যখন টাকা আবিষ্কার হয়নি তখন হাত চুলকালে কী আসতো?
হাত চুলকালে টাকা আসে, এই কুসংস্কারের রয়েছে প্রাচীন ইতিহাস।
ডান হাত চুলকালে টাকা আসে, আর বাঁ হাত চুলকালে টাকা চলে যায়— শুধু দেশেই নয়, বিশ্বের বহু সমাজ ও সংস্কৃতিতে এই লোকগাথা বা কুসংস্কারটি প্রচলিত।
লটারি জেতা থেকে শুরু করে আচমকা পাওনা টাকা ফেরত পাওয়ার আশায় অনেকেই হাত চুলকানোকে এক ধরনের অলৌকিক সৌভাগ্যের লক্ষণ বলে মনে করেন।
তবে প্রশ্ন জাগে— এই অদ্ভুত ধারণার সূত্রপাত কবে থেকে হয়েছিল? যখন পৃথিবীতে কাগজের টাকা বা ধাতব মুদ্রার জন্মই হয়নি, তখন হাত চুলকালে মানুষ কী ভাবতো? আর আধুনিক চিকিৎসাবিজ্ঞানের গবেষণাই বা এই বিষয়ে কী বলে?
এর পেছনের হাজার বছরের প্রাচীন ইতিহাস যেমন আছে, তেমনি রয়েছে মনস্তাত্ত্বিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা।
এই কুসংস্কারের প্রাচীন উৎস ও ইতিহাস
ইতিহাসবিদ এবং লোকগাথা গবেষকদের মতে, হাত চুলকানোর সঙ্গে টাকা বা ধন-সম্পদের এই সম্পর্কের ইতিহাস প্রায় কয়েক হাজার বছর পুরানো।
রোমান ও গ্রিক সভ্যতা: আমেরিকার কলোরাডো বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ইতিহাস ও লোকগাথা বিভাগের অধ্যাপক ডা. লরেন ডানডেস, তার ঐতিহাসিক গবেষণাপত্রে দেখিয়েছেন, প্রাচীন রোমান এবং গ্রিক সভ্যতায় প্রথম এই ধারণার জন্ম হয়। তবে সেই যুগে বর্তমানের মতো কাগজের টাকা বা আধুনিক মুদ্রা ব্যবস্থা চালু ছিল না।
টাকা আবিষ্কারের আগে মানুষের ধারণা: যখন পৃথিবীতে মুদ্রা বা টাকা আবিষ্কার হয়নি, তখন মানুষ প্রধানত পণ্য বিনিময় প্রথা বা ‘বার্টার সিস্টেম’-এর ওপর নির্ভর করতো। ইতিহাসবিদদের মতে, সেই প্রাচীন আমলে ডান হাত চুলকালে মানুষ মনে করতো খুব শিগগিরিই তাদের খামারে প্রচুর ফসল আসবে, শিকারী ভালো কোনো পশু শিকার করতে পারবে কিংবা দূর দেশ থেকে কোনো মূল্যবান ধাতু বা রত্ন উপহার হিসেবে পাওয়া যাবে।
অর্থাৎ, হাত চুলকানোকে ‘প্রাপ্তি বা আগমনের’ প্রতীক মনে করা হত।
শেকসপিয়রের নাটকে ‘ইচি পাম’ বা চুলকানো হাতের উল্লেখ
মধ্যযুগে এসে এই কুসংস্কার, ইংল্যান্ড ও ইউরোপের সংস্কৃতিতে আরও বেশি দীর্ঘস্থায়ী রূপ নেয়।
সাহিত্যিক ও নাট্যকার উইলিয়াম শেকসপিয়র, তার বিশ্বখ্যাত ঐতিহাসিক নাটক ‘জুলিয়াস সিজার’-এর চতুর্থ অঙ্কের প্রথম দৃশ্যে এই লোকগাথার সরাসরি উল্লেখ করেছেন।
নাটকের একটি সংলাপে ব্রুটাস ক্যাসিয়াসকে উদ্দেশ্য করে বলেন, ‘তোমার হাত চুলকানোর এক তীব্র বাতিক বা রোগ রয়েছে।’
মধ্যযুগীয় ইংরেজ সমাজে ‘ইচি পাম’ বা চুলকানো হাত বলতে মূলত অতি লোভী বা ঘুষখোর মানুষদের বোঝানো হতো, যারা সব সময় টাকা নেওয়ার জন্য হাত বাড়িয়ে রাখতো।
ইউরোপীয় লোকগাথা সাময়িকী ‘ফোকলোর’-এর গবেষণায় দেখা গেছে, পরে ইউরোপের যাযাবর ‘জিপসি’ সম্প্রদায়ের মাধ্যমে এই ধারণা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। তারা মানুষের হাত চুলকানো দেখে ভাগ্য গণনা করতো এবং দাবি করতো ডান হাত চুলকালে ধন-সম্পদ বৃদ্ধি পাবে।
তবে সুরক্ষার জন্য সেই হাতটি কোনো কাঠের টুকরোয় ঘষতে হবে।
চিকিৎসাবিজ্ঞানের আলোয় হাত চুলকানোর আসল সত্য
আধুনিক চিকিৎসাবিজ্ঞান এবং চর্মরোগ বিশেষজ্ঞরা এই অলৌকিক ধারণাকে সম্পূর্ণ অবৈজ্ঞানিক ও মনগড়া বলে প্রত্যাখ্যান করেছেন।
চর্মরোগ নিয়ে করা বিভিন্ন গবেষণা অনুযায়ী, হাতের তালু চুলকানোর পেছনে কোনো সৌভাগ্য বা টাকা আসার জাদু নেই। বরং এটি শরীরের স্নায়বিক ও চর্মরোগের একটি সুনির্দিষ্ট শারীরিক লক্ষণ।
‘মেডিকেল নিউজ টুডে’তে প্রকাশিত প্রতিবেদনে, আমেরিকান অ্যাকাডেমি অফ ডার্মাটোলজি (এএডি)-র চর্মরোগ বিশেষজ্ঞ ডা. লিন্ডসে জোন্স হাতের তালু চুলকানোর ৪টি প্রধান বৈজ্ঞানিক কারণ উল্লেখ করেন।
কন্টাক্ট ডার্মাটাইটিস: কোনো কড়া ক্ষারযুক্ত সাবান, ডিটারজেন্ট, হ্যান্ড স্যানিটাইজার কিংবা ধাতব উপাদানের স্পর্শে এলে হাতের সংবেদনশীল ত্বকে তীব্র অ্যালার্জি কারণে চুলকানি শুরু হতে পারে।
ত্বকের শুষ্কতা: আর্দ্রতা কমে যাওয়া কিংবা সারাদিন হাত অতিরিক্ত ধোয়ার ফলে চামড়ার প্রাকৃতিক সুরক্ষা স্তর নষ্ট হয়ে গেলে হাতের তালু চুলকায়।
স্নায়ুর সমস্যা ও কার্পাল টানেল সিন্ড্রোম: হাতের কব্জির ভেতরের প্রধান স্নায়ু বা নার্ভ যখন অতিরিক্ত কাজের চাপে সংকুচিত হয়ে পড়ে, তখন হাতের তালুতে এক ধরনের অবশ ভাব এবং তীব্র সুঁই ফোটার মতো চুলকানি অনুভূত হয়।
একজিমা বা সোরিয়াসিস: হাতের তালুতে ছোট ছোট পুঁজ বা পানিপূর্ণ ‘পমফোলিক্স একজিমা’ হলে, প্রচণ্ড চুলকানির সৃষ্টি করে। এর সঙ্গে টাকার কোনো নিকট বা দূরতম সম্পর্কও নেই।
সমাজবিজ্ঞানীদের কথা
যুক্তরাজ্যের হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক এবং আচরণগত বিজ্ঞানী ডা. রিচার্ড ওয়াইজম্যান মানুষের কুসংস্কার, অবচেতন বিশ্বাস এবং ভাগ্য নিয়ে যে দীর্ঘমেয়াদী গবেষণা করেন।
‘দ্য লাক ফ্যাক্টর’ নামের সেই গবেষণাটি যু্ক্তরাজ্যের ‘দ্য স্কেপটিক’-এ প্রকাশিত হয়। যেখানে তিনি উল্লেখ করেন, ‘এই ধরনের কুসংস্কার মূলত মানুষের ‘কনফার্মেশন বায়েস’ বা অবচেতন বিশ্বাসের কারণে টিকে থাকে।’
এই গবেষণার ভিত্তিতে তিনি ‘দ্য লাক ফ্যাক্টর: দ্য ফোর এসেনশিয়াল প্রিন্সিপলস’ বইটি প্রকাশ করেন।
তার কথায়, “যখন কোনো মানুষের কাকতালীয়ভাবে হাত চুলকানোর পর কিছু টাকা প্রাপ্তি ঘটে, তখন মস্তিস্ক সেই ঘটনাটি মনে রাখে; তবে হাত চুলকানোর পরও যখন বেশির ভাগ সময় কিছুই ঘটে না, মস্তিস্ক সেই ব্যর্থতাগুলো ভুলে যায়।”
তাই হাত চুলকানোকে অলৌকিক কোনো সংকেত না ভেবে, এটিকে ত্বকের একটি সাধারণ সমস্যা হিসেবে দেখা এবং তীব্র চুলকানিতে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ।
আরও পড়ুন
