিদিনের কাজের সময় বর্তমান অনুভূতির প্রতি মনোযোগী হওয়া উচিত। এটি মননশীলতার চর্চাও বটে।”

নিয়মিত অভ্যাস ও রুটিন তৈরি: নির্দিষ্ট রুটিন অনুসরণ করলে জীবনে নিয়ন্ত্রণের অনুভূতি বাড়ে। যেমন- নির্দিষ্ট সময়ে ব্যায়াম করা, প্রতিদিন নির্দিষ্ট কাজ করা এবং পরিকল্পিত উপায়ে দিন যাপন করা উদ্বেগ কমাতে সাহায্য করে।

কৃতজ্ঞতার অনুশীলন: অনিশ্চয়তা মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং কৃতজ্ঞতার চর্চা মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে।

জীবনের ছোট ছোট ভালো দিকগুলোর প্রতি মনোযোগ দিলে অনিশ্চয়তা সহজে সামলানো যায়।

হাসি ও আনন্দ খুঁজে নেওয়া: হাসি এবং আনন্দ মানসিক চাপ কমাতে সহায়ক।

অ্যামেলিয়া অল্ডাও বলেন, “কৌতুক, মজার টিভি শো অথবা বন্ধুবান্ধবের সঙ্গে হাস্যরস বর্তমান মুহূর্তে মনোনিবেশ করতে সাহায্য করে। এতে ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে উদ্বেগ কমে যায়।”

অস্থায়ী বিকল্পের ওপর নির্ভর না করা: উদ্বেগ থেকে মুক্তি পেতে অনেকেই অ্যালকোহল, ধূমপান, অতিরিক্ত খাবার গ্রহণের মতো ক্ষতিকর অভ্যাসের দিকে ঝুঁকে পড়েন। তবে এটি শুধু সাময়িক স্বস্তি দেয়, মূল সমস্যার সমাধান করে না।

তাই সুস্থ উপায়ে মানসিক চাপ কমানোর চেষ্টা করতে হবে।

নিয়ন্ত্রণহীন বিষয়গুলো মেনে নেওয়া: জীবনের সবকিছু নিয়ন্ত্রণে থাকে না। তাই অনিশ্চয়তা মোকাবিলার জন্য মনের মধ্যে এটি গেঁথে নেওয়া দরকার যে, সব কিছু নিজের ইচ্ছামতো চলবে না। অতিরিক্ত তথ্য অনুসন্ধান করাও উদ্বেগ বাড়িয়ে তুলতে পারে।

অ্যামেলিয়া অল্ডাও বলেন, "নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয়গুলো মেনে নেওয়া মানসিক শান্তির জন্য অপরিহার্য।”

জীবনের অনিশ্চয়তাকে পুরোপুরি এড়ানো সম্ভব নয়, তবে নিজেদের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা সম্ভব।

উদ্বেগের মাত্রা কমিয়ে কৃতজ্ঞতার চর্চা, হাস্যরস উপভোগ এবং নিয়মিত অভ্যাস তৈরি করে অনিশ্চয়তার সাথে ভালোভাবে মানিয়ে নেওয়া যায়।

অনিশ্চিত পরিস্থিতি মোকাবিলায় সঠিক কৌশল গ্রহণ করলে নিজেদের নিয়ন্ত্রণে রেখে মানসিকভাবেও সুস্থ থাকা যায়।

আরও পড়ুন

সম্পর্কের উদ্বেগ: প্রেমের আনন্দে কেনো বাসা বাঁধে ভয়?

উদ্বেগ ও বিষণ্নতা এক নয়

দুশ্চিন্তা থেকে হাড়ক্ষয়

ব্যক্তিত্বের ওপর কর্মসংস্থানের অনিশ্চয়তার প্রভাব