ঈদে বাড়িতে বা বেড়াতে গিয়ে যা করবেন না
ঈদের ছুটি আনন্দের, তবে সচেতন না থাকলে দুর্ঘটনা বা অসুখে পড়ার সম্ভাবনা থাকে।
ঈদের ছুটি মানেই আনন্দের উৎসব। গ্রামের বাড়িতে ফিরে যাওয়া, নদীর ধারে বসে চা খাওয়া, পাহাড়ি ঝরনায় স্নান, বা সমুদ্র সৈকতে পা ভেজানো— এসবের মধ্যে মন ভরে যায়।
তবে এই আনন্দের মধ্যেই লুকিয়ে থাকে কিছু ঝুঁকি, যা একটু অসতর্কতায় বড় দুর্ঘটনা ডেকে আনতে পারে।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট চিকিৎসক ডা. আফসানা হক নয়ন বলেন, “ঈদের ছুটিতে শিশু-বয়স্কদের দুর্ঘটনা, পানিতে ডুবে যাওয়া, সাপের কামড়, জোঁকের আক্রমণ, খাবারে অসুখ— এসব বেড়ে যায়। সচেতনতা থাকলে এগুলো অনেকাংশে এড়ানো যায়।”
পানিতে অসতর্কতা: শিশুদের একা ছাড়া যাবে না
গ্রামের পুকুর, নদী, ঝরনা বা সমুদ্র সৈকত— এসব জায়গায় শিশুরা উৎসাহে ছুটে বেড়ায়।
শহরে বড় হওয়া শিশুরা পানির গভীরতা বোঝে না। পুকুরের ধারে বা নদীর কিনারায় তাদের একা ছাড়া যাবে না।
সাঁতার জানলেও চোরাবালি, স্রোত বা গভীরতার কারণে বিপদ হতে পারে। সমুদ্রে জোয়ার-ভাটার সময় মেনে চলা জরুরি। লাল পতাকা লাগানো এলাকা এড়িয়ে চলতে হবে।
পানিতে নামার আগে আশপাশে কারও থাকা চাই। গভীরে যাওয়া যাবে না।
জোঁকের ভয় থাকলে আঁটসাঁট সুইমিং স্যুট বা লম্বা পোশাক পরা উপকারী।
ঝিরিপথ, ঝোপঝাড় ও প্রাণীদের উত্ত্যক্ত করবেন না
পাহাড়ি ঝরনা দেখতে ঝিরিপথ ধরে হাঁটতে গেলে সাপ, বিষাক্ত পোকা বা জোঁকের ভয় থাকে। সাবধানে চলুন।
বানর, কুকুর বা অন্য প্রাণীদের খাবার দিয়ে বা পাথর ছুড়ে উত্ত্যক্ত করা যাকে না— খেপে গিয়ে কামড়াতে পারে।
মৌচাক দেখলে দূর থেকে এড়িয়ে চলুন। জোঁক লাগলে লবণ, শ্যাম্পু বা আগুন দিয়ে ছাড়াতে যাওয়া ঠিক না- সংক্রমণের ঝুঁকি বাড়ে।
জোঁক ছাড়ানোর পর ক্ষতস্থান সাবান-পানি দিয়ে ধুয়ে অ্যান্টিসেপটিক লাগাতে হবে। রক্তপাত হলে চেপে ধরে হৃৎপিণ্ডের উচ্চতায় রাখুন। পিচ্ছিল পথে স্লিপার না পরে ভালো জুতো পরতে হবে।
আগুনের উৎস: ফানুস ও ক্যাম্পফায়ারে সতর্কতা
গ্রামের বাড়িতে মাটির চুলায় রান্না হলে চুলা ব্যবহারের পর পুরোপুরি নিভিয়ে দিতে হবে। ক্যাম্পফায়ার বা বারবিকিউ করলে আগুনের চারপাশে পানি বা বালু রাখতে হবে, যাতে কোনো দুর্ঘটনায় ব্যবহার করা যায়।
শুকনা পাতা-ডালের কাছে আগুন জ্বালানো যাবে না। আকাশে ফানুস ওড়ানো এড়াতে হবে। এতে বিদ্যুতের তারে আগুন লাগতে পারে বা আগুনের ঝুঁকি বাড়ে।
খাবার ও পানির বিষয়ে অসতর্কতা
ঈদের ছুটিতে রাস্তার খাবার, অপরিচ্ছন্ন দোকানের খাবার এড়িয়ে চলাই হবে বুদ্ধিমানের কাজ।
খাবার আগে হাত ধুয়ে নিতে হবে। পানির বোতল নিজের কাছে উচিৎ।
প্রস্রাব চেপে রাখা যাবে না— বিশেষ করে নারীরা। এতে ‘ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের’ ঝুঁকি বাড়ে।
শৌচকর্মের আগে-পরে হাত ধোয়া বা স্যানিটাইজার ব্যবহার করা জরুরি। খাবারে মাছি বসতে দেবেন না।
মশা-মাছি থেকে সুরক্ষা
গ্রামে বা পাহাড়ে মশার উপদ্রব বেশি। রাতে মশারি ব্যবহার করার চেষ্টা করতে হবে।
ফুলহাতা জামা, ফুলপ্যান্ট পরা উপকারী। তিন বছরের বেশি বয়সিদের ‘মস্কিটো রিপেল্যান্ট’ লাগানো উপকারী, তবে হাত-মুখে নয়। শিশুদের মশারি দিয়ে ঢেকে রাখুন।
ডা. নয়ন বলেন, “শিশুদের পানিতে একা না ছাড়া, প্রাণীদের উত্ত্যক্ত না করা, খাবার-পানির স্বাস্থ্যবিধি মেনে চলা, আগুনের সতর্কতা—এসব ছোট কাজই বড় বিপদ থেকে বাঁচায়।”
ঈদের আনন্দ যেন নিরাপদ ও সুস্থ থাকে— এই সচেতনতা নিয়ে বাড়ি বা বেড়াতে যাওয়াই হবে বুদ্ধিমানে কাজ।
আরও পড়ুন
