২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরক্তিকর আলাপচারিতাও যেভাবে মানসিক ও শারীরিক স্বাস্থ্য ভালো রাখে

অতি সাধারণ বা বিরক্তিকর কথোপকথনও মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষা করতে পারে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2026, 06:36 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

অফিসের লবিতে সহকর্মীর সঙ্গে দেখা হলে এড়িয়ে যাওয়া, লিফটের ভেতর চেনা কারও সঙ্গে হালকা কথা বা ‘স্মল টক’ এড়াতে ফোনের স্ক্রিনে বুঁদ হয়ে থাকা— আজকের ব্যস্ত নাগরিক জীবনে অনেকেরই এক নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে।

অনেকেই ভাবেন, আবহাওয়া, যানজট কিংবা প্রতিদিনের রুটিনের মতো বিরক্তিকর বিষয় নিয়ে কথা বলা শুধুই সময়ের অপচয়।

তবে চিকিৎসাবিজ্ঞান এবং মনস্তত্ত্বের গবেষণা বলছে সম্পূর্ণ উল্টো কথা।

গবেষকদের মতে, এই তথাকথিত ‘বিরক্তিকর’ বা অলস আড্ডাগুলো মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য এক জাদুকরী ওষুধের মতো কাজ করে।

গবেষণায় যা দেখা গেছে

‘জার্নাল অফ পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি’-তে এই বিষয়ে প্রকাশিত গবেষণা প্রকাশিত হয়েছে।

আমেরিকার মিশিগান বিশ্ববিদ্যালয়ের ডক্টরাল গবেষক এবং এই গবেষণার প্রধান লেখক এলিজাবেথ ট্রিন সেল্ফ ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “প্রায় ১,৮০০ জন অংশগ্রহণকারীর ওপর মোট ৯টি ভিন্ন ভিন্ন পরীক্ষা চালিয়ে এই ডেটা সংগ্রহ করা হয়েছে।”

গবেষণায় অংশগ্রহণকারীদের আগে থেকে বলা হয়েছিল এমন কিছু বিষয় নিয়ে কথা বলতে, যা সাধারণত মানুষ ভীষণ একঘেয়ে বা বিরক্তিকর মনে করে। যেমন: পেঁয়াজ, গণিত, শেয়ার বাজার, বিড়াল, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা ভেগান ডায়েট।

আশ্চর্যের বিষয় হল, আড্ডার আগে সবাই এটিকে চরম বিরক্তিকর মনে করলেও, কথা বলা শেষ হওয়ার পর তারা জানান যে, আড্ডাটি তাদের ধারণার চেয়েও বহুণ বেশি উপভোগ্য ও আকর্ষণীয় ছিল।

বিষয়ের চেয়ে ‘যোগাযোগ’ বেশি গুরুত্বপূর্ণ

এলিজাবেথ ট্রিন ব্যাখ্যা করেন, “মানুষ মনে করে একটি আড্ডাকে আকর্ষণীয় করতে খুব চমৎকার বা গভীর কোনো বিষয়ের প্রয়োজন হয়। তবে বাস্তব সত্য হল, আড্ডার বিষয়ের চেয়েও বড় হল একে অপরের সঙ্গে যুক্ত হওয়া।”

“যেমন— অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা, সাড়া দেওয়া এবং তার জীবনের ছোটখাটো তথ্য আবিষ্কার করা। পেঁয়াজের মতো একটি অতি সাধারণ বিষয়ও মানুষের সঙ্গে একটি দৃঢ় মানসিক মেলবন্ধন তৈরি করতে পারে”, বলেন এই গবেষক।

ওহাইও স্টেট ইউনিভার্সিটি ওয়েক্সনার মেডিকেল সেন্টারের মনোবিদ ও মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. নিকোলাস অ্যালান একই প্রতিবেদনে বলেন, “এই ছোট ছোট মুহূর্তগুলো দেখতে খুব সামান্য মনে হলেও, আমাদের সামগ্রিক সুস্বাস্থ্যের জন্য এগুলো মোটেও সাধারণ নয়।”

বিশেষজ্ঞদের মতে, এই অলস আড্ডাগুলো শরীরে ও মনে ৩টি বড় ইতিবাচক পরিবর্তন আনে:

একাকিত্ব দূর করে এবং নিরাপদ বোধ করায়

ডা. নিকোলাস অ্যালান জানান, “একাকিত্ব কেবল মানুষের একা থাকার নাম নয়, বরং চারপাশের মানুষের সঙ্গে অর্থপূর্ণ যোগাযোগের অভাবের নাম। সহকর্মীর সঙ্গে কফি মেশিনের পাশে দাঁড়িয়ে কিংবা লিফটে প্রতিবেশীর সঙ্গে ২ মিনিট সাধারণ আড্ডা দিলে মানুষের অবচেতন মন এক ধরনের ‘সামাজিক নিরাপত্তা’ ও স্বস্তি খুঁজে পায়, যা মানুষকে একাকিত্বের হাত থেকে রক্ষা করে।”

শারীরিক রোগের ঝুঁকি কমায়

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, দীর্ঘস্থায়ী একাকিত্বে ভুগলে বা সামাজিক বিচ্ছিন্নতা মানুষের শরীরে নেতিবাচক প্রভাব ফেলে। এটি হৃদরোগ, স্ট্রোক, টাইপ-২ ডায়াবেটিস, তীব্র বিষণ্ণতা, উদ্বেগ এবং ডিমেনশা বা স্মৃতিভ্রমের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।”

ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের মনোরোগ বিশেষজ্ঞ ডা. অ্যারন পি. ব্রিনেন বলেন, “যখন আমরা সাধারণ আড্ডার মাধ্যমে মানুষের সঙ্গে যুক্ত হই, তখন তা প্রাকৃতিকভাবেই আমাদের এই শারীরিক ও মানসিক রোগের ঝুঁকিগুলো কমিয়ে আনে।”

মস্তিষ্কের কার্যক্ষমতা ও শেখার ক্ষমতা বাড়ায়

নিউইয়র্ক ইউনিভার্সিটি ল্যাঙ্গোন হেলথের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডা. থিয়া গ্যালাগার বলেন, “অনেকেই ভাবেন অচেনা কারও সঙ্গে কথা বলা অস্বস্তিকর হতে পারে। তবে প্রতিদিন যেখানেই যাওয়া হোক না কেন, সবার সঙ্গে ছোট ছোট কথা বলার অভ্যাস মানুষকে একজন ‘আজীবন শিক্ষার্থী’ হিসেবে গড়ে তোলে, যা মস্তিষ্কের নিউরনগুলোকে সচল ও তরুণ রাখতে সাহায্য করে।”

বিশেষজ্ঞের পরামর্শ

ডা. নিকোলাস অ্যালান সতর্ক করে বলেন, “সব সামাজিক যোগাযোগই যে উপকারী তা নয়; যে আড্ডাগুলোতে পারস্পরিক শ্রদ্ধা, সমান অংশগ্রহণ এবং মানসিক নিরাপত্তা থাকে, কেবল সেগুলোই স্বাস্থ্যের উন্নতি ঘটায়।”

তাই কোনো আড্ডাকে আগেই ‘বোরিং’ বা বিরক্তিকর ভেবে এড়িয়ে না গিয়ে, একটি উন্মুক্ত মন নিয়ে মানুষের সঙ্গে কথা বলা উচিত। এই ছোট ছোট অভ্যাসগুলোই দিনশেষে মানুষের দীর্ঘায়ু ও সুখী জীবনের মূল চাবিকাঠি হয়ে ওঠে।

আরও পড়ুন

অন্ধকারে ঘুম যে কারণে শরীরের জন্য ভালো

যে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের তৈরি নিয়ম মানা উচিত

ছোট পরিকল্পনাও বাড়াতে পারে সুখ