আবেগসম্পৃক্ত জিনিস খারাপ লাগা ছাড়াই যেভাবে ফেলে দিতে হয়
স্মৃতির ভারে জর্জরিত জিনিস ফেলতে খারাপ লাগে। তবে কোনো কোনো সময় ফেলে দিতে হয়।
ঘর গোছাতে গিয়ে বা নতুন কোথাও উঠতে হলে অনেকেরই সবচেয়ে বড় সমস্যা হয় স্মৃতিবাহী জিনিসপত্র ফেলে দেওয়া।
পুরানো জামাকাপড়, শৈশবের ট্রফি, প্রাক্তনের উপহার— এসব জিনিস থেকে আলাদা হতে গিয়ে মনে হয় যেন এক টুকরো স্মৃতি ফেলে দেওয়া হচ্ছে।
অথচ এই জিনিসগুলোই ঘরে অযথা জটলা তৈরি করে। বিশেষজ্ঞরা বলছেন, স্মৃতি ধরে রাখতে বস্তু নয়, আবেগই যথেষ্ট।
যুক্তি দিয়ে এগোলে অপরাধবোধ ছাড়াই স্মৃতিবাহী জিনিস গুছিয়ে ফেলা সম্ভব।
মার্কিন সংগঠক ও বিশেষজ্ঞ বেথ ব্ল্যাকার এবং যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবহন প্রতিষ্ঠান ‘অ্যাটলাস ভ্যান লাইনস’-এর ব্যবসা উন্নয়ন বিভাগের সহ-সভাপতি লরেন পিয়েকোস এ বিষয়ে কার্যকর কিছু পরামর্শ দিয়েছেন।
একসঙ্গে সব নয়, ধাপে ধাপে শুরু
ঘর গোছানো নিজেই কষ্টকর কাজ, তার সঙ্গে স্মৃতির টান মিশে গেলে তা আরও কঠিন হয়। তাই একসঙ্গে সবকিছু না করে একেকটি ছোট জায়গা থেকে শুরু করাই বুদ্ধিমানের কাজ।
বেথ ব্ল্যাকার রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “সবসময় একটি আলমারি, একটি ড্রয়ার বা একটি কেবিনেট দিয়ে শুরু করতে হবে। সব একসঙ্গে ধরলে চাপ বাড়বে, আগ্রহও কমে যাবে।”
তিনি আরও বলেন, “আসলে জিনিস ছাড়তে কষ্ট হয় না, কষ্ট হয় তার সঙ্গে জড়িয়ে থাকা আবেগ ছাড়তে। মনে রাখবেন, স্মৃতি নয়, কেবল বস্তুটা ছেড়ে দিতে বলা হচ্ছে।”
সময় নিন, তবে একটি সময়সীমা ঠিক করা
অন্য কাজের মতো এটিও দ্রুত শেষ করার দরকার নেই। ধীরে ধীরে এগোন। তবে নিজের জন্য একটি সময়সীমা ঠিক করতে হবে। এতে গতি হারাবেন না এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা গুছিয়ে নিতে পারবেন।
এক বছরের নিয়ম
কোনো জিনিস রাখবেন নাকি ছাড়বেন— তা বোঝার সহজ উপায় হল এক বছরের নিয়ম।
লরেন পিয়েকোস বলেন, “নিজেকে প্রশ্ন করুন— জিনিসটি আমি কতবার ব্যবহার করেছি, দেখেছি বা ধরেছি? যদি এক বছরের বেশি সময় ধরে এটি কোথাও গুছিয়ে রাখা থাকে, তাহলে সেটি ছেড়ে দেওয়ার সময় এসেছে।”
তিন বাক্স পদ্ধতি
বাছাই করার সবচেয়ে কার্যকর উপায় হল তিনটি বাক্স ব্যবহার করা।
১. রাখব
২. দান/বিক্রি করব
৩. এখনই সিদ্ধান্ত নিতে পারছি না
‘রাখব’ বাক্সে রাখতে হবে কেবল প্রয়োজনীয় বা বিশেষ অর্থবহ জিনিস। ‘দান/বিক্রি করব’ বাক্সে যাবে অব্যবহৃত বা অতিরিক্ত জিনিস।
আর ‘সিদ্ধান্ত হয়নি’ বাক্সের রাখা জিনিস পরে আবার বাছতে হবে।
ব্ল্যাকার বলেন, “যদি কোনো জিনিস শুধু জায়গা দখল করে রাখে অথচ ব্যবহার হয় না, তাহলে সেটি রাখা অর্থহীন। বরং এমন জিনিস রাখুন যেগুলো কার্যকর।”
মূল্য ও গুরুত্ব যাচাই
সব স্মৃতিবাহী জিনিস সমান নয়। কিছু উত্তরাধিকার সূত্রে পাওয়া জিনিস পরিবারের ইতিহাসের অংশ হতে পারে, আবার কিছু হয়ত কেবল সাধারণ উপহার।
পিয়েকোস বলেন, “যদি কোনো জিনিস প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা হয় বা পরিবারের ইতিহাসে বিশেষ জায়গা থাকে, তবে সেটি রাখা যায়। তবে যদি তা না হয়, তবে সেটি কেবল জায়গা দখল করছে।”
তিনি পরামর্শ দেন, “এসব জিনিসের অর্থনৈতিক মূল্যও যাচাই করতে। প্রয়োজনে পুরানো জিনিসের দোকান বা অভিজ্ঞ কারও মতামত নেওয়া যায়।”
স্মৃতি রাখুন অন্যভাবে
সব জিনিস না রেখেও স্মৃতি ধরে রাখা যায়।
বেথ ব্ল্যাকার বলেন, “চাইলে জিনিসটির ছবি তুলে একটি স্মৃতির অ্যালবাম বানাতে পারেন। প্রতিটি ছবির সঙ্গে লিখে রাখুন সেটির মানে কী ছিল।”
এছাড়া অকার্যকর জিনিসকে নতুনভাবে ব্যবহারযোগ্য করে তোলারও সুযোগ আছে। পুরানো কাপড় থেকে নতুন সাজপোশাক বানানো, পুরানো কাঠের ফ্রেম দিয়ে অন্য কিছু তৈরি করা— এসব উপায় স্মৃতিকে জীবিত রাখবে।
নিজের প্রতি সদয় থাকা
জিনিস ছাড়তে গিয়ে খারাপ লাগা, দুঃখ বা অপরাধবোধ হওয়া স্বাভাবিক।
ব্ল্যাকার বলেন, “নিজেকে সময় দিন। যে জিনিস ছাড়ছেন, তার সঙ্গে স্মৃতিচারণ করুন। ভাবুন, হয়ত অন্য কেউ এটি পেয়ে আরও উপকৃত হবে।”
তিনি আরও যোগ করেন, “কাঁদতে পারেন, কষ্ট পেতেও পারেন। তবে এটাও বিশ্বাস করুন— নিজের জীবন ফেলে দিচ্ছেন না, কেবল মানসিক ও শারীরিক বোঝা কমাচ্ছেন।”
সহায়তা নেওয়া
সবসময় একা করতে হবে এমন নয়। পরিবারের কারও সঙ্গে মিলে করলে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। বিশেষ করে উত্তরাধিকারসূত্রে পাওয়া জিনিস বণ্টনের ক্ষেত্রে সবাই মিলে ঠিক করাই ভালো।
আরও পড়ুন
